ভাইয়ের আসনে বোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর-৪ আসনের উপনির্বাচনে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে সিমিন হোসেন রিমিকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে আওয়ামী লীগ। গণভবনে অনুষ্ঠিত দলের সংসদীয় বোর্ডের বৈঠকে সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এ কথা জানিয়েছেন। তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ প্রথমে ক্ষমতাসীন সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন। পরে তিনি গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য পদও ছাড়েন। স্পিকার তাঁর পদত্যাগপত্র গ্রহণ না করলে তা নিয়ে দীর্ঘদিন আলোচনা-সমালোচনা হয়। পরে স্পিকার সোহেল তাজের পদত্যাগপত্র গ্রহণ করেন। ভাই সরে যাওয়ার পর সেই শূন্য আসন থেকে এবার উপনির্বাচনে লড়বেন বোন সিমিন হোসেন রিমি। সংসদীয় বোর্ডের বৈঠকের আগে বিকেল সোয়া পাঁচটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা জোহরা তাজউদ্দীনের সঙ্গে তাঁর বাসায় দেখা করেন। এ সময় তিনি তাঁর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। প্রধানমন্ত্রী রাজধানীর বনানী ডিওএইচএসে সৈয়দা জোহরা তাজউদ্দীনের বাসায় যান। আগামী ৩০ সেপ্টেম্বর গাজীপুর-৪ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান বিরোধী দল বিএনপি এ নির্বাচনে অংশ নেবে না বলে আগেই ঘোষণা দিয়েছে।