ভাঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে ভাঙ্গা উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কলাপাড়া নামক স্থানে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও সাতজন আহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন ভাঙ্গা উপজেলার মালিগ্রাম শাখার অগ্রণী ব্যাংকের কর্মকর্তা আবুল কালাম (৫৫), মানিকদহ ইউনিয়নের বিলভাড়া গ্রামের শামীম (২২), তুজারপুর ইউনিয়নরে ব্রাহ্মণকান্দা গ্রামের আবদুল লতিফ (৪৫) ও নগরকান্দা উপজেলার কান্দি গ্রামের মোকসেদ তালুকদার (৪৫)।আজ রোববার রাত পৌনে আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে গুরুতর আহত অবস্থায় দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, আজ রাত পৌনে আটটার দিকে উপজেলার কলাপাড়া নামক স্থানে মাওয়া থেকে ভাঙ্গাগামী একটি লোকাল বাসের সঙ্গে পাটবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘষের্র ফলে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে হতাহতের ওই ঘটনা ঘটে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসের চালক পলাতক। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।