ভাঙ্গায় আওয়ামী লীগের নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গায় হেফাজতে ইসলাম ও হরতাল-সমর্থকদের মধ্যে সংঘর্ষে আওয়ামী লীগের একজন নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার বিশ্বরোডের ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।আওয়ামী লীগের ওই নেতার নাম নওশের আলী (৪০)। তিনি ভাঙ্গা উপজেলার ২ নম্বর নাসিরাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন বলে জানান ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোবহান মুন্সি।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ ভোর থেকে নগরকান্দা উপজেলার বিভিন্ন জায়গা থেকে নসিমনে করে প্রায় ১০ হাজার হেফাজত-সমর্থক ভাঙ্গার মাদানীনগর মাদ্রাসা ও এতিমখানার সামনে ঢাকা-খুলনা মহাসড়কে অবস্থান নেন। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ হরতাল-সমর্থকেরা ভাঙ্গা বিশ্বরোডে পাল্টা অবস্থান নেন। প্রথমে সকাল পৌনে নয়টার দিকে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। আধা ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হন। এ সময় আওয়ামী লীগের সমর্থকেরা ধাওয়া খেয়ে সড়কের পাশে অবস্থিত ভাঙ্গা উপজেলা আমার দেশ প্রতিনিধি রাহাত বেগের বাড়িতে আশ্রয় নেন। এতে ক্ষুব্ধ হয়ে হেফাজতের সমর্থকেরা রাহাত বেগের বাড়ি ভাঙচুর করেন।অন্যদিকে, বেলা ১১টার দিকে হেফাজতে ইসলামের সমর্থকেরা মাদানী মাদ্রাসার সামনে থেকে মাওয়া ফেরিঘাটের দিকে এগোতে থাকে। এ সময় আবার হরতাল-সমর্থকদের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। এর কিছুক্ষণ পর হরতাল-সমর্থকেরা পিছু হটেন। এ সময় হেফাজতে ইসলামের কর্মীরা ভাঙ্গা বিশ্বরোডে অবস্থিত দোকানপাট ও স্থাপনায় ব্যাপক ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করে এবং কাঁদানে গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় হেফাজতে ইসলামের ছয়জন কর্মীকে আটক করে পুলিশ। এ সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগের নেতা নওশের আলী আহত হন। তাঁকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা মো. ইমরান হোসেন তাকে মৃত ঘোষণা করেন।ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির প্রথম আলো ডটকমকে জানান, সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। বর্তমানে হেফাজতে ইসলামের সদস্যরা মাওয়া সড়কে ও হরতাল-সমর্থকেরা ডাকবাংলোর সামনে অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।