ভাগ্যের চাকা ঘোরাতে ওঁরা যাচ্ছেন মালয়েশিয়ায়
২১ বছরের তরুণ জুয়েল রানা। দারিদ্র্যের কারণে সপ্তম শ্রেণীর পর আর লেখাপড়া হয়নি। ছেলেকে কী কাজে দেবেন, তা নিয়ে চিন্তিত ছিলেন বাবা আবদুল আজিজ। তবে তাঁর দুশ্চিন্তা এখন অনেকটা ঘুচেছে। সরকারিভাবে মালয়েশিয়ায় যাওয়ার জন্য নির্বাচিত হয়েছেন জুয়েল। আগামীকাল বৃহস্পতিবার দুপুরে তাঁর ফ্লাইট।কেমন লাগছে—প্রতিক্রিয়া জানতে চাইলে মানিকগঞ্জের সিঙ্গাইরের জুয়েলের উত্তর, ‘অনেক ভালো লাগছে। কম খরচে মালয়েশিয়া যেতে পারছি। আশা করছি, পরিবারে সচ্ছলতা আনতে পারব।’ ছেলের কথায় আশাবাদী বাবা আবদুল আজিজও। তিনি আশা করেন, ছেলে বিদেশে গিয়ে ভাগ্যের চাকা ঘোরাতে পারবেন।ঢাকার অদূরেই কেরানীগঞ্জে বাড়ি আরেক তরুণ নাঈম খানের। অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা নাঈমকে নিয়ে এখন সব স্বপ্ন তাঁর পরিবারের। নাঈমের মা নাজমা বেগম জানান, তাঁর দুই ছেলে ও এক মেয়ে। নাঈমকে বেশি লেখাপড়া করাতে পারেননি। কিন্তু এখন ছেলে সরকারিভাবে বিদেশে যাচ্ছেন। তাঁর আশা, নাঈম সব অভাব ঘোচাবেন। আর এ জন্যই তিনি আল্লাহর কাছে দোয়া করেন।জুয়েল রানা আর নাঈমের মতোই আরশাদ, মোহাম্মদ ফরহাদ ও মোস্তাফিজুর রহমান এবং তাঁদের স্বজনেরা এখন দারুণ খুশি। মাত্র ৩৩ হাজার টাকা খরচ করে তাঁরা সরকারিভাবে মালয়েশিয়া যাচ্ছেন। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার দুপুরে ৭০ জন কর্মী নিয়ে প্রথম ফ্লাইট মালয়েশিয়ার উদ্দেশে উড়বে। বৃহস্পতিবার দুপুর ১২টা ৪০ মিনিটে মালয়েশিয়ান এয়ারলাইনসের এমএইচ-১০৩ ফ্লাইটে কর্মীরা কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হবেন। মালয়েশিয়ার বিমানবন্দরে বাংলাদেশ হাইকমিশনসহ ওই দেশের কর্মকর্তারা তাঁদের স্বাগত জানাবেন।জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) কর্মকর্তারা জানিয়েছেন, ইতিমধ্যে ৭০ জন ঢাকার আশকোনা হাজি ক্যাম্পে চলে এসেছেন। সরকারিভাবে প্রথম ব্যাচের কর্মী যাওয়া উপলক্ষে কাল বৃহস্পতিবার সকালে হাজি ক্যাম্পে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে প্রবাসীকল্যাণমন্ত্রী, সচিবসহ সংশ্লিষ্টরা থাকবেন। বিএমইটি সূত্রে জানা গেছে, ২৭ এপ্রিল দ্বিতীয় ফ্লাইটে আরও ৭০ জন এবং ২৯ এপ্রিল ৫৮ জন কর্মী যাবেন মালয়েশিয়ায়। এই কর্মীদের যেন কোনো সমস্যা না হয়, সে জন্য প্রথম তিনটি ফ্লাইটে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের দুজন করে কর্মকর্তা থাকবেন। ২০০৯ সালের মার্চে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ রাখে মালয়েশিয়া। দীর্ঘ কূটনৈতিক যোগাযোগের পর গত বছরের ২৬ নভেম্বর দুই দেশের মধ্যে সরকারিভাবে কর্মী পাঠানোর বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। আর কাল প্রথম ফ্লাইটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কর্মী যাওয়া শুরু হবে দেশটিতে।প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান প্রথম আলোকে বলেন, ‘মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম শ্রমবাজার। দীর্ঘ কূটনৈতিক প্রচেষ্টার পর সরকারি ব্যবস্থাপনায় এই শ্রমবাজার চালু হলো। আমরা আশা করছি, মালয়েশিয়ার মতোই সব দেশে আমাদের কর্মীরা কম খরচে যেতে পারবেন। আর ভবিষ্যতে মালয়েশিয়ার এই পদ্ধতি একটি মাইলফলক হয়ে থাকবে।’