ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পাল্টাপাল্টি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক ব্যবসা নিয়ে আধিপত্য বিস্তারের জের ধরে গত মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। এ ঘটনায় মঙ্গলবার রাতেই শাহবাগ থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। গোয়েন্দাসহ স্থানীয় একাধিক সূত্র জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের দক্ষিণ প্রান্তে টিনের বেড়া দিয়ে ঘিরে রাখা নির্মাণাধীন শহীদ আসাদ ভাস্কর্যের জায়গায় মাদকসেবীদের আখড়া গড়ে উঠেছে। ঢাকা মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের সন্তানেরা স্থানটি নিরাপদ মনে করে মাদক সেবন ও ব্যবসা করছে। এর আধিপত্য বিস্তার নিয়ে দুই প্রতিষ্ঠানের কর্মচারীদের সন্তানদের মধ্যে কিছুদিন ধরে বিরোধ চলে আসছে।শহীদ আসাদ ভাস্কর্যের নিরাপত্তাকর্মী মো. সুলতান প্রথম আলোকে জানান, মঙ্গলবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারী আবদুল মজিদের ছেলে জুয়েল এক তরুণকে মারধর করে। বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর ছেলে সজল এতে বাধা দেয়। এ নিয়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়।সূত্রগুলো জানায়, এই হাতাহাতির খবর বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের কর্মচারীদের কোয়ার্টারে ছড়িয়ে পড়লে কর্মচারীদের সন্তানেরা একজোট হয়ে রাত সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিকেলের পশ্চিম দিকের ফুটপাতের কাছে আসে। এ সময় ঢাকা মেডিকেলের কর্মচারীদের সন্তানেরা তাদের ধাওয়া দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের শক্ষার্থীরা লাঠিসোঁটা ও রড নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের সন্তানেরা যোগ দেয়। প্রায় দুই ঘণ্টা অরাজক অবস্থা চলার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাসপাতালে চিকিৎসাধীন রোগীর স্বজনেরা অভিযোগ করেন, সংঘর্ষের আগেই হাসপাতালের জরুরি বিভাগের আশপাশের বন্ধ হয়ে যাওয়া ওষুধের দোকান রাতে আর খোলেনি।শাহবাগ থানা সূত্র জানায়, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় ঢাকা মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের পক্ষে পাল্টাপাল্টি মামলা হয়।ফুটপাতের দোকানি জীবন মিয়া বাদী হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শহীদুল্লাহ হল গেটের সজল, খায়রুজ্জামান, সাত্তার, সাইফুলসহ অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামি করে গত মঙ্গলবার মামলা করেন। মামলায় বলা হয়, এজাহারভুক্ত আসামিরা ঈদের আগে দোকানিদের কাছ থেকে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে ২০-২৫টি দোকানে ভাঙুচর, অগ্নিসংযোগ ও লুটপাট করেন। এতে তাঁদের ১৫-১৬ লাখ টাকার ক্ষতি হয়। বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের সন্তানদের পক্ষ থেকে দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, ঢাকা মেডিকেলের কর্মচারীদের সন্তানেরা শহীদুল্লাহ হলের গেটে পাঁচ-ছয়টি দোকান ভাঙচুর করেছে।জানতে চাওয়া হলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া পাল্টাপাল্টি মামলার কোনো আসামি গ্রেপ্তার হয়নি।