ভাঙন থেকে রক্ষা পেতে প্রার্থনা
মেঘনা নদীর ভাঙন থেকে রক্ষা পেতে প্রার্থনারত কয়েক শ মানুষ। তাদের মধ্যে কেউ মুসলিম, কেউ বা হিন্দু। কেউ করছেন গঙ্গাপূজা ও গীতাপাঠ, কেউ বা পড়ছেন মিলাদ, দিচ্ছেন কোরআনখানি। উদ্দেশ্য একটাই—আবাদি জমিসহ শেষ সম্বলটুকু নদী যাতে গ্রাস না করে। আজ শুক্রবার সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত লক্ষ্মীপুরের রামগতিতে এই বিশেষ প্রার্থনা চলে। উপজেলার নদীভাঙা হিন্দু ও মুসলিম পরিবারের নারী, শিশুসহ কয়েক শ মানুষ ভাঙনকবলিত পৃথক দুটি স্থানে ওই প্রার্থনায় অংশ নেয়। উপজেলা নদীভাঙন প্রতিরোধ কমিটি এবং উপজেলা সদর চর আলেকজান্ডার বাজারের হিন্দু সম্প্রদায় এ প্রার্থনার আয়োজন করে।মেঘনা নদীর ভাঙন থেকে রক্ষা পাওয়ার জন্য রামগতির আসলপাড়ায় হিন্দু সম্প্রদায় গঙ্গাপূজা করে। ওই সময় নারী, শিশুসহ ৫০০ মানুষ গীতা পাঠ ও সমবেত প্রার্থনায় অংশ নেয়।এদিকে ভাঙনকবলিত উপজেলা পরিষদ এলাকায় উপজেলা নদীভাঙন প্রতিরোধ কমিটি কোরআনখানি, মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। স্থানীয় ৩০টি মসজিদেও একই রকম দোয়ার আয়োজন করা হয়। পরে জুমার নামাজ শেষে বেলা তিনটায় নদী ভাঙনকবলিত মৌলভীরকান্দি এলাকায় ওই ৩০টি মসজিদের মুসল্লিরা বিশেষ মোনাজাতে অংশ নেন।রামগতিতে মেঘনার ভাঙনে গত এক মাসে দুই শতাধিক পরিবার গৃহহারা হয়েছে। এ ছাড়া আবাদি জমিসহ অনেক স্থাপনা মেঘনার ভাঙনে বিলীন হয়েছে। সম্প্রতি উপজেলার ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান, উপজেলা সদর এলাকা, উপজেলা পরিষদ কার্যালয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রামগতিরহাট, বিবিরহাট, রামদয়াল বাজারসহ উপজেলার চারটি ইউনিয়ন মেঘনার ভাঙনের মুখে পড়েছে।