ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, এলাকায় ১৪৪ ধারা জারি
ফরিদপুরের ভাঙ্গার হোগলাকান্দি সদরদি এলাকায় আজ সোমবার সকালে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং ১৫ জন আহত হয়েছে। নিহত ব্যক্তির নাম মন্টু শেখ। তিনি স্থানীয় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি শেখ সৈয়দ আলীর ভাতিজা এবং ভাঙ্গা পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক। এ ঘটনার জেরে চারজনের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এখন ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভাঙ্গার ৬ নম্বর পৌর ওয়ার্ড কাউন্সিলর বিএনপি-সমর্থিত আবুল কালাম এবং আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি শেখ সৈয়দ আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। গতকাল রোববার একটি ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। তার জের ধরে আজ সকালে দুই পক্ষ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষের জন্য প্রস্তুতি নিতে থাকে। খবর পেয়ে ভাঙ্গার এএসপি (সার্কেল) ইমামুর রশীদ, ভারপ্রাপ্ত পৌর মেয়র জগদীশ চন্দ্র মালো এবং পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোবহান মুন্সি দুই পক্ষকে শান্ত করতে যান। এ সময় তাঁরা সংঘর্ষে জড়াবেন না বলে তাঁদেরকে আশ্বস্ত করেন। কিন্তু সকাল নয়টার দিকে দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আবুল কালাম-সমর্থিতরা সৈয়দ আলীর ভাতিজা মন্টু শেখকে কুপিয়ে হত্যা করে। এর প্রতিবাদে সৈয়দ আলীর সমর্থকেরা প্রতিপক্ষের লিয়াকত মোল্লা, ইলিয়াস মোল্লা, সিদ্দিক মোল্লা ও শাহ মোল্লার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় অন্তত ১৫ জন আহত হয়। পরে পুলিশ ও র্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এএসপি (সার্কেল) ইমামুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে এ ঘটনার পর অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ভাঙ্গার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবর আলী মীর সকাল সাড়ে ১০টার দিকে হোগলাকান্দি সদরদি এলাকায় ১৪৪ ধারা জারি করেছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবত্ থাকবে।