ভাঙা রাস্তা মাত্র এক শ হাত...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ১০০ হাত রাস্তা। ভাঙাচোরা। বৃষ্টির পানি জমে পিচ উঠে গেছে। সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। আর এতেই যত বিপত্তি। যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বাড়ছে দুর্ঘটনা। পথচারী ও যাত্রীদের দুর্ভোগ উঠেছে চরমে। যশোর-খুলনা মহাসড়কের অভয়নগর উপজেলার নওয়াপাড়া স্টেশনবাজার এলাকার এই রাস্তাটুকুই বিপর্যস্ত করে তুলছে গোটা মহাসড়কের যোগাযোগব্যবস্থা।দেশের অন্যতম বৃহৎ বাণিজ্য ও শিল্পকেন্দ্র নওয়াপাড়া। প্রতিদিন শত শত সার, সিমেন্ট, রড, পাথর, চিনি, গম ও চালবোঝাই ট্রাক নওয়াপাড়া থেকে দেশের বিভিন্ন স্থানের উদ্দেশে ছেড়ে যায়। এ ছাড়া যশোর-খুলনা মহাসড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার যানবাহন চলাচল করে। কিন্তু সড়ক ও জনপথ বিভাগ, যশোর দীর্ঘদিন মহাসড়কের নওয়াপাড়া বাজারের অংশ সংস্কার না করায় বৃষ্টির পানি জমে খোয়া ও পিচ উঠে গেছে। সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। গত কয়েক দিনের প্রবল বৃষ্টির কারণে ওই গর্তগুলো এখন মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন গড়ে তিন-চারটি পণ্যবাহী ট্রাক ওই গর্তে পড়ে বিকল হয়ে যাচ্ছে। মহাসড়কের সামান্য ওই অংশটুকু অতিক্রম করতে পথচারী ও যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগের শিকার হতে হচ্ছে। নওয়াপাড়া পৌরসভার উদ্যোগে ওই ভাঙা অংশে ইটের খোয়া ফেলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু সেই চেষ্টা খুব বেশি কাজে আসেনি। ট্রাকের চালক আবুল কালাম বলেন, ‘রাস্তার যে অবস্থা, তাতে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের চলতে হচ্ছে। যেকোনো সময় পাটবোঝাই ট্রাক উল্টে পড়ে মৃত্যুর ঘটনা ঘটতে পারে।’ইজিবাইকের চালক সাহাজাহান আলী বলেন, ‘গর্তের মধ্যে কয়েকবার পড়ে আমার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে বিকল্প একটি রাস্তা দিয়ে প্রায় এক কিলোমিটার ঘুরে চলাচল করছি।’ পথচারী ইসমাইল হোসেন বলেন, ওই রাস্তা দিয়ে ভ্যান-রিকশায় করে যাওয়া যাচ্ছে না। হেঁটে পার হওয়াও মুশকিল। অনেক সময় যানবাহনের কাদা ছিটকে গায়ে লাগছে। নওয়াপাড়া পৌরসভার মেয়র এনামুল হক বলেন, ‘মহাসড়কের ওই অংশের অবস্থা অত্যন্ত খারাপ। আমরা এরই মধ্যে প্রায় এক লাখ টাকা ব্যয় করে ইটের খোয়া দিয়েছি। মহাসড়কটির সংস্কার জরুরি হয়ে পড়েছে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ হোসেন বলেন, বৃষ্টির পানি নিষ্কাশনের ন্যূনতম ব্যবস্থা থাকলে এই ভয়াবহ অবস্থার সৃষ্টি হতো না। জনদুর্ভোগের কথা বিবেচনা করে মহাসড়কের ওই অংশটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট বিভাগকে বারবার তাগিদ দেওয়া হচ্ছে।সড়ক ও জনপথ বিভাগ যশোরের নির্বাহী প্রকৌশলী মো. আলমগীর শহিদুল ইসলাম বলেন, ‘বৃষ্টির পানি জমে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃষ্টি কমে গেলে পরিস্থিতির উন্নতি হবে। মেয়রের সঙ্গে বৈঠক করে আমরা ২৫ কোটি টাকার একটি প্রাক্কলন দিয়েছি। বরাদ্দ পাওয়া গেলে মহাসড়কের কয়েকটি অংশে সংস্কারসহ নওয়াপাড়ার তিন কিলোমিটার মহাসড়কের দুই পাশ বর্ধিত করা হবে।’