ভাঙা স্যুটকেস ও ছেঁড়া গেঞ্জি থেকে ছয়টি ‘কোকো’ বেরিয়েছে
সরকারি দলের জ্যেষ্ঠ সাংসদ তোফায়েল আহমেদ বলেছেন, ‘আমরা ভোলায় যাতায়াত করি কোকো-১, কোকো-২, কোকো-৩, কোকো-৪, কোকো-৫ ও কোকো-৬-এ। ভাঙা স্যুটকেস ও ছেঁড়া গেঞ্জি থেকে এই ছয়টি “কোকো” বেরিয়েছে।’বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বরিশালে দেওয়া বক্তব্যের সমালোচনা করে আজ বৃহস্পতিবার অনির্ধারিত আলোচনায় তোফায়েল আহমেদ এ কথা বলেন। বরিশালের জনসভায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছিলেন, ‘আরেকবার সুযোগ পেলে দেশের চেহারা পাল্টে ফেলব।’এই বক্তব্যের সমালোচনা করে তোফায়েল আহমেদ বলেন, ‘খালেদা জিয়া বলছেন তাঁর ছেলে তারেক, কোকো সত্ ছিলেন। সততার সার্টিফিকেট দিচ্ছেন। অথচ তাঁদের ভাঙা স্যুটকেস ও ছেঁড়া গেঞ্জি থেকে ছয়টা কোকো বেরিয়েছে। তারেক ও তারেকের বন্ধু মামুন করেছে ওয়ান টেক্সটাইল। কোকোর পাচার করা অর্থ ফেরত এসেছে। এই করে দেশের চেহারা পাল্টাতে চান। এরা আগামীতে ক্ষমতায় এলে স্বাধীন বাংলাদেশ তছনছ হয়ে যাবে।’তোফায়েল আরও বলেন, ‘তারা ২০০১-০৬ পর্যন্ত কীভাবে দেশের চেহারা পাল্টেছেন, তা মানুষ দেখেছে। সাধারণ মানুষের ওপর নির্যাতন, হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন, জঙ্গিবাদের উত্থান, গ্রেনেড হামলা, সন্ত্রাস, ৬৫ জেলায় বোমা হামলা করে দেশের চেহারা পাল্টেছেন।’এর আগে শেখ ফজলুল করিম সেলিম বিরোধীদলীয় নেতার উদ্দেশে বলেন, ‘যে চোর-দুর্নীতিবাজরা জনগণের টাকা লুট করেছে, অর্থ পাচার করেছে, সেই অর্থ ফিরিয়ে এনে জনগণের স্বার্থে কাজে লাগানো হবে।’সুরঞ্জিত সেনগুপ্ত খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে বলেন, ‘তিনি দেশের চেহারা পাল্টাতে না পারলেও প্লাস্টিক সার্জারি করে নিজের চেহারা পাল্টাতে পারবেন।’ফজিলাতুন নেসা বাপ্পি বিরোধীদলীয় নেতার উদ্দেশে বলেন, ‘তিনি বরিশালের জনসভায় আমাদের নেত্রীর ধর্ম পালন নিয়ে কটূক্তি করেছেন। আমি জানতে চাই, আপনি ওমরাহ করছেন। আপনার চেয়ার কে ঠেলেছে? এই বলে আর লজ্জা দিতে চাই না।’এছাড়াও ফজলে রাব্বি মিয়া, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ইসরাফিল আলম, খালিদ মাহমুদ চৌধুরী, বেগম ফজিলাতুন্নেসা, অপু উকিল বিরোধীদলীয় নেতার বক্তব্যের সমালোচনা করেন। সবশেষে সংসদের অধিবেশন আগামী রোববার বিকেল চারটা পর্যন্ত মুলতবি করা হয়।