ভাগ্যগুণে বেঁচে আছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের সয়দাবাদ রেলগেটের কাছে খালেদা জিয়ার জনসভামঞ্চের পাশে ট্রেনের নিচে কাটা পড়ে ছয়জন নিহত হন। এ ঘটনার পর সমাবেশে আসা বিএনপির নেতা-কর্মী-সমর্থকেরা ট্রেনটিতে আগুন ধরিয়ে দেন।ট্রেনটির সহকারী চালক ছিলেন রাজ গোবিন্দ। ওই সময় পিটুনিতে গুরুতর আহত হয়ে তিনি জেলার এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল তিনি হাসপাতাল ত্যাগ করেন। তদন্ত কমিটির কাছে ওই দিনের ঘটনা বর্ণনা করেছেন তিনি। তাঁর ঘনিষ্ঠ একজনের মাধ্যমে ওই ঘটনা সম্পর্কে প্রথম আলো জানতে পেরেছে। পরে প্রথম আলোর সঙ্গে ফোনে কথা বলেন তিনি।গোবিন্দ জানান, এই দুঃখজনক ঘটনার পেছনে তাঁর বা ট্রেনের অন্য কারও গাফিলতি ছিল না। অন্যান্য দিনের মতো ওই দিনও সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা আন্তনগর ট্রেনটি যেসব স্টেশনে থামার কথা ছিল, সেখানেই থেমেছে। সব সংকেত (সিগন্যাল) মেনেই ট্রেনটি চলছিল। তিনি জানান, সয়দাবাদ রেলগেটের কাছে এসে ট্রেন থামানো বা সেখানে গতি কমানোর কোনো নির্দেশনা ছিল না।ওই সময়ের কথা বলতে গিয়ে গোবিন্দ প্রথম আলোকে বলেন, ‘কিছুটা দূর থেকে ট্রেন লাইনের ওপর মানুষের জটলা দেখতে পাই। দূর থেকে হুইসেল বাজাই। ওই স্থানে রেলক্রসিংয়ের ওপর বাঁশ ফেলে যান চলাচল বন্ধ রাখা দেখতে পাই। এত কিছুর পরও ট্রেন লাইনের ওপর কেন মানুষ দাঁড়িয়ে ছিল, বুঝতে পারছিলাম না। ট্রেন এলে সাধারণত মানুষ সরে যায়। কিছুটা দূর থেকে যখন আমি দেখেছি মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, তখন থেকেই হুইসেল দিয়ে চলেছি। কিন্তু তারা সরেনি। ট্রেন মোটামুটি গতিতেই ছিল। অন্য যানবাহনের মতো ট্রেন ব্রেক করা যায় না। একেবারে কাছে এসে গেলে টানা হুইসেলের শব্দে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের অনেকে সরে গেলেও কয়েকজনের শরীরের ওপর দিয়ে ট্রেন চলে যায়।’ট্রেনটি সমাবেশস্থলের ২০০ গজের মধ্যে দাঁড়িয়ে পড়া প্রসঙ্গে চালক গোবিন্দ বলেন, চলন্ত অবস্থায় ট্রেনের ভ্যাকুয়াম পাইপলাইনটি ছিঁড়ে যায়। সেখান থেকে গ্যাস বেরোচ্ছিল। যার কারণে ট্রেনটি থামাতে হয়। রাজ গোবিন্দ জানান, ‘সমাবেশস্থল পার হওয়ার পর শত শত লোক ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে। এ সময় ট্রেনের জানালা দিয়ে পাথর ঢুকে যাত্রীদের গায়ে লাগলে তারা ট্রেন থামানোর জন্য চিৎকার করে। তখন সামনে অর্ধশতাধিক লোক রেললাইনের ওপর ব্যারিকেড সৃষ্টি করে। আর যাতে কেউ ট্রেনে কাটা না পড়ে, সে জন্য প্রধান চালক আছিরউদ্দিন জরুরিভাবে ব্রেক করায় পাইপ খুলে গিয়ে ট্রেনটি দাঁড়িয়ে যায়। সঙ্গে সঙ্গে বেশ কয়েকজন লোক ইঞ্জিনে উঠে এসে আমাদের মারধর শুরু করে। আমাকে ছুরিকাঘাত করে টাকা-পয়সা, মোবাইল ফোনসেট নিয়ে যায়।’সহকারী চালক হলেও গোবিন্দই ট্রেনটি চালাচ্ছিলেন। তিনি জানান, ‘ঘটনার পর দুই পাশ থেকে এলোপাতাড়ি পাথর এসে ট্রেনের কাচ ও জানালায় আঘাত হানে। ট্রেনের সামনেও একইভাবে পাথর মারতে থাকে তারা। তারা কোনো কথাই শুনতে চায়নি। ব্যাপক মারধর করতে থাকে। একপর্যায়ে আমার আর কোনো হুঁশ-জ্ঞান ছিল না। মনে হচ্ছিল, মরেই যাব। ভাগ্যগুণে বেঁচে আছি।’ এ সময় পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় বলে জানান তিনি।গোবিন্দ বলেন, ‘আমি তো খুনি না যে ইচ্ছা করে কাউকে মেরে ফেলব। যে চালকের ট্রেনে কেউ মারা যায়, সেই চালকের কি যে খারাপ লাগে, তা শুধু সে-ই জানে। কিন্তু আমার কী দোষ। ওই সময় আমার কী বা করার ছিল!’ওই স্থানের গেটম্যান হীরামন দাস বলেন, যথাসময়ে গেট লাগানো হয়। ঘণ্টা বাজানো হয়েছে। বারবার সবাইকে সরে যাওয়ার জন্য বলা হয়েছে। কিন্তু নেতা-কর্মীরা স্লোগান নিয়ে এত ব্যস্ত ছিলেন যে তাঁরা শুনতে পারছিলেন না। তা ছাড়া প্রচণ্ড শব্দে মাইকও বাজছিল।বগুড়া রেলস্টেশনের মাস্টার বেনজুরুল ইসলামও ওই ট্রেনের যাত্রী ছিলেন। তিনি জানান, ৭০ থেকে ৭৫ কিলোমিটার বেগে ট্রেনটি যাচ্ছিল। দুর্ঘটনার পর ট্রেনের মধ্যে বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়। পাথরের আঘাতে কত মানুষ যে আহত হয়েছে, তা বলা কঠিন।