ভর্তুকির টাকা তুলতে কৃষক হয়রান
রংপুরের বদরগঞ্জ উপজেলার সোনালী ব্যাংক লালদিঘী হাট শাখায় কৃষি ভর্তুকির টাকা উত্তোলনে ঘুষ গ্রহণসহ কৃষক হয়রানির অভিযোগ পাওয়া গেছে।ভুক্তভোগী কৃষকদের সূত্রে জানা গেছে, ব্যাংকের ওই শাখা থেকে এলাকার ছয় হাজার কৃষক কৃষি ভর্তুকির টাকা উত্তোলন করেন। একেকজন কৃষক ডিজেলে ৮০০-১০০০ টাকা পর্যন্ত ভর্তুকি পাওয়ার কথা। ৫ মে থেকে এ টাকা দেওয়া শুরু হয়। কৃষকদের অভিযোগ, ব্যাংকের কতিপয় কর্মকর্তা-কর্মচারীরা দালালদের যোগসাজশে কৃষকদের কাছে ৫০-১০০ টাকা পর্যন্ত ঘুষ নিয়ে ভর্তুকির টাকা দিচ্ছে। টাকা না দিলে হয়রানি করা হচ্ছে কৃষকদের। শুধু তাই না, টাকা উত্তোলনে ব্যাংকের ডেবিট ভাউচার নিতে ১০-২০ টাকা এবং তাতে লিখতে নেওয়া হচ্ছে কৃষকপ্রতি আরও ২০ টাকা। অথচ এই ডেবিট ভাউচার ব্যাংক থেকে বিনা মূল্যে সরবরাহ করার কথা। ডেবিট ভাউচারগুলো তুলে দেওয়া হয়েছে দালালদের হাতে। সরাসরি ব্যাংক থেকে কৃষকদের এ ভাউচার দেওয়া হচ্ছে না। কৃষি ভর্তুকির কার্ড জমা নেওয়ার পর টাকা ও কার্ড ব্যাংক থেকে খোয়া গেছে বলে একাধিক কৃষক অভিযোগ করেছেন। ১৮ মে সরেজমিনে ওই ব্যাংকের শাখায় গিয়ে দেখা গেছে বিশৃঙ্খল অবস্থা। শত শত কৃষক-কৃষাণী ভর্তুকির টাকা পেতে ভিড় করেছেন। বরুণ বাবু নামে ব্যাংকের একজন কর্মচারী একাই কৃষকদের কার্ড জমা নিচ্ছেন। কৃষকেরা টাকা তুলতে ডেবিট ভাউচার চাইলে ব্যাংক ম্যানেজার মোফাজ্জল হোসেন বলেন, ওগুলো উপসহকারী কৃষি কর্মকর্তাদের কাছে পাবেন। উপসহকারী কৃষি কর্মকর্তা কনক সরকার বলেন, ডেবিট ব্যাংকে থাকে। ব্যাংক থেকেই বিনা মূল্যে কৃষকদের দেওয়ার নিয়ম।দক্ষিণ খামারপাড়া গ্রামের কৃষাণী হামিদা বেগম (৬৫) বলেন, ‘বাবা পাঁচ দিন থাকি ব্যাংগোত (ব্যাংকে) ঘোরোচি, সকালে আইলে কয় বিকেলে আইসেন, ফির বিকেল হইলে ব্যাং দেয় বন্ধ করি। মুই অসুখ এওলা মানুষ। আইজ আর দম আটোচে না, আও (কথা) বেরাওচে না।’অভিযোগগুলো নিয়ে কথা হয় ওই ব্যাংকের ব্যবস্থাপক মোফাজ্জল হোসেনের সঙ্গে। তিনি বলেন ‘ডেবিট ভাউচারগুলো উপসহকারী কৃষি কর্মকর্তাদের হাতে দিয়েছি। ডেবিট ভাউচার লিখে দেওয়ার সময় কৃষকদের নিকট থেকে ১০-২০ টাকা করে আদায়ের অভিযোগ পাওয়ার পর তা বন্ধ করে দিয়েছি। তবে ভর্তুকির টাকা প্রদানে ব্যাংকের কেউ ঘুষ নিচ্ছে না। বাইরে কেউ নিয়ে থাকলে সেটা আমি বলতে পারব না।’