ভাগ্নে শহীদ আরও তিন দিনের রিমান্ডে
বগুড়ার গোয়েন্দা পুলিশ জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) অন্যতম শীর্ষনেতা ভাগ্নে শহীদকে (৩০) আরও তিন দিনের রিমান্ডে নিয়েছে । আজ সোমবার দুপুর ১২টার দিকে পাঁচ দিনের রিমান্ড শেষে শহীদকে বগুড়ার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবদুর রশিদ অস্ত্র মামলায় শহীদকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজনে তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে হাকিম মো. হাসানুজ্জামান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।পুলিশ সদর দপ্তরের বিশেষ গোয়েন্দা বিভাগ কয়েক দিন ধরে বগুড়া ও গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে গত সোমবার নিষিদ্ধ সংগঠনটির নেতা শহীদসহ ছয়জন জঙ্গিকে গ্রেপ্তার করে।ওই অভিযানে নেতৃত্বদানকারী অতিরিক্ত পুলিশ সুপার জান্নাতুল হাসান প্রথম আলোকে জানিয়েছিলেন, ভাগ্নে শহীদ জেএমবির উত্তরাঞ্চলের বিভাগীয় প্রধান। গত মে মাসে সংগঠনটির আমির সাইদুর রহমান ঢাকায় গ্রেপ্তার হওয়ার পর শহীদ জেএমবির ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব নেন। তাঁর প্রকৃত নাম আনোয়ার আলম। সংগঠনে তিনি ভাগ্নে শহীদ নামে বেশি পরিচিত। এর আগে কিছুদিন ভাগ্নে শহীদ জেএমবির কথিত সামরিক শাখারও প্রধান ছিলেন।পুলিশ সূত্র জানায়, ভাগ্নে শহীদ একটি মামলায় ১৮ বছরের কারাদণ্ডাদেশপ্রাপ্ত। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা আছে।