ভাঙাচোরা রাস্তাই সিলেট নগরে যানজটের কারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের কালীঘাট এলাকার মূল সড়কের দুপাশে অর্ধশতাধিক ট্রাক মাল ওঠানো-নামানোর কাজ করছে। এতে পাশের সিলেট সরকারি পাইলট হাইস্কুলের পরিবেশ বিঘ্নিত ছাড়াও ওই এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। ফলে বিদ্যালয়ের শিক্ষার্থী ও যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। গত রোববার দুপুরের দৃশ্য এটি। একই দিন নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বিভিন্ন রাস্তার ভাঙাচোরা অবস্থার কারণেই যানজট হচ্ছে। পাশপাশি রাস্তায় ভাসমান দোকান ও যত্রতত্রভাবে গাড়ি রাখার কারণেও যানজটের সৃষ্টি হচ্ছে।সরেজমিনে গিয়ে দেখা যায়, নগরের প্রায় ৫০টি স্থানে মূল রাস্তার পাশে অনেকগুলো ভাসমান দোকান গড়ে উঠেছে। এসব দোকানে সকাল নয়টা থেকে রাত ১০টা পর্যন্ত বিকিকিনি চলে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফল, মুদি, কনফেকশনারি, চা, পান, সিগারেট, এমনকি কাপড় ও জুতার দোকানও। ফুটপাত ও রাস্তা লাগোয়া এসব দোকানের কারণে লোকজন ও যানবাহনের ভিড় লেগে থাকে। নগরবাসী অভিযোগ করেন, ভাসমান দোকানের পাশাপাশি অনেক রাস্তায় অবৈধভাবে গাড়ি রাখার কারণে অধিকাংশ এলাকা তীব্র যানজটে আটকে থাকে। অনেক সময় বাণিজ্যিক এলাকাগুলোতে দিনে-রাতে সমানতালে মালামাল আনা-নেওয়া করায় সেখানকার রাস্তায় সার্বক্ষণিক যানজট লেগে থাকে। যত্রতত্র অস্থায়ী ভিত্তিতে স্টপেজ বসিয়ে টাউন বাস, অটোরিকশা ও টেম্পোগুলো যাত্রী ওঠানো-নামানো করছে। ফলে যানজটের দুর্ভোগ বেড়েই চলেছে। এ ছাড়া অনুমোদনহীন অবৈধ রিকশা চলাচলকেও যানজটের অন্যতম কারণ বলে নগরবাসী জানিয়েছেন।স্থানীয় মানুষজন জানান, বন্দরবাজার, জিন্দাবাজার, জলারপার, শিবগঞ্জ, মীরাবাজার, নাইওরপুল, বারুতখানা, আম্বরখানা, চৌহাট্টা, লামাবাজার, মীরের ময়দান, সুবিদবাজার, পাঠানটোলা, কালিঘাট, শেখঘাট, কাজীরবাজার, লালদীঘির পাড়, ভাতালিয়া, কাজলশাহসহ আশপাশের এলাকায় প্রায় সময় যানজট লেগে থাকে। প্রায়ই বিভিন্ন হাসপাতালের অ্যাম্বুলেন্স, শিক্ষাপ্রতিষ্ঠানের গাড়ি, মাইক্রোবাস, রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা যানজটে আটকে থাকতে দেখা যায়। এ ছাড়া দিনের বেলায় পণ্যবাহী গাড়ি, রিকশাভ্যান, ট্রলি ও রাতের বেলায় ট্রাক যানজটে আটকে থাকে।ফজলু মিয়া নামের লামাবাজার এলাকার এক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, আইন-কানুনের তোয়াক্কা না করে যেখানে-সেখানে ভাসমান দোকান ও অবৈধ গাড়ির স্ট্যান্ড গড়ে উঠলেও কর্তৃপক্ষ বিষয়টি দেখেও না দেখার ভান করছে। ফলে নগরবাসীকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। ক্ষব্ধ নগরবাসী অভিযোগ করেন, নগরের বিভিন্ন রাস্তার ভাসমান দোকান থেকে ফাঁড়ির পুলিশ নিয়মিত চাঁদা আদায় করছে। বিভিন্ন সময় রাস্তায় এসব ভাসমান দোকান সরিয়ে ফেলার নির্দেশ দিয়ে থাকে পুলিশ। কিন্তু সকালে দোকান সরিয়ে ফেললেও ঘণ্টাখানেক পর আবার আগের অবস্থায় ফিরে আসে।এ ব্যাপারে জানতে চাইলে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) খসরুর আলম বলেন, ভাসমান দোকানগুলো তুলতে নিয়মিত ব্যবস্থা নেওয়া হয়। যখনই ভাসমান দোকান রাস্তায় পুলিশের নজরে পড়ে, তখনই উচ্ছেদে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়। তবে পুলিশের চাঁদা নেওয়ার অভিযোগটি মোটেই সত্য নয়। আর যদি কারও বিরুদ্ধে চাঁদা আদায়ের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়, তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। খোঁজ নিয়ে জানা গেছে, মাসখানেক ধরে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নগরের বিভিন্ন এলাকার নর্দমাগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে। দিনের বেলা এসব নর্দমার ঢাকনা খুলে পরিচ্ছন্নতাকর্মীরা ময়লা-আবর্জনা তুলে মূল রাস্তায় স্তূপাকারে জমা করছেন। এ কারণে রাস্তার দুপাশের অনেকটা জায়গা আবদ্ধ হয়ে পড়েছে। এ অবস্থায় বর্তমানে যানজট আরও চরম আকার ধারণ করছে। একই কারণে রাস্তা চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ পথচারীদের। সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘জনগুরুত্বপূর্ণ রাস্তায় কেনো ধরনের খানাখন্দ বা ভাঙা দেখা দিলেই তাৎক্ষণিক মেরামত করা হয়।’ তিনি যানজটের কারণ অনেকগুলো দাবি করে জানান, অবৈধ রিকশার চলাচল বন্ধ এবং ফুটপাতের দোকানগুলোও উচ্ছেদ করলে যানজট কমে আসবে। এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।