ভাঙা হাটে বিপিএলের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনোমুগ্ধকর বা বর্ণাঢ্য কিছুই হয়নি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকদের মন ভরানোর চেয়ে আনুষ্ঠানিকতা রক্ষার তাগিদই ছিল বেশি।দর্শকদের মন ভরানোর উপায় এমনিতেও ছিল না। দর্শকই তো ছিল না তেমন! নির্ধারিত সময়ের প্রায় আধঘণ্টা পর আইয়ুব বাচ্চুর ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করে অনুষ্ঠানের শুরু। সেখান থেকে কুমার বিশ্বজিৎ, শান আর বাপ্পি লাহিড়ীর বিপিএল সংগীত, ছয় দলের খেলোয়াড়দের পতাকা উড়িয়ে মাঠে আসা, বক্তৃতা পর্ব হয়ে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের উদ্বোধন ঘোষণা পর্যন্ত গ্যালারি প্রায় ফাঁকাই থাকল। সেই লজ্জা দূর করতেই হয়তো খুলে দেওয়া হয় প্রবেশদ্বার। পূর্ব গ্যালারিতে হঠাৎ করেই ঘটে কিছু দর্শকের আগমন। তারা এসে ফ্লাডলাইটের আলোতেই দেখল আতশবাজির ‘উৎসব’। সেই আতশবাজিরও বেশ কিছু আবার পূর্ণ ঝলকানিতে ফুটল না।প্রায় সাড়ে তিন ঘণ্টার অনুষ্ঠানটা জমিয়ে তুলতে শিল্পীদের পাশাপাশি দুই উপস্থাপিকা মুনমুন আর নওশীনও সাধ্যমতো চেষ্টা করেছেন। কিন্তু ভাঙা হাটে সেটা আর কতটা সম্ভব!তার পরও দর্শকেরা কিছুটা বিনোদন পেল নাচ-গানের পর্বে। ‘আগুনের পরশমণি’র সঙ্গে শিবলী মহম্মদ-শামীম আরা নীপা ও তাঁদের দলের নৃত্য মুগ্ধতা ছড়িয়েছে। মাইলসের ‘ধিকি ধিকি আগুন জ্বলে’ আতশবাজির চেয়ে বেশিই আলো ছড়াল। স্টেডিয়াম দর্শকপূর্ণ থাকলে হয়তো ঋতুপর্ণা সেনের ‘উ লা লা’ নৃত্য বা আইয়ুব বাচ্চুর গান ‘ঘুমন্ত শহর’ও আনত প্রাণ। শান-বাপ্পি লাহিড়ীর সুর উত্তাল হতো আরও।অনুষ্ঠানটা ছিল বাংলা আর ভারতীয় সংস্কৃতির মিশেল। ঢালিউডের শাকিব খান মঞ্চে এলেন মোটরসাইকেলে চড়ে। পরপরই অপু বিশ্বাস। তবে দর্শকদের মূল অপেক্ষাটা ছিল ভারতের মালাইকা অরোরা আর বিপাশা বসুর জন্য। তাঁরা এলেন, মঞ্চও মাত করলেন। তবে বিপাশার তুলনায় মালাইকাতেই বেশি মজল দর্শক। এরপর আবার আতশবাজি, লেজার শো। প্রথম বিপিএলের উদ্বোধনের রাত তাতে হলো আরেকটু আলোকিত। সেই আলোর নিচে অন্ধকার হয়ে থাকল গ্যালারির ভাঙা হাট।