ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গতকাল শনিবার হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এ সময় ওয়ার্ড আওয়ামী লীগের নেতা নওশের আলী (৪৫) নিহত হয়েছেন। পুলিশ, সাংবাদিকসহ আহত হয়েছেন অর্ধশত। পুলিশ লাঠিপেটা, ১০৯টি গুলি ও ১২টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হেফাজতের ১১ জন কর্মীকে আটক করা হয়েছে। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় যুবলীগ-শ্রমিক লীগের নেতা-কর্মীদের সঙ্গে হেফাজতের ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। এ সময় অন্তত পাঁচজন আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সোয়া আটটার দিকে জেলার নগরকান্দা উপজেলা থেকে ভাঙ্গার মনসুরাবাদ মোড় হয়ে শতাধিক নছিমন, ৮-১০টি পিকআপ ও ২০-২৫টি মোটরসাইকেলে করে হেফাজতের কর্মী-সমর্থকেরা ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা পৌরসভার সামনে এসে নামেন। উপজেলা আওয়ামী লীগ আগে থেকেই বাঁশ দিয়ে মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। সকাল পৌনে নয়টার দিকে পুলিশের সঙ্গে আলোচনা করে হেফাজতের কর্মীরা অবরোধ উপেক্ষা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে আওয়ামী লীগের সমর্থকেরা তাঁদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে দুই পক্ষে সংঘর্ষ বেধে যায়। প্রথমে হেফাজতের কর্মীরা পিছু হটেন। পরে সংঘবদ্ধ হয়ে আওয়ামী লীগের সমর্থকদের ওপর হামলা চালান। এবার আওয়ামী লীগের সমর্থকেরা পিছু হটেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা করে ও নয়টি ফাঁকা গুলি চালায়। হেফাজতের সমর্থকেরা ভাঙ্গা উপজেলায় পশ্চিম হাশামদিয়ায় আমার দেশ পত্রিকার প্রতিনিধি রাহাত বেগ, মো. জিয়া, দুর্জয় শেখ ও অসিমের বাড়িতে হামলা ও ভাঙচুর চালান। এরপর পৌরসভার সামনে রাজন স্টোরে হামলা চালান এবং পৌরসভার মধ্যে থাকা দুটি বাস ভাঙচুর করেন। পরে হেফাজতের সমর্থকেরা মহাসড়কের পাশে মাদানীনগর মাদ্রাসা ও এতিমখানায় অবস্থান নেন।পরে বেলা ১১টার দিকে আওয়ামী লীগের সমর্থকেরা সংঘবদ্ধ হয়ে ধারালো ও দেশি অস্ত্র নিয়ে মাদানীনগর মাদ্রাসা ও এতিমখানায় হামলা চালান। এ সময় হেফাজতের কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে তাঁরা সংঘবদ্ধ হয়ে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে পাল্টা হামলা চালান। এ সময় আওয়ামী লীগের নেতা নওশের আলী পড়ে গেলে হেফাজতের কর্মীরা লাঠি, রড দিয়ে পিটিয়ে তাঁকে গুরুতর আহত করেন। সেখান থেকে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোবাহান মুন্সী বলেন, নিহত নওশের ২ নম্বর নাসিরাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।সংঘর্ষের একপর্যায়ে হেফাজতের কর্মীরা বোমা ফাটিয়ে আওয়ামী লীগের সমর্থকদের হটিয়ে ভাঙ্গা চৌরাস্তার মোড়ে অবস্থান নেন। এ সময় তাঁরা মোড়ের আশপাশের দোকান, স্থাপনা ও পুলিশ বক্সে ভাঙচুর চালান। পরে ফরিদপুর থেকে দাঙ্গা পুলিশ ও র্যাব এসে লাঠিপেটা, প্রায় ১০০ গুলি ও ১২টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় হেফাজতের কর্মীদের কিছু নগরকান্দা, কিছু মাওয়া ঘাট এবং কিছু সদরপুরের দিকে চলে যান। সংঘর্ষে সাতজন পুলিশ, জিটিভির জেলা সাংবাদিক মনির হোসেনসহ অর্ধশত হন। ভাঙ্গা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদসহ পাঁচজনকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আরও ১৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ভাঙ্গা থানার পরিদর্শক বেলায়েত হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০৯টি গুলি ও ১২টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়। সংঘর্ষের ঘটনায় পুলিশ ১১ জনকে আটক করেছে। তাঁদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জের ফতুল্লার বাসিন্দা ভাঙ্গার দাড়িয়ারমাঠ মাদ্রাসার ছাত্র এমদাদুল হক (২২), সালথা উপজেলার পুরুরা গ্রামের নিজাম উদ্দিন (৪৮), ভাঙ্গার বাররা গ্রামের হাবিবুর রহমান (৪৪), সালথার গোপালীয়া গ্রামের ইমাম হোসেন (৩০), গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সড়ইকান্দা গ্রামের ইয়ার আলী (৫৫)।ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, পুলিশ ও নিহত ব্যক্তির পরিবারের পক্ষে আলাদা মামলার প্রস্তুতি চলছে। নিহত নওশেরের দুই ছেলে ও এক মেয়ে। বড় ছেলে উৎসব আলী (১৪) সপ্তম ও ছোট ছেলে উচ্ছ্বাস (১২) ষষ্ঠ শ্রেণীতে পড়ে। মেয়ে আজমেরী (৯) চতুর্থ শ্রেণীর ছাত্রী। রাজনীতির পাশাপাশি তিনি ব্যবসা করেন। নওশেরের স্ত্রী রহিমা আক্তার শিউলি জানান, সকাল সাতটার দিকে নওশের একজনের কাছ থেকে ধার বাবদ নেওয়া ৩০ হাজার টাকা পরিশোধ করবেন বলে বাড়ি থেকে বের হন। তিনি সেই টাকা পরিশোধ করার আগেই সংঘর্ষে নিহত হন। তাঁর কাছ থেকে সেই ৩০ হাজার টাকা খোয়া যায়। নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা এলাকায় সকাল সাড়ে নয়টার দিকে হেফাজতের কর্মীদের সঙ্গে যুবলীগ-শ্রমিক লীগের নেতা-কর্মীদের বাগিবতণ্ডা ও হাতাহাতি হয়। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হন। রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান দাবি করেন, হেফাজতের কর্মীরা ফুটপাতের লোকদের সঙ্গে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে এ ঘটনা ঘটে। সেখানে যুবলীগ-শ্রমিক লীগের কেউ ছিলেন না।হেফাজতের নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক ও শহরের ডিআইটি রেলওয়ে জামে মসজিদের ইমাম আবদুল আউয়াল জানান, সরকারের উসকানিতে লংমার্চে আসতে বিভিন্ন স্থানে বাধা দেওয়া হয়েছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুর রহমান বলেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভুল-বোঝাবুঝিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।