গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে অপহরণের ১০ দিন পরও খোঁজ মেলেনি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের পাঁচজন যুবকের। এ ব্যাপারে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেছে। তবু রহস্য উদ্ঘাটন করতে পারেনি তারা।অপহূত পাঁচজন যুবক হলেন: সোবহান খান (১৯), রুবেল খান (২৩), বেলায়েত খান (২৩), ফয়েজ হাওলাদার (২৩) ও কাইউম মুন্সী (৩২)। তাঁরা সবাই কালামৃধা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আতরা ভাসরা গ্রামের বাসিন্দা।এলাকাবাসীর ভাষ্যমতে, অপহূত পাঁচজন যুবক মুঠোফোনের প্রতারণামূলক ব্যবসার সঙ্গে জড়িত। এ ব্যবসা হলো, প্রতারকেরা কোনো ব্যক্তির মুঠোফোনে কল দিয়ে ‘মুঠোফোন কোম্পানির গ্রাহকসেবা কেন্দ্র থেকে বলছি’ এমন মিথ্যা পরিচয় দিয়ে বলেন, তিনি কোনো পুরস্কার পেয়েছেন। এটি পেতে তাঁকে ফ্লেক্সিলোড বা কুরিয়ারে করে নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠাতে হবে। সাত-আট মাস আগে অপহূত ওই পাঁচজন যুবকের সঙ্গে পাশের নগরকান্দা উপজেলার আলগাদিয়া গ্রামের নীরব (২২) নামের এক ব্যক্তির পরিচয় হয়। তিনি তাঁদের প্রতারণামূলক ওই ব্যবসার জন্য মুঠোফোনের সিম সরবরাহ করতেন।অপহূত সোবহানের বাবা মো. আনোয়ার খান বলেন, ‘৬ ডিসেম্বর বেলা দুইটার দিকে সোবহান বাড়ি থেকে বের হয়। যাওয়ার সময় ও জানায়, ‘‘বন্ধু নীরব কিছু সিম নিয়ে মালিগ্রামে অপেক্ষা করছে। তার কাছ থেকে ওগুলো আনতে যাচ্ছি।’’ যাওয়ার সময় সোবহান রুবেল, বেলায়েত, ফয়েজকে নিয়ে একটি মোটরসাইকেলে করে মালিগ্রাম কুমারপট্টি দেওড়া রোডের উত্তর মাথায় যায়। সেখানে একটি কালো রঙের মাইক্রোবাসে থাকা আট-নয়জন অজ্ঞাতনামা ব্যক্তি তাদের গাড়িতে তোলে। এরপর মাইক্রোবাসটি পুলিয়া হাইস্কুলের পাশ দিয়ে যাওয়ার সময় একই গ্রামের কাইউম মুন্সীকে তোলা হয়। এ সময় কাইউমের আত্মীয় পল্লিচিকিৎসক আসাদ সিকদারও ওই গাড়িতে উঠে পড়েন। ফরিদপুরের দিকে যাওয়ার সময় বাখুন্ডা এলাকায় আসাদকে ফেলে দিয়ে মাইক্রোবাসটি অন্যদের নিয়ে চলে যায়। এরপর থেকে ওই পাঁচজনের আর কোনো সন্ধান মেলেনি।’পল্লিচিকিৎসক আসাদ সিকদার গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘শারীরিক ফিটনেস থেকে তাঁদের ডিবি বা ওই জাতীয় পেশার লোক বলেই মনে হয়েছে। এ জন্যই আমি সাহস করে ওই গাড়িতে উঠে বসেছিলাম। আমার ইচ্ছা ছিল, যদি ওরা ডিবির লোক হয়, তবে ফরিদপুরের ডিবি কার্যালয়ে গিয়েই দেখব, কেন ওদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু তারা আমাকে মাঝপথে গাড়ি থেকে ফেলে দেয়।’এ ব্যাপারে ৮ ডিসেম্বর ভাঙ্গা থানায় অপহরণের মামলা করেন আনোয়ার খান। মামলার এজাহার অনুযায়ী, অপহরণের পরদিন ৭ ডিসেম্বর সকাল নয়টার দিকে আনোয়ারকে ফোন করে নীরব জানান, তিন দিন আগে ডিবি পুলিশ তাঁকে আটক করে। তিনিই ওই পাঁচজনকে ডিবি পুলিশের কাছে ধরিয়ে দিয়েছেন। জিজ্ঞাসাবাদের পর ডিবি পুলিশ তাঁকে ছেড়ে দিয়েছে, ওদেরও ছেড়ে দেবে বলে আশ্বাস দেন নীরব।অপহূত যুবকদের পরিবারের সদস্যরা গত বৃহস্পতিবার রাতে ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্যে অপহূত রুবেলের চাচাতো ভাই রফিকুল ইসলাম বলেন, ‘অপহূত ব্যক্তিরা বেঁচে আছে, নাকি তাদের মেরে ফেলা হয়েছে, তা আমরা জানি না। তবে ভাঙ্গা পুলিশ এ ব্যাপারে উদাসীনতার পরিচয় দিচ্ছে। এ বিষয়টি তারা সাংবাদিকদের কাছে জানাতেও বারণ করেছিল। বলেছিল, আমরা আগে খুঁজে দেখি। বেশি জানাজানি হলে সমস্যা হবে।’অপহরণ মামলার তদন্ত কর্মকর্তা ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ হোসেন বলেন, অপহূত ব্যক্তিদের দুই সহযোগী ফারুখ হোসেনকে ৯ ডিসেম্বর ও অপর সহযোগী কালাম মাতুব্বরকে ১০ ডিসেম্বর গ্রেপ্তার করা হয়। ১৫ ডিসেম্বর তাদের দুই দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তারা কেউ নীরবের প্রকৃত নাম ও ঠিকানা দিতে পারেনি। এসআই মিরাজ বলেন, অবৈধ ব্যবসাসংক্রান্ত স্বার্থের দ্বন্দ্বে এ অপহরণ হতে পারে।ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বলেন, ‘অপহূত ব্যক্তিরা সবাই প্রতারণার সঙ্গে জড়িত। এ ব্যাপারে তদন্ত চলছে। রহস্য উদ্ঘাটনের চেষ্টা করা হচ্ছে।’ যোগাযোগ করা হলে কালামৃধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইসকেন্দার আলী খলিফা বলেন, দিনের বেলায় পাঁচজন যুবকের অপহরণের ঘটনা রহস্যজনক। ডিবির অস্বীকার: পাঁচজন যুবককে অপহরণের অভিযোগ অস্বীকার করেছেন ফরিদপুর ডিবির ওসি মাহাবুবুল আলম। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা এভাবে তুলে এনে কোনো কাজ করি না। তদন্তে প্রমাণিত হলেই আমরা শুধু গ্রেপ্তার করি। অন্য কোনো গোয়েন্দা সংস্থা এ কাজ করেছে কি না, তা বলতে পারব না।’