ভাইয়ের এসিডে পুড়ল ভাইসহ ৬ জন
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় গত বুধবার সন্ধ্যায় ছোট ভাইয়ের ছোড়া এসিডে বড় ভাই, তাঁর স্ত্রী, ছেলে, ছেলের বউ, দুই নাতনিসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে বিরোধের জের ধরে নৃশংস এ ঘটনা ঘটানো হয়েছে বলে ভুক্তভোগী পরিবারের অভিযোগ। ঘটনার পর থেকে এসিড নিক্ষেপকারী পলাতক। পুলিশ, এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উপজেলার বল্লা পশ্চিমপাড়ার তাঁত ব্যবসায়ী আবদুস সালাম (৫৫) পরিবারের সদস্যদের নিয়ে ঘরে বসে ইফতার করছিলেন। এ সময় তাঁর ছোট ভাই রহমতউল্লাহ (৫০) হঠাৎ সেখানে গিয়ে হাজির হন। তিনি একটি গামলাভর্তি এসিড তাঁদের লক্ষ্য করে ছুড়ে মারেন। এতে আবদুস সালাম, তাঁর স্ত্রী আলেয়া বেগম (৫৫), ছেলে আলাউদ্দিন (৩২), ছেলের বউ সোহানা পারভিন (২৮), দুই নাতনি আফিকা আক্তার দৃষ্টি (৮) ও দুই মাস বয়সী ফায়েকা ফায়রোজ তানস দগ্ধ হয়। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাতেই সবাইকে ঢাকায় পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসকেরা বলেছেন, আবদুস সালামের শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে। সালামের পুত্রবধূ সোহানার শরীরের ১০ শতাংশ এবং নাতনি তানসের ৩ শতাংশ পুড়ে গেছে। তাদের মধ্যে সালামের অবস্থা আশঙ্কাজনক।গতকাল বৃহস্পতিবার দুপুরে আবদুস সালামের বাড়িতে গিয়ে দেখা যায়, এসিডে ঘরের দরজা, টিনের বেড়া ও মেঝেও ঝলসে গেছে। পাশেই এসিড নিক্ষেপকারী রহমতউল্লাহর ঘর তালাবদ্ধ। প্রতিবেশীরা জানান, ঘটনার পর থেকে রহমতউল্লাহ ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক।এ সময় আবদুস সালামের ছেলে আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, তিনি, তাঁর মা ও বড় মেয়ে আফিজা কম দগ্ধ হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গতকাল সকালেই তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। তিনি জানান, আবদুস সালামের মুখ ও একটি চোখ, সোহানার বুক ও গলা এবং তানসের পেট গুরুতর দগ্ধ হয়েছে। আলাউদ্দিন বলেন, বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে তাঁর বাবা ও চাচার মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে বেশ কয়েকবার তাঁদের মধ্যে কথা-কাটাকাটি ও বিবাদও হয়েছে। এর জের ধরেই রহমতউল্লাহ এসিড নিক্ষেপ করেছেন। কালিহাতী থানার উপপরিদর্শক (এসআই) মাকসুদুল আলম বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আলাউদ্দিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। প্রসঙ্গত, আবদুস সালাম ও রহমতউল্লাহ উভয়ের পরিবারই তাঁতশিল্পের সুতা রং করার কাজে জড়িত। তাঁরা এ কাজে সব সময় সালফিউরিক এসিড ব্যবহার করেন।