ভাইয়ের হাতে ভাই খুন
রাজধানীর ডেমরায় আজ বুধবার কামরুজ্জামান ওরফে রুবেল (৩৮) নামের এক যুবক তাঁর ছোট ভাইয়ের বঁটির কোপে খুন হয়েছেন। কামরুজ্জামান জমি কেনাবেচার ব্যবসা করতেন। পারিবারিক সূত্র জানায়, কামরুজ্জামান সপরিবারে ডেমরার পার ডগাইরের পুলিশ ফাঁড়ির পাশে নিজ বাড়িতে থাকতেন। বেলা সোয়া দুইটার দিকে কামরুজ্জামান দুপুরের খাবার শেষ করে টেবিল থেকে উঠছিলেন। এ সময় ছাট ভাই বদিউজ্জামান ওরফে পাভেল বঁটি নিয়ে তাঁর ওপর আক্রমণ করেন। একপর্যায়ে বদিউজ্জামান বঁটি দিয়ে কামরুজ্জামানের বুকে কোপ দেন। স্বজনেরা বেলা সোয়া তিনটার দিকে রক্তাক্ত কামরুজ্জামানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।কামরুজ্জামানের দুটি সন্তান রয়েছে। তাঁর স্ত্রীর নাম সিফাত আক্তার। কামরুজ্জামানের বাবা কৃষি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা নুরুজ্জামান হাসপাতালে সাংবাদিকদের জানান, দুপুরে বাসার সবাই একসঙ্গে খাবার টেবিলে খেতে বসেন। কামরুজ্জামান খাওয়া শেষ করে টেবিল ছেড়ে উঠে দাঁড়ান। এ সময় কিছু বুঝে ওঠার আগেই বদিউজ্জামান বঁটি নিয়ে কামরুজ্জামানের বুকে কোপ দিলে তিনি লুটিয়ে পড়েন। নুরুজ্জামান দাবি করেন, তাঁর ছোট ছেলে বদিউজ্জামান দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভারসাম্যহীন। মাঝেমধ্যে হঠাত্ করেই সে উন্মাদের মতো আচরণ করে। দুদিন আগেও তাঁকে মনোরোগ বিশেষজ্ঞকে দেখানো হয়। নুরুজ্জামান কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘এক ছেলে চলে গেল। আরেক ছেলেরে তোমরা বাঁচাও।’যোগাযোগ করা হলে ডেমরা থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান ভূঁইয়া প্রথম আলো ডটকমকে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা বঁটিসহ বদিউজ্জামানকে (৩৭) আটক করে থানায় নিয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।