ভাগনেসহ দুজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক ফরহাদ খাঁ ও তাঁর স্ত্রী রহিমা খানমকে হত্যার ঘটনায় করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক এ বি এম সাজেদুর রহমান এ রায় ঘোষণা করেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন হলেন নাজিমুজ্জামান ওরফে ইয়ন ও তাঁর বন্ধু রাজু আহমেদ। নাজিমুজ্জামান নিহত ফরহাদের বোনের ছেলে।রায়ে বলা হয়, আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ৩৩ জন সাক্ষীকে উপস্থাপন করেছে। সাক্ষ্য-প্রমাণে এটা স্পষ্ট যে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ফরহাদ খাঁ ও তাঁর স্ত্রী রহিমাকে হত্যা করে। রাষ্ট্রপক্ষ তা প্রমাণে সক্ষম হওয়ায় আসামিদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো।রায় ঘোষণার সময় সাংবাদিক ফরহাদের ইতালি প্রবাসী মেয়ে আইরিন পারভীনের স্বামী সিদ্দিকুল পারভেজ, সাংবাদিক ফরহাদ খাঁ স্মৃতি ফাউন্ডেশনের আহ্বায়ক রাজেন্দ্র চন্দ্র দেবসহ অনেকেই উপস্থিত ছিলেন।গত বছরের ২৮ জানুয়ারি বিকেলে রাজধানীর নয়াপল্টনের বাসার শোবার ঘর থেকে পুলিশ ফরহাদ খাঁ ও তাঁর স্ত্রী রহিমা খানমের গলাকাটা লাশ উদ্ধার করে। এ ঘটনায় ওই দিনই ফরহাদের ছোট ভাই আবদুস সামাদ বাদী হয়ে পল্টন থানায় হত্যা মামলা করেন। ঘটনার পরপরই পুলিশ আসামি ইয়নকে গ্রেপ্তার করে। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী আসামি রাজুকে গ্রেপ্তার করা হয়। ১ মার্চ রাজু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে সাংবাদিক ফরহাদের ব্যবহূত মুঠোফোন, চুরি করা টাকা, স্বর্ণালংকার, রক্তমাখা জামাকাপড় ও হত্যাকাণ্ডে ব্যবহূত দুটি চাকু উদ্ধার করা হয়। মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ঘটনার তদন্ত করে গত ২ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত ২৮ ফেব্রুয়ারি অভিযোগ গঠন করেন। নিহত ফরহাদ দৈনিক জনতার জ্যেষ্ঠ সহসম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ সরকারি কৌঁসুলি মাহবুবুর রহমান। তাঁকে সহায়তা করেন জসিম উদ্দিন। আসামিপক্ষে ছিলেন ইকবাল হোসেন। রাজেন্দ্র চন্দ্র দেব এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রায়ে সন্তোষ প্রকাশ করে আইনজীবী, সাংবাদিকসহ সবাইকে ধন্যবাদ জানান।