ভাঙতির বদলে ধোলাই!
টাকা ভাঙাতে চেয়েছিলেন তিনি। কিন্তু তা না দেওয়ায় দোকানদারকে মারধর করেন। এরপর তাঁর ভাগ্যে জোটে ছাত্রদের ধোলাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলের সামনে আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ছাত্ররা জানান, আজ দুপুরে ছাত্রলীগের বঙ্গবন্ধু হল শাখার সহসম্পাদক কামরুল হাসান এফ রহমান হলের সামনে মোবাইল ফোনে টাকা লোড করার দোকানে ৫০০ টাকার ভাঙতি চান। দোকানের কর্মচারী সাজু আহমেদ ভাঙতি নেই বললে তিনি তাকে মারধর করেন। কর্মচারী এই ঘটনা দোকানের মালিক ও এফ রহমান হলের বাংলা বিভাগের ছাত্র মাহিমকে জানালে তিনি হলের ছাত্রদের নিয়ে কামরুলকে পেটান। এরপর তাঁরা কামরুলকে হল প্রাধ্যক্ষ আজিজুর রহমানের হাতে সোপর্দ করেন। পরে বঙ্গবন্ধু হলের একজন আবাসিক শিক্ষক এসে তাঁকে নিয়ে যান। জানা গেছে, কামরুল আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ও বঙ্গবন্ধু হলের বাসিন্দা।আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, এ বিষয়ে বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষের সঙ্গে কথা হয়েছে। তিনি একটি লিখিত বক্তব্য চেয়েছেন। শিগগিরই তা দেওয়া হবে।বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ অধ্যাপক বায়তুল্লাহ কাদেরী জানান, ওই ছাত্র যে কাজ করেছে তাতে হলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।