ভাঙন রোধের চেষ্টা
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের উজান বোচাগারী গ্রামের তিন সহস্রাধিক ঘরবাড়ি, ১৫০ একর আবাদি জমি গত পাঁচ বছরে তিস্তা নদীর ভাঙনে বিলীন হয়েছে। চলতি মৌসুমে ভাঙন আরও ভয়াবহ রূপ নিয়েছে। অথচ ভাঙন রোধে পাউবো কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাই স্বেচ্ছাশ্রমে ভাঙন ঠেকানোর ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে গ্রামবাসী। গত ২০ নভেম্বর থেকে ভাঙনস্থলে বাঁশের পাইলিং দিয়ে স্পার নির্মাণ করে তারা। এতে ভাঙন রোধ হয়েছে বলে এলাকাবাসী দাবি করছে। গ্রামে সম্পূর্ণ ভাঙন রোধ না হওয়া পর্যন্ত পাইলিংয়ের কাজ অব্যাহত থাকবে বলে উদ্যোক্তারা জানান।সরেজমিনে দেখা গেছে, স্বেচ্ছাশ্রমে ভাঙন ঠেকানোর কর্মযজ্ঞ। এই উদ্যোগে সাড়া দিয়ে কেউ বাঁশ, কেউ রশি, কেউ কাঠ দিয়ে সহায়তা করে। সবচেয়ে বেশি ভাঙনকবলিত উজান বোচাগারী গ্রামের নৌঘাট এলাকায় স্বেচ্ছাশ্রমের কাজ শুরু হয়। শুরুর পর থেকে গত নয় দিনে গ্রামবাসী সাতটি বাঁশের পাইলিং নির্মাণ করে। এতে অংশ নেয় গ্রামের শতাধিক ছাত্র শিক্ষক, কৃষক, ব্যবসায়ী ও দিনমজুর। শরিয়ত উল্লাহ নামে উদ্যোক্তদের একজন বলেন, গ্রামবাসীদের সহায়তা ছাড়াও এ কাজ দেখে উপজেলা চেয়ারম্যান ওয়াজেদুজ্জামান সরকার ৩০ হাজার এবং স্থানীয় সাংসদ কর্নেল (অব.) আবদুল কাদের খান ১০ হাজার টাকা অনুদান দেন। এই টাকা দিয়ে বাঁশসহ অন্যান্য উপকরণ কেনা হয়।উজান বোচাগারী গ্রামের কৃষক মিলন মিয়া (৫০) বলেন, ‘তিন বিঘা জমি তিস্তায় বিলীন হওয়ায় নিঃস্ব হয়েছি। তাই সরকারের অপেক্ষায় না থেকে নিজের কাজ নিজেই করছি।’ একই গ্রামের কলেজছাত্র জামিল আহমেদ বলেন, ‘নদীর ভাঙন ইউনিয়নের প্রধান সমস্যা হলেও সরকার ভাঙন রোধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা শুধু প্রতিশ্রুতি দেন। কাজের কাজ কিছুই হয় না। এই ক্ষোভ থেকে মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বেচ্ছাশ্রমে ভাঙন রোধে নেমেছে। মানুষের এই উদ্যোগ দেখে আমরা বসে থাকতে পারিনি।’একই গ্রামের রিকশাচালক কাসেম আলী (৪২) নিজের ভাষায় বলেন, ‘সরকারের ভরসায় থাকতে থাকতে হামারঘরে সগি শ্যাষ হয়্যা গ্যাচে। হামরা পতের ফকির হবার ধরচি। নিজের কাম নিজে না করি বুদ্দি নাই। তাই ভাঙন ঠেকপ্যার জন্নে কাম করব্যার নাগচি।’ উত্তর হরিপুর গ্রামের স্কুলশিক্ষক আশরাফুল আলম বললেন, ‘গ্রামবাসীদের এই মহৎ উদ্যোগ আমাদেরও কাজে অংশ নিতে বাধ্য করেছে।’চণ্ডীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ইউপি) খোরশেদুল আলম জানালেন, তিস্তার ভাঙন রোধে পাউবোকে লিখিতভাবে জানিয়েও কোনো কাজ হয়নি। অবশেষে জনগণকে উদ্বুদ্ধ করে এই কাজ করা হচ্ছে। অথচ পাউবো এই কাজ করলে বিল উঠত প্রায় ১০ লাখ টাকা। তিনি বলেন, ‘জনগণকে কাজে উদ্বুদ্ধকরণ ছাড়াও ইউনিয়ন পরিষদ থেকে অনুদান দেওয়া হয়েছে। এ ছাড়া কাজের সার্বিক তদারকি করছি।’ গাইবান্ধা পাউবোর নির্বাহী প্রকৌশলী মীর মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘স্বেচ্ছাশ্রমে বাঁশের পাইলিং দিয়ে স্পার নির্মাণের কথা শুনেছি। ওই এলাকার নদী ভাঙনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ইতিমধ্যে নদীর ভাঙন ঠেকাতে প্রকল্প প্রণয়নের কাজ শুরু করা হয়েছে। প্রকল্পের অনুমোদন ও অর্থ বরাদ্দ পাওয়া গেলে কাজ শুরু করা হবে।’