ভাঙ্গায় গণপিটুনিতে দুজন নিহত
ফরিদপুরের ভাঙ্গায় গণপিটুনিতে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল দিবাগত রাত দুইটার দিকে উপজেলার চান্দ্রা ইউনিয়নের দীঘলকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশের দাবি, দীঘলকান্দা গ্রামের গিয়াসউদ্দীন খালাশীর বাড়িতে ডাকতি করে পালানোর সময় ছয় ডাকাতকে আটক করে গণপিটুনি দেয় এলাকাবাসী। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে দুজনের মৃত্যু হয়।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ২০-২২ জনের একটি ডাকাত দল চান্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গিয়াসউদ্দীন খালাশীর বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ডাকাতি করে। ঘটনা টের পেয়ে পাশের বাড়িতে গিয়াসউদ্দীনের ভাই কাওসার খালাসী এগিয়ে আসেন। এ সময় ডাকাতেরা তাঁকে ধাওয়া করেন। পরে তিনি আশপাশের লোকজনকে বিষয়টি জানালে সবাই জড়ো হয়ে গিয়াসউদ্দীনের বাড়ির দিকে যায়। তাদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় উপস্থিত জনতা ডাকাত দলের ছয় সদস্যকে আটক করে গণপিটুনি দেয়।পুলিশ এই ছয়জনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে আজ সকাল সাড়ে সাতটার দিকে মাদারীপুর সদরের ঘটকচর এলাকার ইব্রাহিম ওরফে রাজা (৩০) এবং বেলা সাড়ে ১০টার দিকে মাদারীপুরের রাজৈর উপজেলার শ্রীফলতলী গ্রামের উজ্জ্বল কাজীর (৩৪) মৃত্যু হয়।ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বিষয়টি নিশ্চিত করে প্রথম আলো ডটকমকে বলেন, এ ব্যাপারে গিয়াসউদ্দীন খালাসী বাদী হয়ে ডাকাতির মামলা করেছেন। এ ছাড়া গণপিটুনিতে মৃত্যুর বিষয় নিয়ে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা গ্রামবাসীদের আসামি করে মামলা করেছে।