‘মরা গোনে ভাটায় শুরু হয়, আর ভরা গোনে স্কুল একেবারেই বন্ধ করে দেওয়া হয়। মরা গোনে পানি কম ওঠে বলে তখন ভাটার সময় আবার স্কুল শুরু করি, আবার জোয়ার শুরু হলে স্কুল ছুটি দিতে বাধ্য হই। ভরা গোনে পানির চাপে রাস্তাঘাট সব একাকার হয়ে যায়, তখন আর ছেলেমেয়েরা স্কুলে আসতে পারে না। তাই সে সময় কোনো ঘোষণা ছাড়াই স্কুল বন্ধ হয়ে যায়।’ খুলনার আইলা-বিধ্বস্ত কয়রা উপজেলার পল্লী মঙ্গল রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল মালেক তাঁর বিদ্যালয়ের শিক্ষার বর্তমান অবস্থার বর্ণনা দিতে গিয়ে এসব কথা বলেন। তিনি জানান, বিদ্যালয়ের ১৬৭ জন শিক্ষার্থীর মধ্যে বর্তমানে উপস্থিতির সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গেছে। অভিভাবকেরা তাঁদের ছেলেমেয়েদের নিরাপত্তার কথা ভেবে বিদ্যালয়ে আসতে দিতে চাচ্ছেন না। কয়রা উপজেলার ১৩১টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থার বর্তমান চিত্র এই।কয়রা উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার সাতটি ইউনিয়নে সরকারি ৫৪টি, রেজিস্টার্ড ৬১টি, কমিউনিটি ১১টি ও অনুমতিপ্রাপ্ত পাঁচটি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। আইলার আগে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতির হার সন্তোষজনক থাকলেও বর্তমানে জোয়ারের পানি ওঠানামার কারণে বাঁধ, রাস্তা ও স্কুল তলিয়ে যাওয়ায় উপস্থিতির হার অনেকাংশে হ্রাস পেয়েছে।আইলার জলোচ্ছ্বাসে উপজেলার মঠবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র ভবনের বেশির ভাগ অংশ ধসে গেছে। এ ভবন মেরামত না হওয়ায় বিকল্প হিসেবে একটি বাড়িতে পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদুল্লাহ জানান, ধসে যাওয়া শ্রেণীকক্ষের মধ্যে বাচ্চাদের ঝুঁকি নিয়ে পাঠদান করানো নিরাপদ নয় বলেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিদ্যালয়ের ১৪৭ জন শিক্ষার্থীর মধ্যে বর্তমানে অর্ধেকেরও কম উপস্থিত হচ্ছে।সেরাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র মো. রফিক বলে, ‘সোমাপুনি পরীক্ষা সামনে, তাই স্কুলি আসতি হতিছে। রাস্তাঘাট সব তলি গিছে, বাড়িত্তে নৌকোয় করে স্কুলি আসতি হয়। স্কুলি না আসলি রেজাল্ট ভালো হবি কি কইরে।’ ওই বিদ্যালয়ের একই শ্রেণীর ছাত্রী রেশমা আক্তার বলে, ‘পেরায় দুই মাইল দূর তে কাদা পানি মাড়াই তারপর স্কুলি আসতি হয়। তয় জোয়ার আলিপর সব ছাত্রছাত্রী ভয় পাইয়ে বাড়ি চলি যায়।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজলী সরকার জানান, আইলার জলোচ্ছ্বাসে বিদ্যালয়ের চারটি শ্রেণীকক্ষ নষ্ট হয়ে গেছে। বর্তমানে কোনো রকমে বাঁশের খুঁটি দিয়ে একচালা টিনের তিনটি ঘরে পাঠদান চালানো হচ্ছে। জোয়ার-ভাটার কারণে প্রতিনিয়ত স্কুলের সময়সূচিরও পরিবর্তন করা হচ্ছে। জোয়ারের পানি বেশি বৃদ্ধি পেলে কোনো কোনো দিন স্কুল বন্ধ রাখতে হয়।উপজেলার ভাঙনকবলিত পবনা এলাকার পূর্ব মঠবাড়ি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাণকৃষ্ণ মণ্ডল বলেন, ভাঙনের কবলে পড়ে স্কুলের এখন আর কোনো চিহ্ন নেই। আইলার প্রায় তিন মাস পর বেড়িবাঁধের ওপর তাঁবু টাঙিয়ে পাঠদানের ব্যবস্থা করা হলেও ছাত্রছাত্রীদের উপস্থিতি অনেক কমে গেছে। আইলার কারণে সব উপজেলার প্রাথমিক শিক্ষাব্যবস্থা একেবারেই বেহাল হয়ে পড়েছে। এ কারণে এবারের প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফলে বিপর্যয় আসতে পারে।কয়রা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, আইলার কারণে কয়রা উপজেলার প্রাথমিক শিক্ষাব্যবস্থা সাময়িকভাবে বিঘ্নিত হলেও বর্তমানে বিকল্প ব্যবস্থায় শিক্ষাকার্যক্রম চালিয়ে নেওয়া হচ্ছে। এখন উপস্থিতি কয়েক মাস আগের চেয়ে বেড়েছে। কয়রা ২০০৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় খুলনা জেলার মধ্যে সম্মানজনক অবস্থায় ছিল। তবে এবার কেমন হবে তা নিয়ে সংশয়ে আছি।স্থানীয় (কয়রা-পাইকগাছা) সাংসদ সোহরাব আলী প্রথম আলোকে বলেন, আইলায় বিধ্বস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখনো পুরোপুরি মেরামত করা সম্ভব হয়নি। আসছে শুষ্ক মৌসুমে বাঁধ মেরামতের পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সংস্কার করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা হবে। এ মুহূর্তে আইলা এলাকার শিক্ষার্থীরা খুব কষ্টে রয়েছে। দ্রুত বিধ্বস্ত বিদ্যালয়গুলো পুনর্নির্মাণ করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।