ভাই খুঁজছে বোনের লাশ, স্ত্রীর সন্ধানে স্বামী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের মিঠাপুকুরের আনোয়ার ইসলাম ভাগ্য ফেরাতে ঢাকার দিকে আসেন। সঙ্গে নিয়ে আসেন স্ত্রী রেহানা আক্তারকেও। এরপর দুজনেই কাজ নেন ঢাকার অদূরে সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরের পোশাক কারখানা তাজরীন ফ্যাশনে।গতকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় আনোয়ার ওই কারখানার দোতলায় কাজ করছিলেন। আর তাঁর স্ত্রী ছিলেন ষষ্ঠ তলায়। আগুন দেখে তিনি দোতলা থেকে ষষ্ঠ তলায় যাওয়ার চেষ্টা করেন। তবে আশপাশের লোকজন তাঁকে যেতে দেয়নি। আনোয়ার জানান, তাজরীন ফ্যাশন কারখানায় তিনটি সিঁড়ি ছিল। এর মধ্যে দুটি সিঁড়ি মেয়েদের জন্য এবং একটি ছেলেদের জন্য। তবে মেয়েদের সিঁড়ির দিকে আগুন ধরে যাওয়ায় তাঁরা নামতে পারেননি। সেই থেকে তিনি স্ত্রীর খোঁজে কারখানার পাশেই বসে আছেন। আগুনে পুড়ে যাওয়া লাশগুলো যখন এক এক করে বাইরে নিয়ে আসা হচ্ছিল, আনোয়ার বারবার চেষ্টা করছিলেন তাঁর স্ত্রীর মুখটি দেখতে। কিন্তু লাশগুলোর অবস্থা এমন হয়ে গেছে, চেনার কোনো উপায়ই নেই। তার পরও আনোয়ার নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় রাখা সারি সারি লাশের ভিড়ে স্ত্রীর মুখ খুঁজে বেড়াচ্ছেন।আনোয়ারদের এলাকারই মেয়ে আফরিন (২২)। কাজ করতেন এই কারখানায়। আগুন লাগার পর থেকে কোনো খোঁজ নেই আফরিনের। বোনের খোঁজে রংপুর থেকে ছুটে এসেছেন ভাই আসাদুল ইসলাম। একবার কারখানার পাশে যাচ্ছেন। আবার কখনো ছুটছেন যেখানে লাশগুলো রাখা হয়েছে, সেখানে। কিন্তু বোনকে কোথাও খুঁজে পাননি তিনি।