ভর্তুকির ১৮ ট্রাক্টর নেতা ও আত্মীয়দের নামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে কৃষকদের ভর্তুকিতে দেওয়া ১৮টি ট্রাক্টর বরাদ্দ দেওয়া হয়েছে পৌর মেয়র, ইউপি চেয়ারম্যান এবং আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদের নামে। এ ঘটনায় প্রকৃত কৃষকেরা ক্ষোভ প্রকাশ করেছেন।জানা গেছে, খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের (ডিএই) আওতায় সরকারিভাবে বদরগঞ্জ উপজেলায় ২৫ ভাগ কৃষি ভর্তুকিতে বিতরণের জন্য ১৮টি ট্রাক্টর কৃষকদের বরাদ্দ দেওয়া হয়। গতকাল মঙ্গলবার ট্রাক্টর বরাদ্দ পাওয়া কৃষকদের তালিকা প্রকাশ করে উপজেলা কৃষি বিভাগ। এতে দেখা যায়, প্রকৃত কৃষকেরা ওই ট্রাক্টর বরাদ্দ পাননি। পেয়েছেন জনপ্রতিনিধি, তাঁদের আত্মীয়স্বজন, চাকরিজীবী ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা।তালিকা অনুযায়ী ভর্তুকিতে দেওয়া ট্রাক্টর পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসানুল হক (ডিউক চৌধুরী), উপজেলা চেয়ারম্যান বিশ্বনাথ সরকারের বড় দুই ভাই শাহাপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার সরকার, বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিমলেন্দু সরকার, উপজেলা চেয়ারম্যানের ফুফাতো ভাই মহিলা কলেজের প্রভাষক নিখিল চন্দ্র সরকার, বদরগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি উত্তম কুমার সাহা, উপজেলা যুবলীগের সভাপতি মঞ্জুরুল ইসলাম ওরফে রন্টু, রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের জাপার সাংসদ আনিছুল ইসলাম মণ্ডলের ভাগিনা চাকরিজীবী মমিনুল ইসলাম, সাংসদের নিকটাত্মীয় লালদীঘি পীরপাল কলেজের করণিক পেয়ার আলী, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হেনা মো. ফেরদৌস, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সরকার, কালুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম ও গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিজার রহমানের ভাইয়ের ছেলে রাজু আহম্মেদ। এ ছাড়া বরাদ্দ পেয়েছেন পূর্ব শিবপুর গ্রামের সাইফুল ইসলাম, হাজীপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মোছাব্বেরুল হক, বসন্তপুরের আতিকুর রহমান, মণ্ডলপাড়ার মাহেবুল ইসলাম ও দক্ষিণ বিষ্ণুপুরের মো. ওকবা।ট্রাক্টর বরাদ্দ পাওয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসানুল হক বলেন, ‘সরকারিভাবে ভর্তুকিতে দেওয়া ট্রাক্টর আমার নামে বরাদ্দ হয়েছে কি না জানি না। তবে বরাদ্দ দেওয়া হলেও আমি তা নেব না।’বদরগঞ্জ পৌরসভার মেয়র উত্তম কুমার সাহা বলেন, ‘আমার জমি আছে। সুতরাং আমি একটি ট্রাক্টর বরাদ্দ নিয়েছি। এটা দোষের কিছু না।’উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হেনা মো. ফেরদৌস বলেন, ‘শুনেছি লটারিতে আমি একটি ট্রাক্টর বরাদ্দ পেয়েছি।’উপজেলা চেয়ারম্যানের বড় ভাই ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিমলেন্দু সরকার বলেন, ‘বরাদ্দ পেলেও এগুলো তুলতে নয় লাখ টাকা জমা দিতে বলা হয়েছে, যা সাধারণ কৃষকের পক্ষে সম্ভব নয়। এমনকি আমার পক্ষেও হয়তো সম্ভব হবে না।’কুতুবপুর ইউনিয়নের কৃষক মোস্তাক চৌধুরী ট্রাক্টর বরাদ্দ পেতে গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে যান। কৃষি কর্মকর্তা তাঁর অপারগতা প্রকাশ করলে ওই কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ট্রাক্টর যাঁদের দিয়েছেন তাঁরা কেউই কৃষক নন। আমি কৃষক অথচ আমি পাব না কেন?’ আমরুলবাড়ী আসমতপাড়া গ্রামের সিরাজুল ইসলাম অভিযোগ করেন, ‘টেকটর (ট্রাক্টর) দেওয়ার কথা শুনি কিষি অফিসোত কয়দন ঘুরচি কয় ফরোম নাই।’ বিষ্ণুপুর এলাকার কৃষক রেজওয়ান কবির বলেন, ‘মুই একটা কষ্ট করি ফরোম জোগাড় করি অফিসোত জমা দিছনু। এ্যালা শোনোচো মোর নামে বোলে টেকটোর আইসে নাই।’ উপজেলা চেয়ারম্যান বিশ্বনাথ সরকার বলেন, ‘আমরা উপজেলার সবচেয়ে বড় কৃষক। অনেক চেষ্টা করে আমি উপজেলায় সবচেয়ে বেশি ট্রাক্টর বরাদ্দ এনেছি। আমার ভাইদের নামে জমি রয়েছে। তবে অন্য কোনো কৃষক যদি ট্রাক্টর নিতে চান, তাহলে ভাইদের নামে বরাদ্দ বাতিল করে তাঁকে সেই ট্রাক্টর দিয়ে দেব।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল আলম সরকার বলেন, ‘ট্রাক্টর বরাদ্দ নিতে যাঁরা আবেদন করেছিলেন, আমরা সব আবেদন ঢাকায় পাঠিয়েছি। এরপর কে বরাদ্দ পেয়েছেন তা জানি না।’উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল হক বলেন, ‘ভর্তুকিতে ট্রাক্টর পেতে উপজেলায় কৃষকদের কাছ থেকে ৮৭টি আবেদন পেয়েছিলাম। সব আবেদনই প্রকল্পের ঢাকা কার্যালয়ে পাঠিয়েছিলাম। তারাই ওই ১৮ জনের নামে ট্রাক্টর বরাদ্দ দিয়েছে। এখানে আমাদের করার কিছু ছিল না। আমার জানামতে, বরাদ্দ পাওয়া সবারই জমি আছে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বরাদ্দ পাওয়া ব্যক্তিরা যে দামে ট্রাক্টরগুলো কিনবেন, সেই টাকার ২৫ ভাগ টাকা সরকার ভর্তুকি হিসেবে জোগান দেবে।’সাংসদ আনিছুল ইসলাম মণ্ডল দেশের বাইরে থাকায় তাঁর বক্তব্য জানা যায়নি। বরাদ্দের নীতিমালা: প্রকৃত কৃষকদের ভর্তুকিতে ট্রাক্টর বরাদ্দ দিতে সরকারিভাবে আবেদনের একটি নমুনা ফরম উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়। সেই অনুযায়ী উপজেলা কৃষি কর্মকর্তার নির্দেশে উপজেলার ১০ ইউনিয়নে কর্মরত ২১ জন উপসহকারী কৃষি কর্মকর্তা সরকারি ভর্তুকিতে ট্রাক্টর নিতে আগ্রহী কৃষকদের কাছে নির্ধারিত ফরমে আবেদন জমা নেন। এরপর তা উপজেলা কৃষি পুনর্বাসন কমিটিতে আলোচনা করে ৮৭টি আবেদন ঢাকায় ‘খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি (ডিএই) প্রকল্পের কার্যালয়ে পাঠানো হয়। উপজেলা কৃষি কর্মকর্তার মতে, ৮৭টি আবেদনের মধ্য থেকে ১৮ জন কৃষককে ট্রাক্টর দেওয়ার জন্য প্রকল্প থেকে মনোনীত করা হয়। ট্রাক্টর বিক্রির জন্য ‘দি মেটাল প্লাস’ নামে সরকারিভাবে অনুমোদিত একটি পরিবেশক প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়। কৃষক এই প্রতিষ্ঠান থেকে মোট দামের ৭৫ শতাংশ টাকা জমা দিয়ে ট্রাক্টর কিনতে পারবেন।