ভাগ্যবান ১১,৭৫৮ জন
সরকারিভাবে প্রথম দফায় মালয়েশিয়ায় যাওয়ার জন্য নির্বাচিত হয়েছেন ১১ হাজার ৭৫৮ জন ভাগ্যবান। তাঁদের মধ্যে তিন হাজার ৬৪৬ জন ঢাকা বিভাগের, চট্টগ্রামের দুই হাজার ২৮৭, রাজশাহীর এক হাজার ৫৫১, খুলনার এক হাজার ২৭৯, সিলেটের ৮৭৩, রংপুরের এক হাজার ৩৬১ ও বরিশালের ৭৬১ জন। আজ বুধবার প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সামনে স্বয়ংক্রিয়ভাবে লটারির মাধ্যমে এ নির্বাচনপ্রক্রিয়া চালানো হয়। প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এ সময় বলেন, নির্বাচিত ব্যক্তিদের মুঠোফোনে প্রয়োজনীয় বার্তা পৌঁছে যাবে। এতে তাঁদের কোন কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে (টিটিসি) যেতে হবে, তা উল্লেখ থাকবে। টিটিসিতে নির্বাচিতদের যাচাই বাছাই এবং স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর তাঁদের ১০ দিনের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান, যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা কামাল, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক শামসুন্নাহার, পরিচালক মোহসিন চৌধুরী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির (আইআইসিটি) পরিচালক সাইফুল ইসলাম, মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রম কাউন্সিলর মন্টু কুমার ঘোষসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। মালয়েশিয়া যাওয়ার জন্য সারা দেশে মোট ১৪ লাখ ৪২ হাজার ৭৭৬ জন নাম নিবন্ধন করেছিলেন। তাঁদের মধ্য থেকে ৩৬ হাজার ৩৮ জন প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। তাঁরা সবাই মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন। তবে প্রথম দফায় ১০ হাজার কর্মী যেতে পারবেন। এ জন্যই ১১ হাজার ৭৫৮ জনকে নির্বাচিত করা হয়েছে। প্রবাসীকল্যাণমন্ত্রী সাংবাদিকদের বলেন, ফেব্রুয়ারির শেষের দিকে বা মার্চের শুরুতে কর্মীরা মালয়েশিয়া যাওয়া শুরু করবেন। তিনি বলেন, প্রাথমিকভাবে নির্বাচিতরা সবাই লটারির ক্রম অনুযায়ী মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন। তাই তাঁদের কাছে অনুরোধ, যাওয়ার জন্য তদবির করতে বা কোনো ধরনের প্ররোচনায় তাঁরা যেন কাউকে কোথাও কোনো টাকা না দেন। কারণ, টাকা দিয়ে কিংবা কারও সুপারিশে এই পদ্ধতিতে কারও মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ নেই। চার বছর বন্ধ থাকার পর মালয়েশিয়ায় কর্মী পাঠাতে গত ২৬ নভেম্বর দুই দেশের সরকারের চুক্তি হয়। তবে দুই দেশ এবার সরকারিভাবে কর্মী নেওয়ার সিদ্ধান্ত নেয়। গত ৩০ ডিসেম্বর মালয়েশিয়া প্রথম দফায় বনায়ন খাতের ১০ হাজার কর্মীর চাহিদাপত্র পাঠায়। এরপর ১৩ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত সারা দেশে নিবন্ধন শুরু হয়। বুয়েটের আইআইসিটির সহায়তায় জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এই নিবন্ধন সম্পন্ন করে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের অধীনে সারা দেশের ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রগুলোতে এই নিবন্ধন সম্পন্ন হয়। প্রত্যেক বিভাগে তিন দিনের নিবন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে লটারি হয়।