পাবনার ভাঙ্গুড়া উপজেলার বড়াল ব্রিজ স্টেশনের পাশে বাংলাদেশ রেলওয়ের নয় হাজার বর্গফুট জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। কৃষিকাজের জন্য কিছু জমি ইজারা নিয়ে পরবর্তী সময়ে দখল বাড়িয়ে এ কাজ করা হচ্ছে।পাবনা-৩ আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ (ভাঙ্গুড়া-ফরিদপুর) মকবুল হোসেনের ছেলে গোলাম হাসনায়েন ওরফে রাসেলের প্রত্যক্ষ মদদে ও অংশীদারত্বে মার্কেট নির্মাণের কাজ চলছে বলে স্থানীয় ব্যক্তিরা অভিযোগ করেছেন। রেল কর্তৃপক্ষ বলছে, ইতিমধ্যে দখলদারদের উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। তাঁরা স্বেচ্ছায় সরে না গেলে শিগগিরই উচ্ছেদ অভিযান চালানো হবে।পশ্চিমাঞ্চল রেলের পাকশী ভূসম্পত্তি বিভাগ ও স্থানীয় ব্যক্তিদের সূত্রে জানা গেছে, ভাঙ্গুড়া উপজেলা সদরের বড়াল ব্রিজের পাশে চৌবাড়িয়া মৌজায় পশ্চিমাঞ্চল রেলওয়ের বেশ কিছু জমি অব্যবহূত রয়েছে। ২০০৯ সালের ৮ নভেম্বর স্থানীয় বাসিন্দা মো. ফজলুর রহমান এই জমি থেকে ২৫২৩ দাগের চার হাজার ৩৬০ বর্গফুট (১০ শতাংশ) কৃষিজমি হিসেবে ইজারা নেন। চুক্তি অনুযায়ী, ইজারা নেওয়া জমিতে তাঁর কৃষিকাজ করার কথা। কিন্তু গত বছরের ডিসেম্বর মাসে ফজলুর রহমানের সঙ্গে পাবনা-৩ আসনের সাংসদ মকবুল হোসেনের ছেলে রাসেল, ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলামসহ আওয়ামী লীগের কয়েকজন নেতা একত্র হয়ে ওই জমি ভরাট করতে শুরু করেন। তাঁরা চার হাজার ৩৬০ বর্গফুট জমির দখল বাড়িয়ে নয় হাজার বর্গফুট দখলে নেন। পরে সেখানে ৪৫০ ফুট দৈর্ঘ্য ও ২০ ফুট প্রস্থ একটি মার্কেট নির্মাণ শুরু করেন।গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, নির্মাণাধীন মার্কেটের প্রায় ৯০ শতাংশ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। ইট-সিমেন্টের দেয়াল তুলে ওপরে টিন দিয়ে তৈরি করা হয়েছে ৩৮টি দোকানঘর।স্থানীয় ব্যক্তিরা জানান, শুরু থেকেই মার্কেট নির্মাণের সঙ্গে সাংসদের ছেলে রাসেলের অংশগ্রহণ লক্ষ করা গেছে। তিনি বহুবার নির্মাণকাজ পরিদর্শনে এসেছেন। মার্কেটের প্রতিটি দোকানের বিক্রয়মূল্য ধরা হয়েছে তিন লাখ টাকা। প্রথম পর্যায়ে স্থানীয় ব্যক্তিদের অনেকেই দোকান কেনায় আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু পরে তাঁরা দখলের বিষয়টি জানতে পেরে আগ্রহ হারান। তাই মার্কেটের অধিকাংশ দোকান এখনো অবিক্রীত রয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা পরিষদের একজন জনপ্রতিনিধি প্রথম আলোকে বলেন, সম্প্রতি উপজেলা পরিষদের এক সভায়ও বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত সদস্যরা সাংসদের ছেলের জমি দখলের বিষয়টি তুলে ধরে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। জানতে চাইলে সাংসদের ছেলে রাসেল বলেন, ‘এই মার্কেট নির্মাণের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। তবে যাঁরা নির্মাণকাজ করছেন, তাঁরা আমার পরিচিত। নির্মাণকাজের সময় আমার ইট ভাটা থেকে আমি তাঁদের কাছে ইট বিক্রি করেছি।’মার্কেটের অপর মালিক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম বলেন, ‘জমিটি পরিত্যক্ত ও গর্তময় ছিল। আমরা প্রায় ৫০ লাখ টাকা খরচ করে তা ভরাট করেছি। রেল কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই মার্কেট নির্মাণের কাজ শুরু করা হয়। কিন্তু এখন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।’জমির ইজারাদার ফজলুর রহমান বলেন, ‘জমিটির চার হাজার ৩৬০ বর্গফুট আমার নামে ইজারা নেওয়া আছে, এটা ঠিক। কিন্তু নয় হাজার বর্গফুটের এই মার্কেটের মালিক আমি নই। মার্কেটটি আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা তৈরি করেছেন।’যোগাযোগ করা হলে পশ্চিমাঞ্চল রেলের পাকশী কার্যালয়ের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা কিরণ চন্দ্র রায় প্রথম আলোকে বলেন, ‘সম্পূর্ণ অবৈধভাবে মার্কেটটি নির্মাণ করা হয়েছে। আমরা তাঁদের বহুবার নিষেধ করা সত্ত্বেও কাজ বন্ধ করেনি। সর্বশেষ গত ৪ মে তাঁদের উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে ৩০ দিনের মধ্যে রেল কর্তৃপক্ষকে জমির দখল বুঝিয়ে দেওয়ার নির্দেশ ছিল। কিন্তু তাঁরা সে নির্দেশও মানেননি। এখন যেকোনো দিন আমরা উচ্ছেদ অভিযান চালিয়ে জমিটি দখলে নেব।’