ভাগাড়ে একনজর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের দক্ষিণ সুরমার লালমাটি। প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে সিটি করপোরেশনের নির্ধারিত ময়লা ফেলার স্থান বর্জ্যভাগাড় হিসেবে চিহ্নিত। ১৯৮৪ সাল থেকে ভাগাড়টি স্থাপিত হওয়ার পর থেকে প্রতিদিন নগরের ময়লা-আবর্জনা নিয়ে এসে এখানে জড়ো করা হয়। কিন্তু বর্তমানে এ বর্জ্যভাগাড়ে স্থান সংকুলান না হওয়ায় স্তূপাকারে ময়লা রাখা হচ্ছে। এতে তৈরি হচ্ছে প্রতিবন্ধকতা। দেখা যায়, ময়লা ফেলার স্থান অপর্যাপ্ত হওয়ায় স্তূপাকারে জমা করে আবর্জনা রাখা হচ্ছে। হাজার হাজার কাক-শকুন-চিল খাদ্যের খোঁজে এসব আবর্জনার স্তূপে ঢুকে সবকিছু ছড়িয়ে-ছিটিয়ে দিচ্ছে। আবার মুখে করে ময়লা-আবর্জনা নিয়ে গিয়ে বিভিন্ন বাসা-বাড়িতে ফেলছে। আবর্জনার স্তূপে কোনো ধরনের ওষুধ না ছিটানোর ফলে ওই এলাকায় সারাক্ষণ দুর্গন্ধ লেগেই থাকে। এ ভাগাড়টি সিলেট-ফেঞ্চুগঞ্জ মূল সড়কের একেবারে নিকটবর্তী হওয়ায় রাস্তা দিয়ে গাড়ি চলাচলের সময় যাত্রীদের দুর্গন্ধ সঙ্গী করে পথ চলতে হয়।সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক দিয়ে চলাচলকারী যাত্রী মাহবুব উদ্দিন বলেন, ‘এই স্থানে আসলেই যাত্রীদের নাক-মুখ চেপে ধরতে হয়। বাতাসে উত্কট দুর্গন্ধে বমি চলে আসার জোগাড় হয়।’ নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সিটি করপোরেশনে কর্মরত পরিচ্ছন্নতাকর্মী ও গাড়ি চালকেরা জানান, বর্জ্য ভাগাড়ের স্থান অপ্রতুল হওয়ায় এখন ময়লা-আবর্জনার স্তূপ জমে যাচ্ছে। আগামী কয়েক বছরের মধ্যে ময়লার পাহাড় আরও বড় আকার ধারণ করবে। তাই এসব ময়লা সঠিকভাবে ব্যবস্থাপনা ও বিকল্প চিন্তা এখনই চালাতে হবে বলে তাঁরা মন্তব্য করেন। আবর্জনার ভাগাড়ে বিভিন্ন পরিত্যক্ত জিনিস সংগ্রহকারীরা জানায়, প্রতিদিন দুপুরে সিটি করপোরেশন কর্তৃপক্ষ ময়লা-আবর্জনা ফেলার পর এখানে প্রায় শতাধিক মানুষ পরিত্যক্ত জিনিস সংগ্রহের কাজে লেগে যায়। এসব মানুষ কাগজপত্র, লোহা, টিন, চুল, বোতল, পলিথিনের ব্যাগসহ বিভিন্ন পরিত্যক্ত জিনিস সংগ্রহ করে ভাঙারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। পরিত্যক্ত জিনিস সংগ্রহকারী দক্ষিণ সুরমার বাবলার কলোনিতে বসবাসকারী ফারুক (১৩) ও আল হুরাইয়া (১৪) জানায়, তাদের পরিবারের সবাই এই আবর্জনার ভাগাড়ে এসে জিনিস সংগ্রহ করে ভাঙারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করে। সবাই মিলে ২০০ থেকে ২৫০ টাকা পাওয়া যায়। আর এটাই পরিবারের একমাত্র আয় বলে এরা জানায়। সিলেট সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা সুধাময় মজুমদার বলেন, বর্জ্য ভাগাড়ের জমা করা ময়লা-আবর্জনাকে অত্যাধুনিক প্রযুক্তিতে সংরক্ষণ করতে শিগগিরই বিশেষ প্রকল্প গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যে স্থানীয় সরকারের সঙ্গে একটি চুক্তিপত্রও সম্পন্ন হয়েছে। এ ছাড়া নাগরিকদের সুবিধার্থে কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে বর্জ্য অপসারণের নির্দেশও দেওয়া রয়েছে।