ভাঙাচোরা সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কের ওপর ইট, বালু, রড, সিমেন্ট রেখে চলছে ভবন নির্মাণের কাজ। লালমাটিয়ার সি ব্লকের একটি সড়কের চিত্র এটি, যে সড়কের কথা বলা হচ্ছে, সেটি ধানমন্ডি ২৭ নম্বর সড়কের অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের পাশ দিয়ে লালমাটিয়ায় ঢুকে পড়েছে। ভাঙাচোরা এই সড়কে যাত্রী ও পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, ধানমন্ডি ২৭ নম্বর সড়কের যানজট এড়াতে অনেকেই যানবাহন নিয়ে লালমাটিয়ার সি ব্লকের সড়কে ঢুকে পড়েন। কিন্তু ভাঙা ওই সড়কে ঝাঁকুনি সহ্য করতে হয় তাঁদের। বেশ কয়েক মাস ধরে সড়কটি এই হালে আছে বলে জানালেন লালমাটিয়া সি ব্লকের বাসিন্দা দিশারী আহমেদ। তিনি আরও বলেন, ‘সড়কের পাশে ভবন নির্মাতা প্রতিষ্ঠানের সব ধরনের নির্মাণসামগ্রী রাখা হয়েছে। ফলে, সড়কের অনেকটা জায়গা দখল হয়ে আছে। আগে গাড়ি নিয়ে সরাসরি এই সড়ক দিয়েই যেতাম। কিন্তু সড়কের বাজে দশার কারণে হেঁটেই বাড়ি থেকে বের হই। গাড়ি নিয়ে বাইরে যেতে চাইলে অন্য সড়ক দিয়ে অনেক ঘুরে তবে যেতে হয়।’লালমাটিয়া সি ব্লকের সড়কটি শুধু উঁচু-নিচু আর ঝাঁকুনিতেই শেষ নয়, শুকনো মৌসুমে এই সড়কে ধুলো-বালু রাজত্ব করে। আর বৃষ্টি হলে জমে কাদা-পানি। তাই ১২ মাসই সড়কটিতে দুর্ভোগে চলতে হয়। এই সড়কের দ্রুত সংস্কার দাবি করেন এলাকাবাসী।এ বিষয়ে ডিসিসির অঞ্চল ৬-এর নির্বাহী প্রকৌশলী মেজবাহুল করিম বলেন, ‘শিগগিরই সড়কটি সংস্কারে হাত দেব।আর সড়কের ওপর যাতে নির্মাণসামগ্রী না রাখা হয় সেজন্য নোটিশ দেওয়া হয়েছে। সড়ক সংস্কারের পর এ ব্যাপারে আমরা জোরালো পদক্ষেপ নেব।’