ভাই-ভাতিজার হাতে খুন হলেন আইনজীবী
ঝিনাইদহ শহরের পার্কপাড়ায় আজ শনিবার সকালে আনোয়ার হোসেন ওরফে কদর (৪৫) নামের এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছে তাঁর দুই ভাই ও এক ভাতিজা। পারিবারিক জমি নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ জানিয়েছে।শহরের পার্কপাড়ায় একটি টিনের বাড়ির মাঝখানে পার্টিশন দিয়ে আনোয়ার ও ছোট ভাই আমিনুল ইসলাম বাস করতেন। তাঁদের গ্রামের বাড়ি শহরতলির ভুটিয়ারগাতী এলাকায়।ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, আজ সকাল সাড়ে ছয়টার দিকে ঘুম থেকে উঠে আনোয়ার হোসেন মোটরসাইকেল নিয়ে বাড়ির বাইরের আসেন। মোটরসাইকেলে ওঠার সময় তাঁর দুই ভাই আক্তার হোসেন ও আমিনুল ইসলাম এবং ভাতিজা বিপ্লব লোহার রড দিয়ে পিটিয়ে ও কুড়াল দিয়ে কুপিয়ে তাঁকে হত্যা করে।নিহতের স্ত্রী মাজেদা খাতুন জানান, তাঁর স্বামী গ্রামের বাড়ি ভুটিয়ারগাতী যাওয়ার জন্য সকালে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। এ সময় বাসার সামনেই তাঁর দুই ভাই ও ভাতিজা তাঁকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। তাঁর স্বামীর সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাঁদের বিরোধ চলছিল বলে তিনি জানান।নিহতের বোন হোসনেয়া খাতুন জানান, তাঁরা চার ভাই, তিন বোন। তাঁদের বাবা আফসার বিশ্বাস মারা যাওয়ার পর ভাইদের মধ্যে জমি নিয়ে বিরোধ দেখা দেয়। এসব নিয়ে মামলা চলছে। বিরোধের কারণেই তাঁর ভাই খুন হয়েছেন বলে তিনি জানান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি। পুলিশও কাউকে আটক করেনি।