ভাগ্যের পরিবর্তনে দারিদ্র্য বিমোচনের বিকল্প নেই: ডেপুটি স্পিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী বলেছেন, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে দারিদ্র্য বিমোচন করতে হবে। আর দারিদ্র্য বিমোচন করতে হলে অবশ্যই সবাইকে পরিশ্রম করতে হবে।আজ রোববার ঢাকায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) কর্তৃক আয়োজিত মাইক্রো ফিন্যান্স এবং টেকনিক্যাল সাপোর্ট শীর্ষক প্রকল্পের সমাপনী কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পিকার এ কথা বলেন।ডেপুটি স্পিকার বলেন, ‘দারিদ্র্যের মধ্যেই আমার জন্ম। তাই দারিদ্র্যতাকে আমি আমার নিজের জীবনে আত্মস্থ করতে শিখেছি। রাজনীতি করা আমার জীবনের লক্ষ্য নয়, আমার লক্ষ্য রাজনীতির মাধ্যমে দারিদ্র্য বিমোচন। যেদিন এ দেশ দারিদ্র্যমুক্ত হবে, সেদিন আমার জীবনের সাধ পূরণ হবে।’ডেপুটি স্পিকার আরও বলেন, পরিশ্রম ছাড়া যেমন জাতীয় উন্নয়ন সম্ভব নয়, তেমনি জনসংখ্যা রোধ ছাড়া উন্নয়নের সফলতা মানুষের কাছে পৌঁছানো সম্ভব নয়। তাই তিনি দেশের প্রতি ভালোবাসার নিদর্শনস্বরূপ প্রতিটি পরিবারে একটির বেশি সন্তান গ্রহণ না করার পরামর্শ দেন।ডেপুটি স্পিকার শওকত আলী বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আনুগত্যের কারণে আমি রাজনীতিতে যোগদান করি। বঙ্গবন্ধুর কাছে জনকল্যাণের যে রাজনীতি শিখেছি, সেটাই জীবনভর আত্মস্থ করার চেষ্টা করেছি। এখনো সে কাজ করে যাচ্ছি।’পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক কাজী মেসবাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক বি এ বাকি খলিলি এবং পিকেএসএফের মহাব্যবস্থাপক ফজলুল কাদের বক্তৃতা করেন।