ভাঙচুর-বিক্ষোভের মধ্য দিয়ে সারা দেশে চলছে হরতাল
বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত পিকেটিং, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে আজ মঙ্গলবার সারা দেশে বিএনপির ডাকা হরতাল চলছে। নোয়াখালী: সকাল সাতটার দিকে নোয়াখালী শহরের জহিরুল হক গ্যারেজ এলাকায় টায়ারে অগ্নিসংযোগ করে পিকেটিং করে হরতাল সমর্থকেরা। একই সময় দত্তবাড়ির মোড়ে একটি ট্রাকে ভাঙচুর চালায় তারা। সকাল আটটা থেকে শহরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েনসহ বিশেষ টহল জোরদার করা হয়। পরিস্থিতি শান্ত আছে বলে সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) মো. এয়াছিন ফারুক জানিয়েছেন। এদিকে গতকাল সোমবার রাতে নোয়াখালী শহরসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপির ১৬ কর্মী-সমর্থককে আটক করেছে পুলিশ। এ নিয়ে গত তিন দিনে ৪৮ জনকে আটক করা হয়েছে।কেরানীগঞ্জ: সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনপুঁটিয়ায় বিএনপির কার্যালয় থেকে দলটির নেতা-কর্মীরা মিছিল বের চেষ্টা করে। এ সময় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের হামলায় বিএনপির ১৪-১৫ জন নেতা-কর্মী আহত হয়। আওয়ামী লীগের কর্মীরা বিএনপির ব্যানার-পোস্টার ছিনিয়ে নেয়। এ সময় পুলিশ বিএনপি কর্মীদের ধাওয়া দিলে তারা তাদের কার্যালয়ে ফিরে যায়। টঙ্গী (গাজীপুর): সকাল সাতটায় টঙ্গীর চেরাগ আলী থেকে কলেজগেট এলাকায় বিএনপির সমর্থকেরা কমপক্ষে ২০টি গাড়ি ভাঙচুর করেছে। এ ঘটনায় প্রায় ৩০ জন পথচারী আহত হয়েছে। পুলিশ লাঠিপেটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ হাসান উদ্দিন সরকার অভিযোগ করে বলেন, ‘আমাদের নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে হরতাল পালনের প্রস্তুতিকালে পুলিশ বিনা উসকানিতে লাঠিচার্জ করে ঘটনার সূত্রপাত করেছে।’