ভাঙন রোধে ৯৭ কোটি টাকার প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু প্রকল্পের নির্মাণসামগ্রী রাখার মাঠের (কনস্ট্রাকশন ইয়ার্ড) ভাঙন প্রতিরোধ প্রকল্পে ঠিকাদার নিয়োগ হচ্ছে আজ মঙ্গলবার। শরীয়তপুরের জাজিরায় দুই কিলোমিটার নদীর তীর ভাঙন প্রতিরোধে কাজ হবে। সেতু ভবনে বেলা ১১টায় সরকার ও ভারতের ঠিকাদারি প্রতিষ্ঠান ভারতীর সঙ্গে এ-সংক্রান্ত চুক্তি হবে। ভারতীর সঙ্গে বাংলাদেশের মহিউদ্দিন বিল্ডার্স লিমিটেড (এমবিএল) যৌথভাবে এই কাজ পেয়েছে। ভারতী-এমবিএলের দেওয়া ৯৭ কোটি টাকার প্রস্তাবটি সর্বনিম্ন বিবেচনায় নিয়ে তাদের ভাঙন প্রতিরোধকাজে নিয়োগ দিতে যাচ্ছে সরকার। এর আগে সরকারের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গত বছরের ২৯ ডিসেম্বর ভারতী-এমবিএলকে নিয়োগের বিষয়টি অনুমোদন দেয়। গত বছর জুন মাসে দরপত্র জমা নেওয়া হয়। এই প্রকল্পের কাজের অর্থ বাজেটের উন্নয়ন খাতের বরাদ্দ থেকে ব্যয় করা হবে। সেতু বিভাগ সূত্র জানায়, ভাঙন প্রতিরোধ প্রকল্পের ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া কয়েক মাস আগেই চূড়ান্ত হয়। কিন্তু এর মধ্যে প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোহাম্মদ ফেরদাউস পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি ষড়যন্ত্রের মামলায় গ্রেপ্তার হন। এরপর প্রকল্পটি পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করে সেতু বিভাগ। পরে অবশ্য এই প্রক্রিয়া থেকে সরে এসে নিজেরাই বাস্তবায়নের সিদ্ধান্ত নেয় সেতু বিভাগ। পদ্মা সেতু প্রকল্প সূত্র জানায়, জাজিরা প্রান্তে ভাঙন শুরু হওয়ায় গত বছর প্রকল্পের বিশেষজ্ঞরা দ্রুত তা প্রতিরোধের পরামর্শ দেয়। এর পরই দরপত্র আহ্বান করা হয়। এই এলাকাটি পদ্মা সেতু প্রকল্পের অধীনে নদীশাসনের আওতায় ছিল। পদ্মা সেতু প্রকল্পের কাজ দেরি হওয়ার কারণে আলাদা প্রকল্প তৈরি করে তা করতে হচ্ছে বলে সূত্র জানায়।