ভাঙচুরের ঘটনায় শিবিরের তিন নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ধিত বেতন ফি প্রত্যাহারের দাবিতে আন্দোলনের সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় ছাত্রশিবিরের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বেলা আড়াইটার দিকে হাটহাজারী থানা পুলিশ বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে।পুলিশ জানায়, শিবিরের গ্রেপ্তার নেতারা হলেন ছাত্রশিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নেছার আহমদ, ক্যাম্পাস শাখার সভাপতি তোফায়েল আহমদ ও সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম।হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন সেলিম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নেছার আহমেদ বিশ্ববিদ্যালয়ে ভাঙচুরের ঘটনার মামলার এজাহারভুক্ত আসামি। তিনজনকেই ভাঙচুর ও পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার করা হয়েছে।ছাত্রশিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শামসুদ্দিন বলেন, ‘এটা সাজানো মামলা। এ মামলায় আমাদের সব নেতা-কর্মীকে হাইকোর্ট থেকে জামিন নেওয়া হয়েছে। এর পরও পুলিশ কেন গ্রেপ্তার করেছে, তা বোধগম্য নয়।’বর্ধিত বেতন ফি প্রত্যাহারের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে গত ২ আগস্ট বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একদল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে ব্যাপক ভাঙচুর করে ও পুলিশের ওপর হামলা চালায়।