জ্বালানি তেল আমদানিতে চলতি ২০১১-১২ অর্থবছরে সরকারের প্রায় ৪৪ হাজার কোটি টাকা (৬১৭ কোটি মার্কিন ডলার) ব্যয় হবে। ভর্তুকি ছাড়িয়ে যাবে ১০ হাজার কোটি টাকা। বিদ্যুৎ উৎপাদনে তেলের ব্যবহার বৃদ্ধি এর কারণ।সংশ্লিষ্ট সরকারি সূত্র জানায়, গত ১০ বছরের মধ্যে নয় বছরে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সাকল্যে লোকসান দিয়েছে ২৯ হাজার ৬৩৭ কোটি টাকা। সে হিসাবে এ বছরের লোকসান ১০ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেলে জাতীয় অর্থনীতিতে তা বিরূপ প্রভাব ফেলতে পারে।এ বছর দেশে মোট ৭০ লাখ ৩০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করতে হবে। গত বছর আমদানি করতে হয়েছিল ৫৪ লাখ টন। গত বছর এই খাতে সরকারের ব্যয় হয়েছিল ২১ হাজার কোটি টাকা (তিন বিলিয়ন ডলার)। জ্বালানি তেল আমদানিতে এ বছরের প্রাক্কলিত ব্যয় গত বছরের তুলনায় দ্বিগুণের বেশি। মূলত ডিজেল ও ফার্নেস তেলচালিত বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্যই জ্বালানি তেল আমদানির পরিমাণ ও ব্যয় এতটা বাড়ছে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে চলতি বছরের শেষ পর্যন্ত প্রায় ৩০টি বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হয়েছে জ্বালানি তেলভিত্তিক।তবে দেশে চাহিদার তুলনায় দৈনিক অন্তত ৫০ কোটি ঘনফুট গ্যাসের ঘাটতি থাকায় অন্যান্য শিল্প, পরিবহন, সেচ, আবাসিক ভবনে জেনারেটর চালানো প্রভৃতি খাতেও জ্বালানি তেলের ব্যবহার বেড়েছে।তবে তেল আমদানির পরিমাণ বৃদ্ধিই ব্যয় বৃদ্ধির একমাত্র কারণ নয়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং যে দামে জ্বালানি তেল কেনা হয়, তার চেয়ে কম দামে বিক্রি করাও এর অন্যতম কারণ বলে জানা গেছে।জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার অত্যন্ত অস্থিতিশীল। ২০০৮ সালের ডিসেম্বর মাসে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ছিল ৩৪ ডলার। মাঝখানে তা ১২০ ডলারও হয়েছিল। বর্তমানে তা ৯৭ ডলার। তেলসমৃদ্ধ মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কয়েকটি দেশে রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি তেলের বাজারে বর্তমান অস্থিতিশীলতার কারণ। ভর্তুকির ওপর ভর্তুকি: সরকারি ও বেসরকারি সূত্রগুলো জানায়, সরকার জ্বালানি তেলে এক দফা ভর্তুকি দিচ্ছে। আবার ওই তেল ব্যবহার করে উৎপাদিত বিদ্যুতে আরেক দফা ভর্তুকি দিচ্ছে। এত দিন তেলচালিত বিদ্যুৎকেন্দ্র একেবারেই কম থাকায় বিষয়টি তেমন গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি। তবে এখন সে পরিস্থিতি নেই। বিদ্যুৎ উৎপাদনকে সরকার একক জ্বালানি (গ্যাস) নির্ভরতা থেকে মিশ্র জ্বালানিনির্ভর করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু কয়লা কিংবা সৌর, বায়ু প্রভৃতি নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে তেমন কোনো অগ্রগতি এখন পর্যন্ত হয়নি। তাই তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণকেই আপাতত এগিয়ে নেওয়া হচ্ছে। জ্বালানি তেলের আমদানি ও ব্যবহার বৃদ্ধির কারণে এই খাতে ব্যয়ও বাড়ছে। সংশ্লিষ্ট সরকারি সূত্র জানায়, জ্বালানি তেলের ব্যবহার ও দাম বাড়ার কারণে এ খাতে সরকারের ভর্তুকিও বাড়াতে হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বাড়লে ভর্তুকির পরিমাণও আরও বাড়াতে হবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে আগের বছরের তুলনায় গত বছর ভর্তুকি বেড়েছিল ২৮০ শতাংশ। এ বছর তা ৪০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে সরকারি সূত্র জানায়।১১ বছরে এক বছর মুনাফা: জ্বালানি তেল আমদানি ও বিপণনের ক্ষেত্রে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সাধারণত লোকসানই দিয়ে থাকে। বিপিসির এই লোকসান সরকারি ভর্তুকি দিয়ে পোষানো হয়। সরকারি এক হিসাবে দেখা যায়, বিপিসি চলতি অর্থবছরসহ ১১ বছরের মধ্যে মাত্র এক বছর (২০০৮-০৯) জ্বালানি তেল আমদানি ও বিপণনে মুনাফা করেছে। ওই বছর প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম ৩০ মার্কিন ডলার পর্যন্ত নেমেছিল। বিপিসির মুনাফা হয়েছিল ৩২২ কোটি টাকা।পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে বিপিসির চেয়ারম্যান মোক্তাদির আলী প্রথম আলোকে বলেন, এ বছর জ্বালানি তেলের চাহিদা ও তা আমদানির জন্য ব্যয় ও ভর্তুকি বৃদ্ধির বিষয়টি সরকারকে জানানো হয়েছে। সরকার আমদানির ব্যাপারে অনুমোদন দিচ্ছে।