ভাঙার জন্য জাহাজ আমদানির ওপর নিষেধাজ্ঞা বহাল
ভাঙার জন্য (স্ক্র্যাপ) জাহাজ আমদানির ওপর নিষেধাজ্ঞা-সংক্রান্ত হাইকোর্টের আদেশের কার্যকারিতা আপিল বিভাগে স্থগিত হয়নি। ওই আদেশের ওপর স্থগিতাদেশ চেয়ে শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের করা আবেদনের শুনানি গতকাল সোমবার মুলতবি করা হয়েছে। আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি এস কে সিনহা শুনানি (স্ট্যান্ডওভার) মুলতবি করেন। ফলে হাইকোর্টের আদেশ কার্যকর থাকছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৫ ডিসেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ জাহাজ ভাঙার ক্ষেত্রে ইতিপূর্বে দেওয়া হাইকোর্টের নির্দেশনা অনুসরণ না করা পর্যন্ত এ রকম জাহাজ আমদানি বন্ধ রাখার নির্দেশ দেন। ওই নির্দেশনার আলোকে দেশে বিষাক্ত জাহাজের প্রবেশ রোধ, পরিবেশদূষণ নিয়ন্ত্রণ ও শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করতে ‘পর্যাপ্ত ও কার্যকরী’ বিধিমালা তিন মাসের মধ্যে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়। এর ওপর স্থগিতাদেশ চেয়ে রোববার আপিল বিভাগে আবেদন করে শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশন। গতকাল এর শুনানি হয়। আদালতে অ্যাসোসিয়েশনের পক্ষে আইনজীবী আনিসুল হক এবং বেলার পক্ষে আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান ও ইকবাল কবির মামলা পরিচালনা করেন।আনিসুল হক প্রথম আলোকে বলেন, ‘হাইকোর্টের আদেশ স্থগিত হয়নি। আদালত শুনানি স্ট্যান্ডওভার করেছেন। ফলে হাইকোর্টের আদেশে হস্তক্ষেপ করা যাবে না।’বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, স্থগিতাদেশ চেয়ে করা আবেদনে আদালত কোনো আদেশ দেননি। ফলে হাইকোর্টের আদেশ বহাল রয়েছে। এ অনুসারে মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ জাহাজ আমদানি করা যাবে না।বেলার আইনজীবী ইকবাল কবির বলেন, ‘নিয়মিত লিভ টু আপিল না করা পর্যন্ত শুনানি মুলতবি করা হয়েছে। ফলে ভাঙার জন্য জাহাজ আমিদানিতে নিষেধাজ্ঞা ও বিধিমালা তৈরি-সংক্রান্ত আদেশ বহাল থাকবে।’ঘটনাপ্রবাহ: বেলার করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ১৭ মার্চ কয়েক দফা নির্দেশনা দিয়ে রায় দেন হাইকোর্ট। এতে বাংলাদেশে প্রবেশের আগে আমদানি করা জাহাজের বর্জ্যমুক্তকরণ (প্রিক্লিনিং) এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র গ্রহণ নিশ্চিত করতে সমুদ্র পরিবহন অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া পরিবেশবান্ধব এবং শ্রমিকদের নিরাপত্তা ঝুঁকিমুক্ত ছয়টি আইনের অধীনে একটি নীতিমালা প্রণয়ন করতে বলা হয়। গত ১১ মে হাইকোর্ট ওই রায়ে স্পষ্টতা দিয়ে ভাঙার জন্য জাহাজ আমদানিতে পরিবেশগত ছাড়পত্র ও বর্জ্যমুক্তকরণ সনদ লাগবে বলে নির্দেশ দেন।এসব নির্দেশনা অনুসরণ ছাড়াই সম্প্রতি বর্জ্য-ব্যবস্থাপনাসংক্রান্ত বিধিমালার খসড়া তৈরি হয়েছে—এমন অভিযোগে বেলা ১২ ডিসেম্বর হাইকোর্টে আরেকটি আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে ১৫ ডিসেম্বর হাইকোর্ট কয়েক দফা নির্দেশনা দিয়ে আদেশ দেন। এতে রসায়নবিদ, পদার্থবিদ, পরিবেশবিদ, আইনবিদ, সাংবাদিকসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞ সমন্বয়ে এক মাসের মধ্যে একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠনেরও নির্দেশ দেওয়া হয়। ওই আদেশে বলা হয়, ভাঙার জন্য জাহাজ এমনভাবে আনতে হবে, যাতে মানুষের স্বাস্থ্যের ঝুঁকি না থাকে। এ বিষয়ে ইতিপূর্বে হাইকোর্টের দেওয়া রায় যথাযথভাবে অনুসরণ করতে হবে। এটা অনুসরণ না করা পর্যন্ত বাংলাদেশের জলসীমায় ভাঙার জন্য কোনো জাহাজ প্রবেশ করতে পারবে না।