ভাঙছে মায়েদের শরীর, ভাঙছে সংসার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পড়াশোনা বন্ধ করে শিশু বয়সেই বিয়ে দেওয়া হচ্ছে। বছর না যেতেই মা হচ্ছে ওই শিশুরা। পুষ্টিহীনতায় ভাঙছে শরীর। কারও ভাঙছে সংসার। এরপর নবজাতক শিশুকে নিয়ে দরিদ্র বাবার সংসারে ফেরত আসছে শিশুমায়েরা। রংপুরের বদরগঞ্জ উপজেলায় বেশির ভাগ বাল্যবিবাহের পর এই চিত্র দেখা গেছে।গত ছয় মাসে উপজেলায় কতটি বাল্যবিবাহ হয়েছে তার কোনো পরিসংখ্যান সরকারি কোনো দপ্তরে নেই। তবে বাল্যবিবাহ নিয়ে উপজেলায় কয়েকটি বেসরকারি সংস্থা কাজ করছে। এর মধ্যে অতিদরিদ্র জনগণের অধিকার নিশ্চিতকরণ ও ব্যবসা উন্নয়ন প্রকল্পের (এসোড) উপজেলা ব্যবস্থাপক শাহনাজ পারভীন বলেন, বদরগঞ্জে প্রতিমাসে গড়ে কমপক্ষে ২৫টি বাল্যবিবাহ হচ্ছে। এর মধ্যে সংসার ভাঙছে গড়ে কমপক্ষে ১৮ জনের। এ হিসাবে গত মে থেকে অক্টোবর মাস পর্যন্ত বাল্যবিবাহ হয়েছে ১৫০টি। সংসার ভেঙেছে ১০৮টি।এই পরিসংখ্যানের সঙ্গে অনেকটা একমত পোষণ করেছেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মাঠ কর্মকর্তা রফিকুল আলম ও নাগরিক উদ্যোগের এলাকা কর্মকর্তা শিল্পী শিকদার।শিল্পী শিকদার বলেন, ‘নাগরিক উদ্যোগের আইন সহায়তা ও তদন্তকেন্দ্র রয়েছে। আমরা প্রতিমাসে উপজেলা থেকে গড়ে কমপক্ষে ২৮টি অভিযোগ পাই। এর মধ্যে গড়ে ২০টি অভিযোগ থাকে বাল্যবিবাহ-পরবর্তী সমস্যা সম্পর্কে। শত প্রচেষ্টা সত্ত্বেও উপজেলায় কিছুতেই বাল্যবিবাহ রোধ করা যাচ্ছে না।’সরেজমিনে ওসমানপুর গ্রাম: গত দেড় বছরে বদরগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামের মনছুরা খাতুন (১৪), উম্মে কুলসুম (১৩), রেবেনা খাতুন (১৩), বেলেনা (১২), আদরী বানু (১৩), মনোয়ারা (১৪), মোবাশ্বেরা খাতুন (১৪), এসমোতারা (১৫), আপেলা (১৩), হোসনে আরা (১২), মরিয়ম (১৩), জেসমিন (১৪), আঞ্জুয়ারা টুনি (১২) ও আবিয়া খাতুনসহ (১৫) ২১ জন মেয়ের বিয়ে হয়েছে। এরা পঞ্চম থেকে নবম শ্রেণীতে পড়ত।পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিয়ের পর রেবেনা ও আদরী বানু মৃত সন্তান প্রসব করে। বিয়ের এক মাস পর এসমোতারার সংসার ভাঙে। ইচ্ছার বিরুদ্ধে তাকে আবার বিয়ে দেওয়া হয়। বিয়ের এক বছরের মাথায় আঞ্জুয়ারার সন্তান হওয়ার পর স্বামী নিরুদ্দেশ হয়। ভাঙা শরীরে সন্তান নিয়ে আঞ্জুয়ারা এখন দরিদ্র বাবার সংসারে।আরও কয়েকটি গ্রামের চিত্র: গত ১৫ জুন রামনাথপুর মাষানডোবা গ্রামের রিকশাভ্যানচালক মোহাম্মদ আলীর মেয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী লতা খাতুন (১২) বিয়ের পিঁড়িতে বসে। খবর পেয়ে প্রশাসন তা বন্ধ করে দেয়। পরে অভিভাবকেরা গোপনে তার বিয়ে দেন। একই গ্রামের মকবুল হোসেনের মেয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী মোশরেফা খাতুনের (১২) বিয়ে হয় ১০ মাস আগে। বিয়ের পাঁচ মাসের মাথায় তার সংসার ভাঙে, সে এখন বাবার বাড়িতে।মোস্তফাপুর গ্রামের দরিদ্র মোকছেদুল হক দুই বছর আগে মেয়ে মোহসিনার (১৪) বিয়ে দেন। শ্বশুরবাড়ির নির্যাতন সইতে না পেরে বছর না যেতেই সে বাবার সংসারে ফিরে আসে। তিন বছর আগে বদরগঞ্জ পৌরসভার রেলবস্তি এলাকার মহিম হোসেনের মেয়ে সুমির (১৪) বিয়ে হয় কুড়িগ্রামে। স্বামী শওকত আলীকে নিয়ে সুমি থাকত ওই বস্তিতে। একটি ছেলে জন্মের পর ভেঙে পড়ে তার শরীর। স্ত্রী-সন্তানকে ফেলে নিরুদ্দেশ হন স্বামী। মোকসেদপুর গ্রামের ইয়াসিন আলীর মেয়ে উম্মে কুলসুম (১২) অন্তঃসত্ত্বা। যৌতুক না দেওয়ায় গত ১৬ জুলাই তাকে তালাক দেন স্বামী। বর্তমানে সে বাবার বাড়িতে।কালুপাড়া গ্রামের রফিদ হোসেনের মেয়ে সাবিনা খাতুনের (১২) বিয়ে হয় কবিরাজপাড়া গ্রামের আতিকুলের সঙ্গে। ২৫ জুন আতিকুল মেয়েটিকে তালাক দেন। ঘাটাবিল গ্রামের সেকেন্দার আলীর মেয়ে শাহিদা খাতুনের (১২) সঙ্গে মধুপুর গ্রামের মেনহাজুলের বিয়ের পর গত ২৯ জুলাই মেনহাজুল মেয়েটিকে তালাক দেন। দামোদরপুর ইউনিয়নের আমরুলবাড়ি গ্রামের তছলিমুদ্দিনের মেয়ে নাসরিনের (১২) বিয়ে হয় বছর তিনেক আগে। বছর ঘুরতেই শিশুটির একটি সন্তান হয়। কথা বলার সময় সন্তান কোলে নিয়ে কাঁদছিল নাসরিন। বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক সুনীল চন্দ্র রায় বলেন, ‘কম বয়সে বিয়ে হলে শিশুমেয়েদের জরায়ুমুখের কোষগুলো পরিপক্ব হওয়ার আগেই স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে হয়। এতে চরম ঝুঁকির মধ্যে পড়ে মেয়েটি। অনেকে মৃত সন্তানও প্রসব করে। বেশির ভাগ মেয়ের শরীর ভেঙে পড়ে।’গত ছয় মাসের মধ্যে বিয়ে হয় দামোদরপুর মৌলভীপাড়া গ্রামের নূর বানু (১৩), আসমতপাড়া গ্রামের ফেরদৌসী (১১), মোহসিনা খাতুন (১৪), বারবিঘার মোতাহারা (১৪), পলিপাড়ার তামান্না খাতুন (১৪), হাটখোলাপাড়ার সুমাইয়া খাতুন (১৫), আলেয়া খাতুন (১৫) ও পঞ্চায়েতপাড়ার কোরায়শা খাতুনের (১৫)। এরা সবাই আফতাবগঞ্জ দ্বিমুখী দাখিল মাদ্রাসায় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রী ছিল। মাদ্রাসার তত্ত্বাবধায়ক আবদুল আহাদ সরকার বলেন, চেষ্টা করেও ওই ছাত্রীদের বাল্যবিবাহ ঠেকানো যায়নি। অভিভাবকেরা অল্প বয়সেই মেয়েদের বিয়ে দেওয়ার দিকে ঝুঁকছেন।আইনে যা বলে: বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটরা এক মাস বিনা শ্রম কারাদণ্ডাদেশ, এক হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করতে পারেন। নিষেধ না মেনে বাল্যবিবাহ অনুষ্ঠানের ব্যবস্থাপনা বা পরিচালনাকারী, বাল্যবিবাহের শিকার সংশ্লিষ্ট ব্যক্তিদের মা-বাবা ও অভিভাবকদের জন্যও একই শাস্তির বিধান আছে।বাল্যবিবাহের কারণ: অভিভাবকদের সঙ্গে কথা বলে দেখা যায়, তাঁদের অসচেতনতা, দারিদ্র্য, উত্ত্যক্তকারীদের উৎপাত, সামাজিক চাপসহ নানা কারণে বাল্যবিবাহ হচ্ছে। অভিভাবকদের ধারণা, কম বয়সে মেয়েদের বিয়ে দিতে না পারলে বয়স বাড়ার সঙ্গে যৌতুকের পরিমাণও বাড়ে।পাঁচ কাজির বিরুদ্ধে অভিযোগ: বদরগঞ্জে অধিকাংশ বাল্যবিবাহ পড়ান উপজেলার পাঁচজন নিকাহ নিবন্ধক (কাজি)। তাঁরা হলেন, পৌরসভার আজহারুল ইসলাম, নূর ইসলাম, পৌর কাউন্সিলর মোকছেদুল হক, বিষ্ণুপুর ইউনিয়নের আবদুল মাবুদ ও দামোদরপুর ইউনিয়নের আবু মুছা। তাঁদের মধ্যে আজহারুল তিন দিন ও নূর ইসলাম ১১ দিন জেলও খেটেছেন।উপজেলা কাজি সমিতির সভাপতি শহিদুল ইসলাম বলেন, ‘কাজিরা বাল্যবিবাহ পড়াতে চান না। চাপে পড়ে ও জনপ্রতিনিধিরা জন্মনিবন্ধন সনদে মেয়েদের বয়স বাড়িয়ে ১৮ বছর লিখে দিলে করার কিছুই থাকে না।’জনপ্রতিনিধির বক্তব্য: উপজেলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সমিতির সভাপতি ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বলেন, ‘আমরা কখনোই মেয়েদের বয়স বাড়িয়ে জন্মনিবন্ধন সনদ দিই না। তবে কেউ কেউ ফাঁকা সনদ সংগ্রহ করে তাতে কাঙ্ক্ষিত বয়স লিখে নেন। এসব সনদে চেয়ারম্যানদের স্বাক্ষর থাকে না।’কর্মকর্তাদের ভাষ্য: উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রোকসানা বানু বলেন, ‘গত ছয় মাসে উপজেলায় কতটি বাল্যবিবাহ হয়েছে তার কোনো পরিসংখ্যান আমার দপ্তরে নেই।’