বাংলাদেশের ক্রিকেট বিজয়ের সুখস্মৃতি নিয়ে যাঁরা আগের রাতে বিছানায় গেছেন, গতকাল রোববার ঘুম ভেঙে তাঁরা পেলেন এক আতঙ্কিত সকাল। শীতের ভোরের সব স্নিগ্ধতা খান খান হয়ে গেল আগুন আর ভাঙচুরের তাণ্ডবে। শহর-গ্রাম প্রকম্পিত হয়েছে গুলি, কাঁদানে গ্যাসের শেল আর ককটেল বিস্ফোরণের শব্দে। দিনভর চলা সে তাণ্ডবে গতকাল কার্যত অচল ছিল সারা দেশ। প্রাণ হারিয়েছেন অন্তত চারজন। ভাঙচুর করা হয়েছে ও আগুন দেওয়া হয়েছে প্রায় ৫০০ যানবাহনে। আহত হয়েছেন ছয় শতাধিক। আটক চার শতাধিক।বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের এ রাজপথ অবরোধে সবচেয়ে বেশি সক্রিয় ছিলেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। আর অবরোধকারীদের মোকাবিলার নামে রাস্তায় নেমে পুরান ঢাকায় অমানবিক এক হত্যাকাণ্ড ঘটিয়েছেন ছাত্রলীগের কর্মীরা। অবরোধকারীদের তাণ্ডব ছাপিয়ে দিন শেষে সব ধিক্কার যোগ হয়েছে ছাত্রলীগের হিসাবে।সরকারের দুঃশাসন ও দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধির প্রতিবাদে এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে সারা দেশে সড়ক অবরোধের ডাক দেয় ১৮ দলীয় জোট। তবে জোটের দ্বিতীয় প্রধান শরিক জামায়াত ও এর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবির গোলাম আযম, মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদীসহ যুদ্ধাপরাধের অভিযোগে আটক দলের নয়জন নেতার মুক্তির দাবিতে স্লোগান দেয়। তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিলেরও দাবি জানায়। সরকারি দল আওয়ামী লীগ দাবি করে আসছিল, যুদ্ধাপরাধের বিচার বানচালের জন্যই বিজয়ের মাস ডিসেম্বরে এ কর্মসূচি দেওয়া হয়েছে। ফলে যুবলীগ ও ছাত্রলীগ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল নিয়ে রাস্তায় নামে এবং অনেক জায়গায় অবরোধকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর মধ্যে পুরান ঢাকায় ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কবি নজরুল কলেজ শাখার ব্যানারে বের হওয়া একটি মিছিল থেকে কর্মীরা বিশ্বজিৎ দাস (২৪) নামের একজন দরজিকে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যা করেন। সিরাজগঞ্জের এনায়েতপুরে অবরোধ চলাকালে ওয়ারেজ আলী (৬০) নামের জামায়াতের একজন কর্মী হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। রাজধানীতে বিমানবন্দরের কাছে বাসের চাপায় মারা গেছেন মঙ্গল প্রামাণিক (২৭) নামের একজন যুবক। বিএনপির দাবি, মঙ্গল তাদের কর্মী, তাঁকে বাসচাপা দিয়ে মারা হয়েছে। সাভারের ধামরাইয়ে বিএনপির মিছিলে পদদলিত হয়ে মারা গেছেন পাভেল নামের এক যুবক। স্থানীয় বিএনপির দাবি, পাভেল তাদের সমর্থক। তবে তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন। এ ‘চারজনকে হত্যার বিচার ও গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তির দাবি’তে কাল মঙ্গলবার সারা দেশে হরতাল ডেকেছে ১৮ দল। এ ছাড়া নাটোরে বিএনপির নেতা রুহুল কুদ্দুস তালুকদারকে গ্রেপ্তার এবং সিরাজগঞ্জে জামায়াতের কর্মীর মৃত্যুর ঘটনায় আজ ওই দুই জেলায় হরতাল ডাকা হয়েছে। চট্টগ্রাম ও সিলেটে অনেকটা শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় জামায়াত-শিবিরের কর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন দিলে বিএনপির নেতা-কর্মীরা এসে তা পানি ঢেলে নিভিয়ে দেন। তাঁরা দাবি করেন, অবরোধ শান্তিপূর্ণভাবে পালন করা হচ্ছে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাতে সাড়া দিয়েছে। ভাঙচুর ও অগ্নিসংযোগের বাইরে অনেক দিন পর রাজনৈতিক কর্মসূচিতে বেশ কয়েক জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকালের কর্মসূচির আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল, গণমাধ্যমের পরিবহনের ওপর হামলা। ভোররাতে রাস্তায় নেমে পড়া পিকেটাররা অন্তত ছয়-সাত জায়গায় পত্রিকাবাহী গাড়িতে হামলা চালিয়েছে। ফলে উত্তরবঙ্গের অনেক এলাকায় পত্রিকা পৌঁছেনি। রাজধানীতে গাজী টেলিভিশনের একটি মাইক্রোবাস পুড়িয়ে দেওয়া হয়েছে। রংপুরের পীরগাছা ও গাইবান্ধায় অ্যাম্বুলেন্সও ভাঙচুর করা হয়েছে। ভোর হওয়ার আগেই অবরোধের সমর্থনে রাস্তায় নেমে পড়া কর্মীদের বাধায় অনেক জায়গায় রাতের যাত্রীবাহী গাড়ি আটকা পড়ে। বিশেষ করে, রাতের ঘন কুয়াশার কারণে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর যেসব যাত্রী পাটুরিয়া-দৌলতদিয়া ও মাওয়া-কাওরাকান্দি ফেরিঘাটে আটকা পড়ে, তাদের সারা দিন কাটে দুর্ভোগ আর আতঙ্কে। মাওয়ায় আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষে গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। আর, বঙ্গবন্ধু যমুনা সেতুর পশ্চিম পাড়ে ভোর পাঁচটা থেকে সহস্রাধিক গাড়ি আটকা পড়ে।ঢাকা ও আশপাশে ভাঙচুর-সংঘর্ষ: ভোর ছয়টায় কাঁচপুর, গাবতলী, সাভার, গাজীপুরসহ ঢাকায় প্রবেশের প্রধান পথগুলো বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা দখল করে নেন। সেখানে পুলিশের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসব প্রবেশমুখসহ রাজধানীর ভেতরে বিভিন্ন এলাকায় অন্তত ৩০০টি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। রেহাই পায়নি পুলিশের গাড়িও। আহত হয়েছেন ঢাকা মহানগর পুলিশের ১৪ জন সদস্য। বেলা দুইটার পর অচল রাজধানী আস্তে আস্তে স্বাভাবিক হয়।গতকাল ভোর হওয়ার আগেই সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে বিএনপি-জামায়াতের কর্মীরা প্রায় ১০০টি যানবাহন ভাঙচুর করেন। কাঁচপুর ও বিসিক শিল্পনগর এলাকায় ভাঙচুর করা হয় ২০ থেকে ২৫টি গাড়ি। ছাত্রলীগের নেতার মালিকানাধীন মেট্রো সিএনজি ফিলিং স্টেশনে ভাঙচুর এবং সেখানে থাকা পাঁচটি মোটরসাইকেল ও একটি মিনিবাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। সাংবাদিকদের দুটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। পান্থপথে পুলিশের ওপর হামলা ও তাদের একটি গাড়িতে আগুন দিয়েছে বিরোধী দলের কর্মীরা।এ ছাড়া মিরপুর, কাফরুল, মহাখালী, উত্তরা, শাহবাগ, নয়াপল্টন, যাত্রাবাড়ী ও পুরান ঢাকার কদমতলী, জুরাইনে সংঘর্ষ-ভাঙচুরের ঘটনা ঘটে।সারা দেশ: চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাট পৌর বাজারে বিএনপির কর্মীরা অন্তত ২০টি যানবাহন ভাঙচুর করেন। পৌর আওয়ামী লীগের সভাপতির হোটেল ভাঙচুরের প্রতিক্রিয়ায় ছাত্রলীগের কর্মীরা বিএনপির নেতাদের ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করেন।নাটোরে সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদারকে গ্রেপ্তারের ঘটনায় শনিবার দিবাগত রাতে বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ কর্মকার (৩২) ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি দেওয়ান শাহীন (৩৮) গুলিবিদ্ধ হন। সিরাজগঞ্জে অর্ধশতাধিক এবং বগুড়ায় পুলিশের গাড়িসহ ৩০টি যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। পাবনায় ভাঙচুর হয়েছে পাঁচটি গাড়ি। চুয়াডাঙ্গার জীবননগরে ১১টি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়েছে। ভাঙচুর করা হয় আওয়ামী লীগ ও বিএনপির কার্যালয়। দফায় দফায় সংঘর্ষে পুলিশসহ আহত হয়েছে ৪০ জন। ঝিনাইদহের শৈলকুপায় পুলিশ ভ্যানে আগুন, পুলিশের ১২ সদস্যসহ বিএনপির অর্ধশত কর্মী আহত হয়েছেন।কিশোরগঞ্জের কুলিয়ারচরে সংবাদপত্রবাহী মাইক্রোবাস ভাঙচুর করে দুই ঘণ্টা আটকে রাখা হয়। উপজেলার দারিয়াকান্দি, বাজরা ও আগরপুর বাসস্ট্যান্ডে আরও চারটি ট্রাক ভাঙচুর করা হয়। ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির কার্যালয়ে আগুন, ভালুকায় সংবাদপত্রের গাড়ি, ত্রিশালে পাঁচটি গাড়ি ও নেত্রকোনায় ছয়টি বাস ও টেম্পো ভাঙচুর করা হয়। নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও চাঁদপুরে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। বিএনপি: দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, ঢাকাসহ বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের মতো সহিংস ঘটনায় ১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের কোনো সংশ্লিষ্টতা নেই। সরকারের এজেন্টরাই এসব করে বিরোধী দলের ওপর দায় চাপাচ্ছে।মির্জা ফখরুল দাবি করেন, অবরোধ কর্মসূচিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। তবে বিভিন্ন স্থানে পুলিশ গুলি করেছে এবং আওয়ামী লীগের ‘গুন্ডা বাহিনী’ হামলা করেছে। এতে ঢাকা ও সিরাজগঞ্জে বিএনপি-জামায়াতের চারজন নিহত এবং সারা দেশে ছয় শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। সারা দেশে বিএনপির ৪৪০ জনের বেশি নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন।আওয়ামী লীগ: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ দাবি করেন, বিএনপি-জামায়াত রাজপথে ভাঙচুর, গাড়িতে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টি করে জনগণকে ঘর থেকে বের হতে বাধা দিতে চেয়েছে। কিন্তু জনগণ তাদের বাধা উপেক্ষা করে ঘর থেকে বের হয়ে এসেছে। তারা এ অবরোধ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, ‘এখনো সময় আছে, ফিরে আসুন। নইলে আগামীতে জনগণই বিএনপি-জামায়াতের নৈরাজ্যকর ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের জন্য রাজপথে তাদের প্রতিহত করবে।’