ভাঙা রাস্তায় কাদা-পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এইডা বৃষ্টির পানি। বৃষ্টি না অইলেও এইহানে পানি থাহে। তহন ডেরেন থেইক্যা পানি উডে।’ পূর্ব নাখালপাড়ার হাজী মরণ আলী রোডে জমে থাকা পানি দেখিয়ে এ মন্তব্য করেন চা-বিক্রেতা হাসেম আলী। তেজগাঁওয়ের নাবিস্কো থেকে পূর্ব নাখালপাড়া চলে যাওয়া হাজী মরণ আলী রোডটির এখন করুণ দশা। ভাঙা রাস্তাটিতে পানি জমে সেটি ছোট খালে পরিণত হয়েছে। খালপাড়ের মতোই রাস্তার দুই পাশ দিয়ে সাবধানে হেঁটে যাচ্ছিল পথচারীরা।হাজী মরণ আলী রোডে ঢুকতেই চলন্ত মোটরসাইকেলের চাকার নিচ থেকে কাদা-পানি ছিটকে এল। রাস্তার একপাশে আবর্জনা জমে আছে। ইট বেরিয়ে রাস্তাটি এবড়োখেবড়ো হয়ে পড়েছে। ৩১৫/বি পূর্ব নাখালপাড়ার সামনে ম্যানহোলের ঢাকনা ভাঙা। একটু সামনে এগোতেই দেখা গেল, এখানে রাস্তাজুড়ে পানি জমে আছে। বৃষ্টির পানি আর ড্রেনের পানি মিলে একাকার। রাস্তার একপাশে দেখা গেল তেজগাঁও তাহাওউফ জামে মসজিদ। এখানে আসা মুসল্লিরা দুর্ভোগের মধ্যে আছেন। ২৬১/খ পূর্ব নাখালপাড়া থেকে ২৬১/পি পর্যন্ত রাস্তায় পানি জমে আছে। পাশেই পানি নিষ্কাশনের নল বসানোর কাজ চলছে। রাস্তা খুঁড়ে কাজ করায় ২৬১/বি নম্বর বাড়ির দিকে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। নল বসানোর কাজ চলায় রাস্তার একটা অংশে যান চলাচল বন্ধ।হাজী মরণ আলী সড়কে হাঁটতে গিয়ে ম্যানহোলে পড়ারও ভয় আছে। ২৯১, ২৮৬/ডি, ২৮৬/সি, ২৮৬, ২৭৪/৩, ২২৮/এ ও ২৬১ পূর্ব নাখালপাড়ার পাশে এ রাস্তায় সাতটি ম্যানহোলে কোনো ঢাকনা দেখা যায়নি। পূর্ব নাখালপাড়ার সড়কগুলো সংস্কার করা হবে কি না জানতে চাইলে ডিসিসির ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ মজিবর রহমান বলেন, ‘রাস্তায় এখন পানি নিষ্কাশনের নলের কাজ চলছে। এই কাজ শেষ হলেই পুরো রাস্তায় ঢালাইয়ের কাজ শুরু হবে। মাসখানেকের মধ্যেই রাস্তায় ঢালাই দেওয়া হবে। তখন ম্যানহোলের ঢাকনাও লাগানো হবে।’