ভর্তুকি দিয়ে বাজারদর নিয়ন্ত্রণের পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার-পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি বলেছে, প্রয়োজনে সরকারকে ভর্তুকি দিয়ে হলেও বাজার নিয়ন্ত্রণে রাখতে হবে।সভায় উপস্থিত বাণিজ্যমন্ত্রী ফারুক খান সাংসদদের সমালোচনার মধ্যে পড়েন। এ সময় সাংসদেরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিরসনে সরকারের উদ্যোগের কথা জানতে চান।গতকাল মঙ্গলবার সংসদ ভবনে বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় এ নিয়ে আলোচনা করা হয়। কমিটির সভাপতি এ বি এম আবুল কাশেমের সভাপতিত্বে সভায় বাণিজ্যমন্ত্রী ফারুক খান, বেগম তহুরা আলী, আবুল কাশেম, শেখ আফিল উদ্দিন, বেগম রুমানা মাহমুদ, বাণিজ্যসচিব গোলাম হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) শক্তিশালী করতে এক হাজার কোটি টাকা বিশেষ বরাদ্দ দেওয়ার সুপারিশ করা হয়। এ টাকা নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর ভর্তুকির কাজে রাখার পরামর্শ দেওয়া হয়।বৈঠক শেষে এ বি এম আবুল কাশেম সাংবাদিকদের বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ে সংসদীয় কমিটি উদ্বিগ্ন। সাংসদেরা বলেছেন, অন্য দেশে কী হচ্ছে না হচ্ছে, তা সাধারণ মানুষ বোঝে না। তারা মূল্য কম দেখতে চায়। তাই প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও বাজারদর জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে। এ ব্যাপারে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে সংসদীয় কমিটির পক্ষ থেকে।আবুল কাশেম বলেন, সভায় মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বাজার স্থিতিশীল রাখতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। ইতিমধ্যে এ খাতে ৪৯ কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে।কমিটির সভাপতি বলেন, সরকারের এত সব উদ্যোগের পরও কিছু অসাধু ব্যবসায়ীর কারণে বাজারে দাম বেড়ে যাচ্ছে বলে সভায় জানানো হয়। কমিটি এসব অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। তবে শুধু আইন দিয়ে বাজারদর কমানো যাবে না, এর জন্য সচেতনতাও দরকার।আবুল কাশেম আরও বলেন, টিসিবিকে শক্তিশালী করতে এক হাজার কোটি টাকা বিশেষ বরাদ্দ দেওয়ার জন্য সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে। খাদ্য অধিদপ্তরের গুদামও প্রয়োজনে টিসিবির মজুদের কাজে ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।সভায় কমিটির সদস্য টিপু মুন্সীকে প্রধান করে পাঁচ সদস্যের একটি উপকমিটি করা হয়েছে। এ কমিটি টিসিবির বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে এগুলোর কার্যক্ষমতা যাচাই করবে। সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাজ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রয়োজনীয় জনবলের কারণে এই অধিদপ্তর কাজ করতে পারছে না বলে জানানো হয়। বাণিজ্যসচিব এ সময় জানান, এই অধিদপ্তরের জন্য সরকার ২৩৫ জন লোকবলের অনুমোদন দিয়েছে। এর মধ্যে ১০১ জনই কর্মকর্তা। এ ব্যাপারে প্রয়োজনীয় কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। তিনি আরও জানান, এ পর্যন্ত দেশের ১৫টি জেলায় ভোক্তা অধিকার কমিটি গঠন করা হয়েছে। বাকিগুলো এ মাসেই করা হবে। অধিদপ্তরের জেলা পর্যায়ের কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হবে বলেও জানান তিনি।