ভাঙচুরের অভিযোগে ১০ ছাত্রের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রের মৃত্যুর জের ধরে শাহবাগ এলাকায় গাড়ি ভাঙচুরের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ জন ছাত্রের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল রোববার রাতে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শেখ মহসীন আলম বাদী হয়ে মামলাটি করেন। শাহবাগ থানায় বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের ছাত্র মোহাম্মদ রহমতউল্লাহ, আরবি বিভাগের মাস্টার্সের ছাত্র শাহাবুদ্দীন, মোহাম্মদ হান্নান শরীফ ও মোহাম্মদ মমিনুর রহমান, একই বিভাগের সাইফুর রহমান, আবু জাফর, মোস্তাকিম বিল্লাহ, মাহবুবুর রহমান, মোহাম্মদ মামুন ও ওজায়ের হোসেন মনিরের বিরুদ্ধে মামলা করা হয়। এঁদের মধ্যে মোহাম্মদ রহমতউল্লাহ আটক আছেন। তিনি হাজি মুহাম্মদ মহসীন হলের ৪৩১ নম্বর কক্ষের বাসিন্দা। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল দুপুরে শাহবাগ এলাকায় গাড়িতে আগুন দেওয়ার সময় রহমতউল্লাকে হাতেনাতে আটক করা হয়। গতকাল কয়েক শ ছাত্র ভাঙচুরে অংশ নিয়ে এক কোটি টাকার সম্পদ নষ্ট এবং ১০-১৫ জন পুলিশ সদস্যকে আহত করে। এঁদের মধ্যে পুলিশ এই ১০ জনকে চিহ্নিত করে মামলা করেছে।এদিকে, গতকাল সিন্ডিকেটের বৈঠকে পরিবহন শ্রমিকদের হামলায় আরবি বিভাগের ছাত্র মোহাম্মদ রেদোয়ানের মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা করার সিদ্ধান্ত হয়। কিন্তু আজ সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এখনো মামলা করা হয়নি। তবে শাহবাগ থানায় একটি ও মতিঝিল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রসঙ্গত, গত শনিবার মতিঝিলে পরিবহন শ্রমিকদের হামলায় গুরুতর আহত রেদোয়ান ওই দিন রাতেই ধানমন্ডি আনোয়ার খান হাসপাতালে মারা যান। তাঁর মৃত্যুকে কেন্দ্র করে গতকাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক ভাঙচুর, বিক্ষোভ ও পুলিশের সঙ্গে ছাত্রদের সংঘর্ষে হয়।