ভাঙছে বাঁধ, বাড়ছে গ্রামবাসীর দুশ্চিন্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাঙনের মুখে পড়েছে বগুড়ার শেরপুরে বাঙ্গালী নদীর চারপাশ ঘেরা বেড়িবাঁধ। চলতি মৌসুমে নদীতে পানি বেড়ে যাওয়ায় দেখা দেয় এই ভাঙন। সবচেয়ে বড় ভাঙন দেখা দিয়েছে উপজেলার সুঘাট ইউনিয়নের সাহেববাড়ী ঘাট এলাকায়। এতে গ্রামবাসীর মধ্যে আতঙ্কও দেখা দিয়েছে।উপজেলার মির্জাপুর থেকে সীমাবাড়ী ইউনিয়নের চান্দাইকোনা পর্যন্ত প্রায় ২২ কিলোমিটারজুড়ে এই বাঁধটি স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) ১৯৯৭ সালে তৈরি করে। বাঁধ এলাকার কৃষকদের অভিযোগ, সংশ্লিষ্ট বিভাগ ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ না নেওয়ায় তাঁরা ফসলি জমি হারাতে বসেছেন। গত তিন বছর ধরে কৃষকদের জমি হারানোর ধারা অব্যাহত রয়েছে। তাঁরা জানান, চলতি মৌসুমে ইতিমধ্যে প্রায় ৫০ বিঘা ধানি জমিসহ এলাকার মানুষের ঈদগাহ মাঠটি নদীতে বিলীন হয়ে গেছে। এই ভাঙনের ধারা অব্যাহত রয়েছে। মির্জাপুরের আরিফুল ইসলাম জানান, গত তিন বছর আগে প্রায় সাত লাখ টাকা ব্যয় করে এলজিইডি ভাঙনস্থলে বাঁশ দিয়ে পাইলিং করলেও কোনো উপকারে আসেনি। উপজেলার সুঘাট ইউনিয়নের মেম্বার সাগর আলী জানান, বাঁধটি রক্ষা করতে হলে প্রয়োজন সিমেন্টের তৈরি ব্লক। উপজেলা প্রকৌশলী মো. শামসুজ্জামান জানান, বাঁধ সংস্কারের জন্য তিনি তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।