ভাঙার জন্য আমদানির জাহাজ ব্যবহূত হচ্ছে পণ্য পরিবহনে!
ভাঙার জন্য আমদানি করা হয়েছিল পুরোনো (স্ক্র্যাপ) জাহাজ এমভি নিনা। এখন এমভি ওয়াটার কিং নামের ওই জাহাজ বাণিজ্যিকভাবে পণ্য পরিবহনের কাজে ব্যবহূত হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। মংলা-কলকাতা নৌপথে জাহাজটি চলাচল করে বলে জানা গেছে।নিয়ম ভেঙে এমভি নিনার এভাবে পণ্য পরিবহনের বিষয়টি তদন্তে সমুদ্র পরিবহন অধিদপ্তরের নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন গোলাম মোস্তফার নেতৃত্বে একটি কমিটি করা হয়েছে।অধিদপ্তরের মহাপরিচালক কমোডর জোবায়ের আহমদ প্রথম আলোকে বলেন, ‘এমভি নিনা ছাড়া আরও কিছু স্ক্র্যাপ জাহাজের নাম বদলিয়ে নিয়মবহির্ভূূতভাবে বাণিজ্যিকভাবে পরিবহনের কাজে ব্যবহার করা হচ্ছে বলে আমাদের কাছে অভিযোগ এসেছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।’বিভিন্ন সময় আমদানি করা অন্তত ১০টি স্ক্র্যাপ জাহাজ নাম বদল করে এখন দেশের অভ্যন্তরে পণ্য পরিবহনের কাজে ব্যবহূত হচ্ছে। এ কাজে সংশ্লিষ্ট শুল্ক কর্মকর্তা ও দেশে জাহাজের নিবন্ধনদাতা সরকারি সংস্থার কর্মকর্তাদের যোগসাজশ রয়েছে।চট্টগ্রাম কাস্টম হাউসের (আমদানি) সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা জানান, পণ্য পরিবহনের জন্য ২৫ বছরের বেশি পুরোনো জাহাজ আমদানিতে নিষেধাজ্ঞা আছে। আমদানি নীতিমালায় তিন হাজার ডিডব্লিউটির (জাহাজের ক্ষমতা পরিমাপের একক) কম ওজনের কোনো জাহাজ পণ্য পরিবহনের উদ্দেশ্যে আমদানি করা হলে ৩৫ শতাংশ হারে শুল্ক দিতে হয়।ভাঙার জন্য আমদানি করে যেসব জাহাজ পণ্য পরিবহনে ব্যবহার করা হচ্ছে, সেগুলোর বয়স ২৫ বছরের বেশি। ওজন এক থেকে দেড় হাজার ডিডব্লিউটির মধ্যে। শুল্ক ফাঁকি দিতে স্ক্র্যাপ হিসেবে আমদানি করে পরে জালিয়াতির মাধ্যমে ওই জাহাজ পণ্য পরিবহনের কাজে ব্যবহার করা হচ্ছে। এমভি নিনার ক্ষমতা ৯৩৫ ডিডব্লিউটি। ১৯৭৯ সালে এটি জার্মানিতে তৈরি হয়। জাহাজটির বয়স এখন ৩১ বছর।অনুসন্ধানে জানা গেছে, এমভি ওয়াটার কিংয়ের মালিক গাজী বেলায়েত হোসেন। তিনি অভ্যন্তরীণ নদীপথে পণ্য পরিবহনে নিয়োজিত জাহাজ নিয়ন্ত্রণকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেলের (ডব্লিউটিসি) আহ্বায়ক। তিনি নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের ঘনিষ্ঠ বলে পরিচিত।গাজী বেলায়েত অবশ্য দাবি করেন, ‘এমভি নিনা নয়, দেশে তৈরি জাহাজ এমভি মেহেনূরকে নাম বদলে আমরা এমভি ওয়াটার কিং করেছি। তদন্ত কমিটি পারলে বের করুক এটি এমভি নিনা ছিল কি না।’যেভাবে জালিয়াতি: তদন্ত কমিটি জানায়, গত বছরের ফেব্রুয়ারিতে সিঙ্গাপুর থেকে এমভি নিনা আমদানি করে সীতাকুণ্ডের শিপ ব্রেকিং ইয়ার্ডের মালিক এস এ শিপ ব্রেকার্স। কাগজপত্রে তাঁরা জাহাজটি ইয়ার্ডে সৈকতায়ন (বিচিং) দেখায়। বাস্তবে জাহাজটি বহির্নোঙর থেকে সরিয়ে সদরঘাটের বাংলাবাজার এলাকায় নোঙর করা হয়।ইতিমধ্যে এসএ শিপ ব্রেকার্স কর্তৃপক্ষ এমভি নিনা জাহাজটি গাজী বেলায়েতের কাছে বিক্রি করে দেয়। তবে এসএ শিপ ইয়ার্ডের অন্যতম মালিক আবুল হাশেম আবদুল্লাহ এমভি নিনাকে অক্ষত বিক্রির বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আমরা জাহাজটি কেটে কুটে বিক্রি করেছি।’জানা গেছে, গাজী বেলায়েতের ভাই এমদাদ হোসেনের এমভি মেহেরুন নামের একটি দেশি জাহাজ (লাইটার কোস্টার) আছে। ওই জাহাজের দৈর্ঘ্য-প্রস্থ বাড়ানোসহ আধুনিকায়নের জন্য সমুদ্র পরিবহন অধিদপ্তর থেকে অনুমোদন নেওয়া হয়। এরপর মেহেরুনকে ঢাকার কালীগঞ্জের ঢাকা ডকে নিয়ে দৈর্ঘ্য-প্রস্থ বাড়িয়ে এমভি নিনার সমান করা হয়। অভিযোগ পাওয়া গেছে, এমভি নিনাকে অভ্যন্তরীণ নদীপথে চলাচলকারী জাহাজ (লাইটার কোস্টার) হিসেবে দেখানোর জন্য এই কৌশলের আশ্রয় নেওয়া হয়। এমভি নিনার দৈর্ঘ্য ৭৯ দশমিক ৬৮ ও প্রস্থ ১২ দশমিক ৮০ মিটার। মেহেরুনের মূল দৈর্ঘ্য-প্রস্থ ছিল এর প্রায় অর্ধেক।গাজী বেলায়েত দাবি করেন, ‘আমি নিনার ভাঙা লোহা শিপ ব্রেকিং ইয়ার্ড থেকে কিনে এমভি মেহেরুনের আধুনিকায়নের কাজে লাগিয়েছি। এ জন্য জাহাজটি দেখতে নিনার মতো হয়েছে।’দলিলপত্র ঘেঁটে দেখা যায়, এমভি মেহেরুন আধুনিকায়নের পর এটি কিনে নেন গাজী বেলায়েত। তিনি নৌবাণিজ্য অধিদপ্তরে আবেদন করে জাহাজটির নাম পাল্টে এমভি ওয়াটার কিং রাখেন। এরপর এমভি মেহেরুনের জন্য নির্ধারিত সি নম্বর (যে নম্বরের লাইটার-কোস্টার জাহাজ নৌবাণিজ্য অধিদপ্তরে নিবন্ধিত থাকে) ৭৮৫-কে এমভি নিনায় সংযুক্ত করা হয়। ফলে বিদেশি জাহাজ নিনা দলিলপত্রে রাতারাতি হয়ে যায় এমভি ওয়াটার কিং। আবার কাঠামো বদল করে এমভি মেহেনূরকে করা হয় এমভি মাস্টার রাফসান। মাস্টার রাফসানের নিবন্ধন নেওয়া হয় ঢাকার সদরঘাটের শিপ রেজিস্ট্রারের কার্যালয় থেকে। তদন্ত কমিটির প্রধান ক্যাপ্টেন গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, ‘যতই পরিবর্তন করা হোক না কেন, দেশে তৈরি জাহাজের সঙ্গে বিদেশি জাহাজের পার্থক্য অবশ্যই থাকবে। আমরা সেটা ধরেই জালিয়াতি উদ্ঘাটনের চেষ্টা করছি।’