ভাঙচুর ও আগুনের দায় সরকারের ওপর চাপাল বিএনপি
১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচিতে বিভিন্ন স্থানে ব্যাপক গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের দায় সরকারের ওপর চাপিয়েছে বিএনপি।গতকাল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, ঢাকাসহ বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের মতো সহিংস ঘটনায় ১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের কোনো সংশ্লিষ্টতা নেই। সরকারের এজেন্টরাই এসব করে বিরোধী দলের ওপর দায় চাপাচ্ছে।মির্জা ফখরুল বলেন, অবরোধ কর্মসূচিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রমাণ হয়েছে, এই সরকারের ওপর জনগণের আর আস্থা নেই। নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এই দেশে নির্বাচন হবে না। তিনি অভিযোগ করেন, তাঁদের অবরোধ কর্মসূচিতে বিভিন্ন স্থানে পুলিশ গুলি এবং আওয়ামী লীগের ‘গুন্ডাবাহিনী’ হামলা করছে। এতে ঢাকা ও সিরাজগঞ্জে বিএনপি-জামায়াতের চারজন নিহত এবং সারা দেশ ছয় শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। নিহত নেতা-কর্মীদের মধ্যে একজন ছাত্রশিবিরের কর্মী বলে দাবি করেন। এ ছাড়া সারা দেশে বিএনপির ৪৪০ জনের বেশি গ্রেপ্তার হয়েছে বলেও দাবি করেন তিনি।