ভাঙন থেকে বাঁচতে চায় তিন গ্রামের মানুষ
বাঙালি নদীর ভাঙনের হাত থেকে স্থায়ীভাবে রক্ষা পেতে চায় বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের তিন গ্রামের বাসিন্দারা। তারা অভিযোগ করে, নির্বাচন এলে শুধু প্রতিশ্রুতি পাওয়া যায়। পরে আর কেউ মনে রাখে না। ফলে গ্রামের ছয় শতাধিক পরিবারকে দুশ্চিন্তায় থাকতে হয়।সরেজমিন দেখা যায়, উপজেলা শহর থেকে প্রায় আট কিলোমিটার পূর্বদিকে খামারকান্দি ইউনিয়নের বাঙালি নদীর পাশে ভাঙনের মুখে ঝাঁজর গ্রাম। ঝাঁজর দক্ষিণপাড়া গ্রামসহ নলডিংগী ও বরীতলী গ্রামগুলোতে বাস করে ছয় শতাধিক পরিবার। প্রতিবছর বর্ষার পর ভাঙনের মুখে পড়ে এ গ্রামগুলো। এ কারণে ইতিমধ্যে গ্রামের অনেকাংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আশ্রয়হীন হয়ে পড়েছে অনেকে। ভাঙনের কারণে গ্রামের মানুষের কেনাকাটার একমাত্র ঝাঁজর বাজারটি দিন দিন ছোট হয়ে আসছে।ঝাঁজর দক্ষিণপাড়া গ্রামের লক্ষণ হাওয়ালদার জানান, বর্ষার পর ভাঙনের কারণে প্রতিবছরই গ্রামের লোকজনের বাড়ি অন্যত্র সরাতে হয়েছে। বাড়ি ভেঙে তাদের আশ্রয় নেওয়ার আর কোনো জায়গা থাকবে না। তাদের হতে হবে ভূমিহীন।গৃহিণী শান্তনা রানী সরকার জানান, তাঁরা সবাই গরিব মানুষ। অন্যত্র জায়গা কিনে বাড়ি করার মতো টাকা-পয়সাও তাঁদের নেই। নলডিংগী গ্রামের জলিল হোসেন, বরীতলী গ্রামের রফিকুল ইসলাম, মোজাহার আলীসহ একাধিক ব্যক্তি জানান, বিগত দিনে একাধিক জনপ্রতিনিধি প্রতিশ্রুতি দিয়েছিলেন নদীভাঙনের হাত থেকে গ্রামটি রক্ষা করবেন। গ্রামবাসী তাদের কথা বিশ্বাস করেছিল। কিন্তু পরে জনপ্রতিনিধিরা তাদের প্রতিশ্রুতি রক্ষা করেননি।খামারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক জানান, ভাঙনের হাত থেকে গ্রামবাসীকে রক্ষা জরুরি হয়ে দাঁড়িয়েছে। নদীর তীর দিয়ে আড়াআড়িভাবে বাঁধ দেওয়া গেলে ওই গ্রাম রক্ষা করা সম্ভব। নইলে ইউনিয়নের মানচিত্র থেকে গ্রামগুলো একদিন হারিয়ে যাবে। আশ্রয়হীন হয়ে পড়বে শত শত পরিবার। তিনি গ্রামগুলো রক্ষার জন্য ওই নদীতে আড়াআড়ি বাঁধের দাবি জানিয়ে উপজেলা পরিষদের সমন্বয় কমিটি এবং বিগত সময়ে সাংসদদের কাছে একাধিকবার অনুরোধ জানিয়েছেন। কিন্তু কোনো উপকার হয়নি। এ জন্য গ্রামের লোকজন তাঁকেও দোষারোপ করে।উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান বলেন, বাঙালি নদীর তীরে ওই সব গ্রামের বাসিন্দারের সমস্যা তিনি জানেন। পানি উন্নয়ন বোর্ডে যোগাযোগ করে স্থায়ী সমাধানের জন্য তিনি পদক্ষেপ নেবেন।