ভাঙল লেখক-পাঠকের মিলনমেলা
বহু লেখক-পাঠককে তিন দিন ধরে মাতিয়ে রাখা হে আন্তর্জাতিক সাহিত্য উৎসবের পর্দা নামল গতকাল শনিবার। সাহিত্য বিষয়ে প্রাণবন্ত ও উপভোগ্য আলোচনার পাশাপাশি লেখক ও সাহিত্যামোদীদের ভাববিনিময় ও যোগাযোগের কেন্দ্রে পরিণত হয়েছিল এ উৎসব।রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল, এমনকি বিদেশ থেকেও প্রবাসী বাঙালি এবং ভিনদেশিদের অনেকে এ উৎসবে যোগ দেন। আয়োজকেরা মনে করছেন, বিপুলসংখ্যক মানুষের সোৎসাহ অংশগ্রহণ প্রমাণ করে, সত্যিকার অর্থে সফল আয়োজন ছিল এ উৎসব।উৎসবের শেষ দিন সকাল থেকেই বাংলা একাডেমীর সবুজ চত্বর জমে উঠেছিল লেখক, কবি, শিল্পী ও তাঁদের অনুরাগীদের আগমনে। তাঁদের উৎসাহ-উদ্দীপনা ছিল দিনজুড়ে। সন্ধ্যায় বাংলা একাডেমী ভবনের মূল মিলনায়তনে হয় সমাপনী অনুষ্ঠান। লালনের গান পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় উৎসব।‘কল্পনায় বিশ্ব’—এই মূল ভাবনা নিয়ে তিন দিনের হে আন্তর্জাতিক সাহিত্য উৎসব মিলিতভাবে আয়োজন করেছিল ব্রিটিশ কাউন্সিল, বাংলা একাডেমী, ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার, প্রথম আলো, যাত্রিক ও জেমকন গ্রুপ।আগের দুই দিনের মতো গতকালও একসঙ্গে তিনটি মঞ্চে চলে নানা রকমের অধিবেশন। নতুন ভবনের প্রধান মিলনায়তন, সেমিনার কক্ষ এবং প্রাঙ্গণে উন্মুক্ত মঞ্চে ছিল নানা ধরনের আয়োজন। সাহিত্য নিয়ে আলোচনা তো ছিলই, বাদ পড়েনি কবিতা আবৃত্তি, সংগীত, নাটক, এমনকি রাজনীতি ও নারী অধিকারের মতো বিষয়ও। বর্ধমান হাউসের সামনে একাডেমীর প্রাঙ্গণজুড়ে ছিল বাঁশ-কাঠের কাঠামোয় তৈরি করা ছোট ছোট স্টল। নিজেদের প্রকাশনা নিয়ে স্টল দিয়েছিল প্রথমা, দ্য ডেইলি স্টার, ইউপিএল, বাংলা একাডেমী, ব্রিটিশ কাউন্সিলসহ বিভিন্ন প্রতিষ্ঠান। গতকাল সকাল ১০টা থেকে শুরু হয়েছিল অধিবেশন। মূল মিলনায়তনে এ দিন শুরুতে ছিল ক্রিকেট নিয়ে অধিবেশন। সন্দ্বীপ রায়ের সঞ্চালনায় এ অধিবেশনে অংশ নেন শিহান করুনাতিকালা, ক্যামিলা শামসি ও খাদেমুল ইসলাম। একই সময়ে সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে ‘ওয়ান বিলিয়ন রাইজিং’ শীর্ষক অধিবেশন। এতে অংশ নেন খুশী কবির, নন্দিতা দাশ, তাসাফি হুসেইন, নাহিদ সুলতানা, মৌটুসি রহমান, এস এস পৃথা, সামুনা মিজান, ত্রিমিতি চাকমা, তাহমিনা শফিক প্রমুখ। মূল মিলনায়তনে হয় ‘পাবলিশিং ট্রেন্ডস ইন সাউথ এশিয়া’ অধিবেশন। রুবানা হকের সঞ্চালনায় এতে আলোচনায় অংশ নেন খাদেমুল ইসলাম, ভি কে কার্তিকা, দিয়া কর হাজরা, মাহরুখ মহিউদ্দীন। একাডেমী প্রাঙ্গণে ছিল সৈয়দ ওয়ালীউল্লাহর কালজয়ী সৃষ্টি লালসালু নিয়ে বিশেষ আয়োজন। এতে লালসালু নিয়ে পাঠ করেন নায়লা আজাদ। নাটকের আঙ্গিকেও পরিবেশিত হয় উপন্যাসটির অংশ। একই স্থানে আইইউবির নতুন জার্নাল ক্যাওস-এর প্রকাশনা অনুষ্ঠিত হয়।দুপুরে সেমিনার কক্ষে হয় ‘লাইফলাইনস’ শীর্ষক অধিবেশন। এতে আলোচনা করেন সেলিনা হোসেন, ফিরদৌস আজিম, ফারাহ গজনবী। সঞ্চালনায় ছিলেন মাহমুদ রহমান। একাডেমী প্রাঙ্গণে ‘ওপেন মাইক’ অধিবেশনে চলে গল্প ও কবিতা পাঠ। সেমিনার কক্ষে ‘আমাদের বাংলা’ অধিবেশন সঞ্চালনা করেন শামীম রেজা। মূল মিলনায়তনে ‘ট্যাবুস’ অধিবেশনে সঞ্চালনা করেন ফিরদৌস আজিম। অংশ নেন নন্দিতা দাশ, অরুন্ধতী সুব্রামানিয়াম প্রমুখ। বিকেল সাড়ে চারটায় মূল মিলনায়তনে ‘শেক্সপিয়ার’ অধিবেশনে বক্তব্য দেন ক্যামিলা শামসি। তাঁর বক্তব্যের পর ছিল হ্যামলেটের ওপর ভিত্তি করে নির্মিত নাটক দর্পণ-এর মঞ্চায়ন। হে আন্তর্জাতিক সাহিত্য উৎসব শুরু হয়েছিল যুক্তরাজ্যের ওয়েলসের বইপাগল শহর হে-তে। এবার এ উৎসবের ২৫ বছর পূর্ণ হচ্ছে। এখন এই উৎসব হয় বিশ্বের পাঁচটি মহাদেশের ১৬টি শহরে। ঢাকায় গত বছর প্রথমবারের মতো হে উৎসব হয়েছিল ব্রিটিশ কাউন্সিলে। সেবারের এক দিনের আয়োজন লেখক ও পাঠকদের মধ্যে যে সাড়া ফেলেছিল, তাতে উৎসাহিত হয়েই এবার তিন দিনের উৎসবের আয়োজন করা হয়।