ভাইয়ের খুনির সঙ্গে হাত মেলালেন রানি (ভিডিও)
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ ও সাবেক আইরিশ রিপাবলিকান আর্মির (আইআরএ) সর্বাধিনায়ক মার্টিন ম্যাকগিন্স আজ বুধবার এক অনুষ্ঠানে প্রথমবারে মতো হাত মিলিয়েছেন। আইআরএ ১৯৭৯ সালে রানির চাচাতো ভাই ও ভারতের শেষ ভাইসরয় লর্ড লুই মাউন্টব্যাটেনকে হত্যা করেন। সেদিন মাউন্টব্যাটেনের সঙ্গে থাকা তাঁর দুই নাতিও আইরিশ স্বাধীনতাকামীদের বোমা হামলায় নিহত হন। এরপর থেকে ব্রিটিশ রাজপরিবার আইরিশ ও আইআরএর সেনাদের শত্রু হিসেবে বিবেচনা করে থাকে।বিবিসি অনলাইনে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, উত্তর আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টের লিরিক থিয়েটারে এক অনুষ্ঠানে ব্রিটেনের রানী ও উত্তর আয়ারল্যান্ডের ডেপুটি ফার্স্ট মিনিস্টারের মধ্যে সাক্ষাত্ হয়। দাতব্য প্রতিষ্ঠান কো-অপারেশন আয়ারল্যান্ড অনুষ্ঠানটির আয়োজক। প্রতিষ্ঠানটি বিভিন্ন জনসমাজের মধ্যে সুসম্পর্ক তৈরির জন্য কাজ করে থাকে। অনুষ্ঠানটির উপজীব্য বিষয় ছিল আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের বিভিন্ন শিল্পীর চিত্রকর্ম প্রদর্শন।ডেইলি মেইলের অপর এক খবরে বলা হয়েছে, রানী দু-দুবার ম্যাকগিন্সের সঙ্গে করমর্দন করে বিরাট মহানুভাবতার পরিচয় দিয়েছেন। ১০ বছর আগেও এমন একটা কাজের কথা লোকে ভাবতে পারত না। রানীও কখনো এমনটা ভাবেননি যে তিনি তাঁর ভাইয়ের হত্যাকারী আইআরএ চক্রের কোন নেতার সাথে হাসিমুখে কথা বলবেন।বিবিসির খবরে বলা হয়েছে, দুই নেতা প্রথমে এক একান্ত বৈঠকে করমর্দন করেন, সভা শেষে জনসম্মুখেও তাঁরা হাত মেলান। লিরিক থিয়েটারের একটি কক্ষে একান্ত বৈঠকটি অনুষ্ঠিত হয়। আলোচনার সময় আয়ারল্যান্ডের রাষ্ট্রপতি মাইকেল ডি হিগিন্স ও উত্তর আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার পিটার রবিনসনসহ সাতজন ব্যক্তি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আগে ম্যাকগিন্স আইরিশ ভাষায় রানী ও আয়ারল্যান্ডের প্রেসিডেন্টকে স্বাগত জানান।রানীর ভ্রমণ ও এ বিষয়ে আইরিশদের অনুভূতি সম্পর্কে ম্যাকগিন্সের বক্তব্য জানতে চাওয়া হলে, ম্যাকগিন্সের রাজনৈতিক দল সিন ফিনের একজন মুখপাত্র বলেন, ‘ম্যাকগিন্স রানিকে ব্রিটিশ-আইরিশ যুদ্ধের কারণে ভুক্তভোগী ও তাদের পরিবারের লোকদের ব্যথা বোঝার জন্য অনুরোধ করেন।’ ম্যাকগিন্স রানিকে বলেন, শান্তি আলোচনায় যে নেতৃত্বের দরকার হয়, তা এই বৈঠকের মাধ্যমে প্রমাণিত হয়েছে। এরপরে রানী তার অভিষেকের ৬০-বছর পূতি উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে যান। বিদায় বেলায় রানী দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে ম্যাকগিন্সের সঙ্গে করমর্দন করেন। সে সময় ম্যাকগিন্স রানিকে আইরিশ ভাষায় যা বলেন, তা বাংলা করলে দাঁড়ায়, ‘বিদায়’।রানির ভ্রমণের ফলে অনুভূতি কী রকম, বিবিসির সংবাদদাতা পিটার হান্টের এমন প্রশ্নের জবাবে ম্যাকগিন্স বলেন, ‘বেশ ভালো।’ব্রিটিশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিষেক উত্সব উদযাপন নয়, বরং রানীর এই ভ্রমণের মূল উদ্দেশ্য ছিল শান্তি প্রতিষ্ঠায় শিল্পের গুরুত্বকে প্রতিষ্ঠা করা। অনুষ্ঠানে রানীকে একটি আয়ারল্যান্ডের বিখ্যাত বেলিক পাত্র উপহার দেওয়া হয়। প্রেসিডেন্ট হিগিন্স বলেন, রানির সঙ্গে সাক্ষাত্ করতে পেরে তিনি ও তাঁর স্ত্রী সাবিনা খুবই খুশি। তিনি আরও বলেন, এই ঘটনা দ্বীপ রাষ্ট্রটিতে শান্তি প্রতিষ্ঠার জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।১৯৭৯ সালে উত্তর আয়ারল্যান্ডের সিলিগো কাউন্টির মুলাগোমোরে গ্রামে প্রমোদ ভ্রমণের সময় লর্ড মাউন্টব্যাটেন আইআরএর বোমা হামলায় নিহত হন। এই ঘটনা রাজপরিবারে শোকের মাতম তোলে। ঘটনার পরে আইআরএ হামলায় দায়িত্ব স্বীকার করে। এক বার্তায় দলটি জানায়, ‘আমাদের দেশ দখল করে রাখার জবাব হিসেবে আমরা কেবল এটুকুই দিতে পারলাম।’ রানি ব্রিটিশ সেনাবাহিনীর সর্বাধিনায়ক। আইরিশরা মনে করে, ব্রিটিশ সেনাবাহিনী তাদের দেশ দখল করে রেখেছে।