ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) ভাগ করার সিদ্ধান্তের বিরোধিতা করছেন মেয়র ও বেশির ভাগ ওয়ার্ড কাউন্সিলর। ২৪ অক্টোবর নগর ভবনে ডিসিসির ১৮তম সাধারণ সভায় এ নিয়ে আলোচনা হয়। সভায় ডিসিসি ভাগ করা প্রতিরোধে একটি কমিটি গঠন করা হয়।এই কমিটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ঢাকার সাংসদদের বরাবর স্মারকলিপি দিয়েছে। তাতে তারা ডিসিসি ভাগ না করতে অনুরোধ করেছে। স্মারকলিপিতে ডিসিসির কাউন্সিলররা দাবি জানান, ডিসিসি বিভক্ত না করে চারজন ডেপুটি মেয়রের পদ তৈরি করা যেতে পারে। ক্ষমতা বিকেন্দ্রীকরণের প্রতিও জোর দেওয়া হয়েছে।বর্তমানে ১০টি অঞ্চলের মাধ্যমে ডিসিসির কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ডিসিসির ১০টি অঞ্চলের জন্য আঞ্চলিক কাউন্সিলর নির্বাচনেরও পরামর্শ দেন কাউন্সিলররা। আবার ২০০৫-০৬ সালে বিশ্বব্যাংকের সহায়তায় একটি সমীক্ষা পরিচালনা করা হয়। তাতে একটি একক কর্তৃপক্ষের হাতে ঢাকার সব দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ পানি-গ্যাস-বিদ্যুৎ পরিষেবাগুলো ঢাকার একটি একক কর্তৃপক্ষের হাতে ন্যস্ত হলে কাজে সমন্বয় আসবে। গতিশীলতাও বাড়বে বলে মনে করেন অনেকে। এই সমীক্ষাটি ২০০৮ সালে তৎকালীন মন্ত্রিপরিষদ অনুমোদনও করে। কিন্তু সেটা বাস্তবায়িত হয়নি। এই প্রকল্পটি বাস্তবায়নের প্রতি জোর দেওয়া হয়েছে স্মারকলিপিতে।ডিসিসি ভাগ করার বিষয়ে ৭৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী আবুল বাশার জানান, বেশির ভাগ ওয়ার্ড কাউন্সিলর ডিসিসি ভাগ করার বিরুদ্ধে। এটি ভাগ করা হলে ঐতিহ্যবাহী এই নগরের মর্যাদা কমে যাবে বলে মনে করেন নগর বিএনপির এই নেতা।ডিসিসি বিভক্ত করা হলে মেয়রের ক্ষমতা ও মর্যাদা প্রশ্নবিদ্ধ হবে। আবার ডিসিসির বর্তমান ঊর্ধ্বতন কর্মকর্তাদের কোন ভাগে দেওয়া হবে, তা নিয়েও ঝামেলা সৃষ্টি হতে পারে বলে মনে করেন আওয়ামী লীগের সাবেক সমর্থক ও ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল কাদের।ডিসিসির কাজের গতি নানাভাবে বিঘ্নিত হচ্ছে। দুটি ভাগ করা হলে ডিসিসির সব বিভাগে চাপ বাড়বে। কমে আসবে রাজস্ব আয়। বাড়বে ব্যয়ের পরিমাণ। এর ফলে সেবার মান কমে আসবে বলে জানান আওয়ামী লীগের সমর্থক ও ৬৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. হুমায়ুন কবির।এদিকে ২৪ অক্টোবর ডিসিসির ১৮তম সাধারণ সভায় ডিসিসির ওয়ার্ড কাউন্সিলরদের একটি অংশ অনুপস্থিত ছিল। তারা মূলত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমান সরকারের সমর্থক কোনো কোনো কাউন্সিলর সভায় গিয়েছিলেন, এমন একজন ডিসিসির ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সালেক মোল্লা। তাঁর ভাষ্য, ‘ডিসিসি ভাগ করার সিদ্ধান্তের সঙ্গে আমি একমত। আমার পূর্ণ সমর্থন রয়েছে। আমি মনে করি, সরকার ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছে।’এদিকে ঢাকার প্রবীণ বাসিন্দা ও ৭৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সেলিম মনে করেন, ‘ঢাকা আমাদের সবকিছু। সাত-আট পুরুষ ধরে এখানে বসবাস করছি। যতটুকু জেনেছি, ডিসিসির বিভক্তির বিষয়টি নিয়ে ঢাকার আদি বাসিন্দারা খুব একটা মাথা ঘামাচ্ছেন না। ডিসিসি ভাগের চেয়েও জরুরি হচ্ছে, ডিসিসির ক্ষমতা ও কাজের পরিধি বাড়ানো। সরকার ডিসিসিকে একটি আধুনিক ও পূর্ণাঙ্গ সেবা সংস্থা হিসেবে গড়ে তুলতে পারে। এ ক্ষেত্রে নগর সরকারের কোনো বিকল্প নেই বলে আমি মনে করি।’এদিকে ডিসিসির মেয়র সাদেক হোসেন খোকা সব সেবা সংস্থার সমন্বয় দাবি করেন। তিনি বলেন, ডিসিসিকে ভাগ করার সিদ্ধান্তটি ভুল। উন্নত বিশ্বের উদাহরণ নিয়ে সরকার একটি মডেল হিসেবে ডিসিসিকে ঢেলে সাজাতে পারে। ঢাকার প্রশাসন, ভূমি ব্যবস্থাপনা আর নগরকাঠামো সমন্বিত করে ডিসিসিকে সাজানোর উদ্যোগ আগে নেওয়া দরকার।