ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ ৪ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা, বাসচালকসহ চারজন নিহত ও সাতজন আহত হয়েছে। গতকাল রোববার রাত পৌনে আটটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রামের কলাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন—বাসচালক ভাঙ্গার ব্রাহ্মণকান্দা গ্রামের আবদুল লতিফ (৪৫), মালিগ্রাম অগ্রণী ব্যাংকের দ্বিতীয় কর্মকর্তা ভাঙ্গা পৌর এলাকার শিলাধরচর গ্রামের বাসিন্দা আবুল কালাম (৫৫) ও ব্যাংকের করণিক নগরকান্দা উপজেলার কান্দি গ্রামের মোরশেদ তালুকদার (৪৫) এবং মানিকদহ ইউনিয়নের বিলভরা গ্রামের শামীম (২২)।ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, মাওয়া থেকে ভাঙ্গাগামী সিনহা পরিবহনের একটি লোকাল বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এর ফলে আবদুল লতিফ ও আবুল কালাম ঘটনাস্থলেই নিহত হন। আর চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোরশেদ তালুকদার ও শামীম।উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা করুণা কান্তি দে জানান, আহতদের মধ্যে গুরুতর দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।ভাঙ্গা থানা সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত বাসের মালিক আজিম খান বাদী হয়ে এ ব্যাপারে একটি মামলা করেছেন। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পলাতক রয়েছেন।