ভাগের মা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পায়ন-নগরায়ণের সঙ্গেই শুরু হয়েছিল ব্যক্তিস্বাতন্ত্র্যায়ণ এবং এর পরই বোধহয় বৃদ্ধদের বিতাড়নপ্রক্রিয়া। অনেকে বিতাড়িত না হয়েও স্বতন্ত্র জীবনকেই স্বাগত জানিয়েছেন। তবে একতরফাভাবে নগরায়ণকেও দোষ দেওয়া যায় না। ‘ভাগের মা গঙ্গা পায় না’—এ তো অনেককাল আগেরই উপলব্ধি। মাকে নিয়েই যেন যত সমস্যা। ভাগের বাবাদের গঙ্গা পেতে সমস্যার কথা কোনো দিন শোনা যায়নি। যাবে কেন? পিতৃতন্ত্র যখন জীবনের মূলমন্ত্র, তখন সে প্রশ্ন নৈবচ। অন্তত এই উপমহাদেশীয় সংস্কৃতিতে তো বটেই। তার পরও উন্নত বিশ্বের মতো আমাদের দেশেও টুকটাক বৃদ্ধাশ্রম জন্ম নিচ্ছে। অনেক ক্ষেত্রে তা অনিবার্যও। ভাগের মা গঙ্গা না পাক, বৃদ্ধাশ্রম পাওয়ার সৌভাগ্য অর্জন করছেন।রাহেলা খানম (ছদ্মনাম) স্বামী মারা যাওয়ার পর চার ছেলের মধ্যে ভাগ হয়ে গেছেন। শিক্ষিত-প্রতিষ্ঠিত তিন ছেলে ঢাকায় আর অল্পশিক্ষিত সেজো ছেলে খুলনায় গ্রামের বাড়িতে। বছরে তিন মাস করে একেক ছেলের বাড়িতে রাহেলা খানমের পালাক্রমে অবস্থান। বড়জনের বাড়িতে পালা এলে এক মাস ভালোয় ভালোয় কাটে। দ্বিতীয় মাস থেকেই নাতনি বিরক্ত। নাতনি বলে, ‘আমি এখন কলেজে পড়ছি। আমার প্রাইভেসি আছে। দাদির সঙ্গে এক বিছানা শেয়ার করা সম্ভব নয়। তা ছাড়া রাতে লাইট জ্বালিয়ে পড়লে দাদির ঘুম হয় না, মুঠোফোনে কথা বললে ‘কে? কে? এত কথা কার সঙ্গে?’—এসব আর কাহাতক সহ্য হয়? আরও দুই মাস? মরেই যাব!’ তার পরও ভাগের মা বলে কথা। মেজো ছেলের পালা আসন্ন হলে এমনও হয়, বড়জনের মেয়াদ শেষ হওয়ার আগেই মেজো ছেলে আর বউ এসে বড় ভাই-ভাবির কাছে কাতর মিনতি জানায়, ‘ভাবি, আর ১৫ দিন একটু কষ্ট করে মাকে রাখুন। আমার বাবুনির ফাইনাল। বাসায় বাড়তি কেউ এলে ওর পড়াশোনা একদম হয় না। আমি না হয় ১৫ দিন বেশি রাখব।’ বড়জনের মেয়ের মাথায় হাত। ‘কোনো চালাকি চলবে না। ওনার পরীক্ষা আর আমি ঘোড়ার ঘাস কাটি, না?’ ছোট বউ চাকরি করে। ছোট ছেলে ভোজনরসিক। মা এলে মায়ের হাতের রান্না তিনবেলা পরমামৃতের মতো কবজি ঢুবিয়ে খায়। বউ বলে, ‘মা এলে কোনো ডিসিপ্লিন থাকে না। খালি খাওয়ার পেছনেই যদি রোজগারের সবটুকু চলে যায়, তাহলে টুকুনের কোচিং বন্ধ করে দিলেই হয়!’ টুকুন বলে, ‘অ্যা, কী বিচ্ছিরি রান্না! মা, তুমি রাঁধো, প্লিজ!’ তিন মাসের ধাক্কায় যেন সবার নাভিশ্বাস উঠে যায়। মাঝেমধ্যে বাচ্চাদের কারও জন্মদিনে ঢাকার তিন ছেলে এক জায়গায় হলে গ্রামের সেজো ছেলে হয় তাদের আলোচনার একমাত্র বিষয়বস্তু। ‘গ্রামের জমিজমা তো সব তাকেই ছেড়ে দেওয়া আছে। ঈদ-পার্বণে ওর ছেলেমেয়ে-বউয়ের কাপড়চোপড়ও তো আমরাই দিই। ওর আর খরচ কী। মাকে তো ওরই দেখা উচিত। তা ছাড়া মা গ্রামের মানুষ। গ্রামের খোলামেলা পরিবেশে থাকলে তাঁর শরীরও ভালো থাকে। আমরা না হয় রুটি-রোজগারের জন্য ঢাকায় পড়ে থাকি। ঢাকায় মানুষ থাকে! একটু অসুখ-বিসুখ এই বয়সে তো হতেই পারে। তাই বলে ডাক্তার দেখানোর অছিলায় ঢাকায় ফেলে যেতে হবে? সব বুঝি।’ রাহেলা খানমও সব বোঝেন। মাঝেমধ্যে জায়নামাজে বসে মোনাজাতের সময় চোখের জলে কেবল একটাই প্রার্থনা করেন, ‘হে দয়াময়, ওদের ভালো রাখো আর আমাকে তুলে নাও। আমাকে এখন আর কারোর প্রয়োজন নেই।’গ্রামাঞ্চলের পরিবার আরও বড়। কর্মক্ষম ও বিয়ে করার পর ভাইয়ে-ভাইয়ে একই চৌহদ্দির মধ্যে থেকেও হাঁড়ি ভাগ করে ফেলছে। চার-পাঁচ ভাইয়ের মধ্যে সবাই যে খেতখামার করে, তা-ও নয়। কেউ গঞ্জে ব্যবসা করে, কেউ ছোটখাটো চাকরি করে, কেউ অকম্মা। বোনেরা বিবাহিতা। ঝগড়াঝাঁটি করে ভাইয়ে-ভাইয়ে পৃথক হওয়ার দিন তৈজসপত্র ভাগাভাগির সময় বিধবা মাকেও ভাগ করে নেয়। খুব মানবিক হলে কোনো ভাই বলে বসে, ‘মা আমার দিকেই থাকবে।’ এই মানবিকতা অবশ্য বেশি দিন টেকে না। তখন মাকে এ ঠেলে দেয় ওর দিকে, ও ফেলে যায় আরেকজনের বাড়িতে। ভাইয়ে-ভাইয়ে ঝগড়া, কিন্তু ঘরে ঘরে হাতের কাজের বাঁধানো ফটোফ্রেমে লেখা ‘সংসার সুখের হয় রমণীর গুণে’। সম্পত্তি নিয়ে ভাইয়ে-ভাইয়ে মামলা-মোকদ্দমা, সামাজিক মর্যাদা নিয়ে রেষারেষি, সন্তানদের লেখাপড়া-চাকরি-বিয়ে নিয়ে ঈর্ষা, আর যত দোষ নারী ঘোষ।শরিফুন্নেছার তিন ছেলে ও এক মেয়ে। তিন ছেলের বাসায় মায়ের নাজেহাল অবস্থা চাক্ষুষ করে মেয়ে মাকে এনে রাখল। পৈতৃক সম্পত্তি ভাইয়েরা ভাগাভাগি করে নিয়ে নিয়েছে। বোনের ভাগ কই? কেন? বোনকে রাজ্যের দিয়ে-থুয়ে বিয়ে দিতে হয়নি? তবু মেয়ের কাছেই মাকে থাকতে হয়। ছেলেরা দূর ছাই করলেও মেয়ে আদরে রাখে। মেয়ে-জামাইয়ের কাছে থাকতে মায়ের ভারি লজ্জা লাগে। কিন্তু কী করবেন? কেবল মনে মনে বলেন, ‘ওরে, বুড়ো একদিন তোরাও হবি। এই দিন দিন না, আরও দিন আছে...’তবে অনেকেই মায়ের ভাগাভাগি বউ-শাশুড়ির দূরসম্পর্কের পরিণতি বলে মনে করেন। বলেন, ‘ভাই ভাই রক্তের বন্ধন, পৃথক হয় নারীর কারণ।’ এ কথাও অস্বীকার করার উপায় নেই যে শাশুড়ি-বউ মনস্তত্ত্ব বড় জটিল। কিন্তু ছেলে-বউয়ের সংসারে মা সুখে আছেন—এমন দৃষ্টান্তও যেমন একেবারে বিরল নয়, তেমনি শ্বশুর-শাশুড়িকে নিয়ে অনেক বউও নির্বিরোধ সংসার করছেন—এ সংখ্যা যত নগণ্যই হোক; তো মায়েরা মেয়ের বাড়িতে ভালো থাকলে ছেলের বাড়িতে কেন পারেন না? আবার বউয়েরা মাকে আদর-যত্নে রাখলেও শাশুড়িকে কেন রাখেন না?দেখলাম রুনা আর তার শাশুড়ির সংসার। চোখ জুড়িয়ে গেল। রুনার সঙ্গে বিকেলে অফিস থেকে বাজার হয়ে ওর বাসায় গেলাম। রুনার শাশুড়ি ঘরে তৈরি হরেক পদের নাশতা বানিয়ে আমাদের চা করে খাওয়ালেন। বললেন, ‘এই যে আমার হাতের কচুরি খেলে, আমার বউমা এর চেয়ে হাজার গুণ ভালো বানায়। একে তো সারা দিন অফিস করে, তারপর বাসায় এসেও যদি রান্নাঘরে ঢুকতে হয়, মায়ের প্রাণে তা সহ্য হয়, বলো?’ রুনা কিনে আনা স্যান্ডেল, শাল আর চশমা তুলে দিল শাশুড়ির হাতে। শাশুড়ি-বউয়ের একে অন্যের প্রতি ভালোবাসার দৃশ্য দেখে আনন্দে চোখে পানি এল।বাস্তবতা উপলব্ধি করা স্বশিক্ষিত নারী, সে শাশুড়িই হোক বা বউ, তাদের একজনকে নিয়ে আরেকজনের সমস্যা হয় না। তার পরও আমরা বেশির ভাগই উটপাখির মতো বর্তমানের বালুতে মুখ ডুবিয়ে ভবিষ্যেক না দেখার ভান করি। অনেকে ভাবেন, তবু তো বৃদ্ধাশ্রম আছে। সমদুঃখী-সমব্যথীরা আছেন আশপাশেই। বিকেলে রোদের ছায়া যখন সামনের ভবনের গা বেয়ে বেড়াল পায়ে নেমে গিয়ে মাটির রঙে মিশে যায়, তখন হয়তো মনে পড়ে নিজের বাড়ির আঙিনা, কুপি জ্বালানো হেঁশেল, নিকানো উঠোন, দরজায় ‘মা’ ডাক। দাওয়ায় বসে ভাত বেড়ে দিয়ে সারি সারি থালায় তুলে দিচ্ছেন মাছের টুকরো। মেজ ছেলেটা অনেক বড় হয়েও মাছের কাঁটা বেছে খেতে পারত না। ছোটটা মায়ের হাতের থালা পোঁছা না খেয়ে হাত ধুতো না—ওরা সব কেমন আছে? বাতাসে ওড়া ক্যালেন্ডারের দিকে তাকিয়ে ছানিপড়া চোখেও মা বারবার দেখেন—সামনের সপ্তাহে তিন দিনের সরকারি ছুটি। চার ছেলেমেয়ের কেউ না কেউ তো আসবেই।